পাহাড়ি রাস্তায় বাঁক নিতেই খাদে পড়ল গাড়ি, মৃত 18
পিকআপ ভ্যান খাদে পড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ইতিমধ্যেই 18 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷

Published : December 11, 2025 at 6:46 PM IST
আঞ্জাও (অরুণাচল প্রদেশ), 11 ডিসেম্বর: পাহাড়ি রাস্তা বাঁক নিতেই এক হাজার মিটার গভীর খাদে পড়ে যায় পিকআপ ভ্যান ৷ মৃত্যু হয়েছে 18 জনের ৷ এখনও নিখোঁজ তিন ৷ মৃতরা সকলেই অসমের তিনসুকিয়া জেলার ৷
গত 8 ডিসেম্বর অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার হায়ুলিয়াং এবং চাগলাগামের মাঝামাঝি দুর্গম রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলঘেরা ওই খাদে পড়ে যায় গাড়িটি ৷ ওইদিন রাতে দুর্ঘটনাস্থল থেকে এক ব্যক্তি কোনওক্রমে বেঁচে যান ৷ তিনি 10 ডিসেম্বর রাতের দিকে চিপ্রা জিআরইএফ ক্যাম্পে পৌঁছে খবর দেন ৷ তারপর খবরটি সামনে আসে ৷
বৃহস্পতিবার জেলাপ্রশাসনের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অন্তত 18 জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও তিন জন নিখোঁজ ৷ ওই এলাকাটি এতটাই দুর্গম যে, উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে ৷ মৃতরা সকলেই অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা ৷ সংবাদসংস্থা পিটিআই-কে লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত দুর্ঘটনায় জীবিত এক ব্যক্তির বয়ান উল্লেখ করে জানিয়েছেন, ঘটনাটি গত 8 ডিসেম্বরের ৷ পাহাড়ি রাজ্যটির পূর্বাঞ্চলের আঞ্জাও জেলার হায়ুলিয়াং-চাগলাগাম রাস্তা দিয়ে একটি পিক-আপ ভ্যানে করে তিনসুকিয়া জেলার 22 জন শ্রমিক কাজে যাচ্ছিলেন। তখনই 1000 ফুট গভীর খাদে পড়ে যায় গাড়িটি ৷
A major Search & Rescue operation has been launched by #IndianArmy in higher reaches of Chaglagam, #ArunachalPradesh. The effort was launched after a civilian vehicle carrying 22 workers from Tinsukia fell off a cliff near KM 40. Multiple rescue columns have been deployed with… pic.twitter.com/m5HbRO2iJp
— SpearCorps.IndianArmy (@Spearcorps) December 11, 2025
তিনি আরও জানান, আজ সকাল 11টা নাগাদ আম খবর পৌঁছয় ৷ দুর্ঘটনাস্থলটি চাগলাগাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে একটি দুর্গম এলাকায় অবস্থিত ৷ ওখানে যোগাযোগ ব্যবস্থা সীমিত। জীবিত ব্যক্তিই তাঁদেরকে খবর দেন ও তার আগে কোনও স্থানীয় সংস্থা, ঠিকাদার বা অন্য কোনও প্রতিনিধি এই দুর্ঘটনা সম্পর্কে অবহিত করেননি ৷ এখনও পর্যন্ত 18টি দেহ শনাক্ত করা হয়েছে ৷ খাদের নীচ থেকে দড়ি দিয়ে টেনে দেহগুলিকে উদ্ধার করা হচ্ছে। বাকি তিন জনের খোঁজ চলছে ৷ চিপরা জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে ৷
মহেন্দ্র রাওয়াত আরও জানান, বৃহস্পতিবার ভোরবেলা সেনাবাহিনীর স্পিয়ার কর্পস একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল, মেডিকেল টিম, জিআরইএফ প্রতিনিধি, স্থানীয় পুলিশ, এনডিআরএফ কর্মী এবং হায়ুলিয়াংয়ের এডিসিকে একত্রিত করে।
হায়ুলিয়াংয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আঞ্জাও-য়ের পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন ৷ তিনি ইতমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। জেলা মেডিক্যাল অফিসারকে দেহগুলিকে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ তিনসুকিয়ার সিনিয়র পুলিশ সুপার মায়াঙ্ক কুমার বলেন, "22 জন শ্রমিক একটি ছাত্রাবাস নির্মাণের জন্য অরুণাচল প্রদেশে যাচ্ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন বুধেশ্বর দীপ, কোনওরকমে প্রাণে বেঁচে যান ৷ তিনি বুধবার সকালে তাঁর আত্মীয়দের ফোন করে পথ দুর্ঘটনার বিষয়টি জানান ৷"
মৃতরা হলেন, রাহুল কুমার, সোমির দীপ, অর্জুন কুমার, পঙ্কজ মানকি, অজয় মানকি, বিজয় কুমার, অভয় ভূমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর তাঁতি, ধীরেন চাত্রিয়া, রোজনি নাগ, দীপ গোওয়ালা, রামসেবক সুনা, সোনাটন নাগ, সঞ্জয় কুমার, করণ কুমার এবং জুনাশ মুন্ডা।

