চাইবাসায় পাহাড়ি নদী পেরোতে গিয়ে স্রোতে ভেসে গেলেন অনেকে, মিলল 2 দেহ
শ্মশান থেকে ফেরার সময় হেঁটে পাহাড়ি কুইলি নদী পার করছিলেন গ্রামবাসীরা ৷ সেই সময় নদীর জল বেড়ে যাওয়ায় বিপত্তি ৷

Published : August 31, 2026 at 1:51 PM IST
চাইবাসা, 31 অগস্ট: হেঁটে পাহাড়ি নদী পারাপারের সময় বিপত্তি ৷ হঠাৎ করে জলস্তর বেড়ে যাওয়ায় নদীর স্রোতে ভেসে গেলেন বহু মানুষ ৷ ঘটনায় দু’জনের দেহ উদ্ধার হলেও, অনেকে এখনও নিখোঁজ রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চাইবাসা জেলার সারান্ডার বাহদা গ্রামে ৷ জানা গিয়েছে, রবিবার রাতে শ্মশান থেকে ফিরছিলেন সকলে ৷ সেই সময় পাহাড়ি কুইলি নদীতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷
শ্মশান থেকে গ্রামে ফেরার পথেই পড়ে পাহাড়ি কুইলি নদী ৷ অল্প জল থাকায় গ্রামবাসীরা হেঁটে নদী পার করছিলেন ৷ কিন্তু, সেই সময় পাহাড়ের উপর থেকে তীব্র জলস্রোত নেমে আসে ৷ অন্ধকারে কিছু বোঝার আগেই জলস্তর বেড়ে যায় এবং তীব্র স্রোতে লোকজন ভেসে যান ৷ ঘটনার পর গ্রামবাসীরা ভেসে যাওয়া লোকজনের খোঁজ শুরু করেন ৷ তল্লাশিতে ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে এক মহিলার দেহ উদ্ধার হয় ৷ পরবর্তী সময়ে বোসেন সিধু নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে ৷
এই ঘটনায় রাতভর উদ্ধার কাজ চালাচ্ছে চাইবাসার প্রশাসন ৷ পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে নামলেও, আর কারও খোঁজ মেলেনি ৷ অন্যদিকে, অন্ধকার ও লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হয় ৷ জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে সুনিতা সিধু নামে এক মহিলা রয়েছেন ৷ তাঁর স্বামী বামিয়া সিধুও শ্মশান ফেরত লোকজনের সঙ্গে ছিলেন ৷ তবে, তিনি কোনও মতে সাঁতরে পাড়ে উঠে আসেন ৷
এই ঘটনা নিয়ে জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "উদ্ধার কাজ লাগাতার চলছে ৷ পুলিশ ও উদ্ধারকারী দল নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷ আবহাওয়া প্রতিকূল হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে ৷ তবে, প্রবল স্রোত থাকায় নদীতে নেমে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না ৷ নদী তীরবর্তী এলাকাগুলিতে তল্লাশি চালানো হচ্ছে ৷"
নেপালে ভয়াবহ হড়পা বানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ৷ এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ ৷ এই পরিস্থিতিতে দুর্গম আবহাওয়ার মধ্যে পাহাড়ি এলাকার নদীগুলি পারাপারের ঝুঁকি না-নেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন ৷

