ETV Bharat / bharat

'গাছ লাগান, জল সংরক্ষণ করুন'; পড়ুয়াদের পরামর্শ মার্গদর্শীর এমডি শৈলজা কিরণের

অন্ধ্রপ্রদেশের পেদ্দাপুরমে শ্রী প্রকাশ সিনার্জি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্রদের একাধিক বিষয়ে অনুপ্রেরণা জোগান বিশেষ অতিথি তথা মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণ ৷

MARGADARSI MD SAILAJA KIRON
মার্গদর্শীর এমডি শৈলজা কিরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 11, 2026 at 5:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 11 জানুয়ারি: গাছ লাগান, প্রাণ বাঁচান ৷ দূষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ শুধু দূষণ নয়, খড়া থেকেও মুক্তি পাওয়া যায় গাছের সাহায্যে ৷ পরিবেশ ও জীববৈচিত্র্যের মধ্যে সমতা বজায় রাখতে গাছের গুরুত্ব অপরিসীম ৷ গুরুত্বপূর্ণ এই বিষয়টি অন্ধ্রপ্রদেশের পড়ুয়াদের বোঝালেন মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণ ৷ তাঁর কথায়, "পরিবেশের খেয়াল রাখা আমাদের দায়িত্ব ৷"

শনিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনারা জেলার পেদ্দাপুরম এলাকায় শ্রী প্রকাশ সিনার্জি স্কুলের 18তম প্রতিষ্ঠা দিবসে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন শৈলজা কিরণ ৷ অনুষ্ঠানের বক্তব্যে, একাধিক ক্ষেত্রে পড়ুয়াদের অনুপ্রেরণামূলক উপদেশ দেন তিনি ৷ সেই সঙ্গে পরিবেশ রক্ষায় একটি গাছের গুরুত্বপূর্ণ ভূমিকার ব্যাখ্যা দেন তিনি ৷ বলেন, "মার্গদর্শীর উদ্যোগে আমরা প্রায় 1 লক্ষ গাছ রোপণ করেছি ৷ আমি পড়ুয়াদের বলবো, পুরো জীবনে কমপক্ষে 100টি গাছ রোপণ করো ৷" শৈলজা জানান, আজ একটি গাছ রোপণ করলে দশকের পর দশক ধরে তার সুফল পাওয়া যাবে ৷

MARGADARSI MD SAILAJA KIRON
শৈলজা কিরণকে সম্মানিত করছেন স্কুল কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

গাছের পাশাপাশি এদিন পড়ুয়াদের জলের গুরুত্ব বোঝান মার্গদর্শী চিটফান্ডের এমডি ৷ জলের অপর নাম জীবন কেন ? সেই সম্পর্কে বলতে গিয়ে তিনি পড়ুয়াদের জল সংরক্ষণের আহ্বান জানান । তিনি বলেন, "আমরা একটি স্লোগান শুনি— 'জল বাঁচান! জীবন বাঁচান!'... এটা কি শুধু একটা স্লোগান? জল ছাড়া একটি দিনের কথা কল্পনা করুন । কোনও খাবার থাকবে না, কোনও জীবন থাকবে না । এই জন্যই জলের প্রতিটি ফোঁটা গুরুত্বপূর্ণ ।"

শৈলজা কিরণ আরও জানান, রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শ্রী রামোজি রাও মূল্যবোধ, সংস্কৃতি এবং সম্পর্কের উপর গুরুত্ব দিতেন । বই পড়ে মূল্যবোধের পাঠ পাওয়া যায় না ৷ বড়দের সম্মান করে এবং তাঁদের জীবনের শিক্ষার সারমর্ম উপলব্ধি করার মাধ্যমেই তা শেখা যায় বলে জানান তিনি ৷ তাঁর কথায়, বাবা, মা, শিক্ষক, কৃষক, সেনা এবং সাফাইকর্মী-​ ​সকলকে সম্মান করা উচিত । তিনি বলেন, "শিক্ষা আমাদের কীভাবে বাঁচতে হয় তা শেখায়, কীভাবে উপার্জন করতে হয়, তা নয় ।"

এদিনের এই অনুষ্ঠানে শৈলজা কিরণের পাশাপাশি শ্রী প্রকাশ এডুকেশনল সোসাইটির চেয়ারম্যান কে কেশবরাও এবং শ্রী প্রকাশ সিনার্জি স্কুলের ডিরেক্টর সিএইচ বিজয়প্রকাশ-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

পড়ুন: নারীদের সম্পর্কে ধারণা বদলানো দরকার সমাজের, মত মার্গদর্শী চিটফান্ডের এমডি শৈলজা কিরণের