বাস খাদে পড়ে অন্ধ্রে মৃত অন্তত 9, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
শুক্রবার ভোরে 33 জন যাত্রী নিয়ে খাদে পড়ে যায় বাসটি ৷ মৃতদের বাসের ভিতর থেকে কোনওরকমে উদ্ধার করা হয়েছে ৷

Published : December 12, 2025 at 9:09 AM IST
চিন্টুর (অন্ধ্রপ্রদেশ), 12 ডিসেম্বর: 33 জন পুণ্যার্থী নিয়ে ভদ্রাচলমের রামমন্দিরে গিয়েছিল বাসটি ৷ শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলার চিন্টুর-মারেদুমিল্লি ঘাট সড়কের রাজুগরিমেটা মোড়ে খাদে পড়ে যায় লালরঙের বাসটি ৷ খাদে এমনভাবে আটকে গিয়েছে যে যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে স্থানীয় ও প্রশাসনকে ৷ ইতিমধ্যেই 9 জনের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
সংবাদসংস্থা পিটিআইকে পুলিশ সুপার (এসপি) অমিত বরদার বলেন, "আজ ভোর সাড়ে 4টের দিকে দুর্ঘটনাটি ঘটে। যার জেরে অন্ততপক্ষে 9 জন মারা গিয়েছেন ও 22 আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ৷ আমাদের অফিসারদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে সম্ভবত বাসচালক রাস্তার বাঁক দেখতে পাননি ৷ তাই হুড়মুড়িয়ে খাদে পড়ে গিয়েছে বাসটি ৷ বাসযাত্রীদের মধ্যে 6 জন পুরোপুরি সুস্থ রয়েছেন ৷"
প্রশাসনের তরফে জানা গিয়েছে, চিন্টুর জেলার ওই পুণ্যার্থীরা একটি বেসরকারি বাসে তেলেঙ্গানার ভদ্রাচলম রাম মন্দিরে গিয়েছিলেন । সেখানে দর্শন সেরে তাঁরা মারেদুমিল্লি হয়ে অন্নভারমের উদ্দেশে রওনা হন । বাসে চালক ও সহকারী-সহ 35 জন যাত্রী ছিলেন ৷ রাজুগরিমেটা মোড়ে পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । বাস থেকে মৃতদেহগুলি উদ্ধার করতে বেশ অসুবিধা হচ্ছে ৷ বাসটি খাদে পড়ার সঙ্গে সঙ্গে দেহগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ৷ সেগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে ৷ স্থানীয়রাও উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন ৷
Pained by the loss of lives due to a bus mishap in the Alluri Sitharama Raju district of Andhra Pradesh. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) December 12, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF…
ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন এক্স পোস্টে তিনি লেখেন, "অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারাম রাজু জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত । এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে নিহতদের আত্মীয়স্বজনদের জন্য 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে । আহতদের 50,000 টাকা দেওয়া হবে ৷"
স্থানীয় ও আহতযাত্রীদের কথায়, "আমরা পুলিশে খবর দিই ৷ চিন্টুর পুলিশ ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় ৷ আমাদের সঙ্গে যাঁরা বাসে ছিলেন তাঁরা বেশ কিছুজন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় চিন্টুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ভয়াবহ এই বাস দুর্ঘটনার কারণে চিন্টুর-মারেদুমিল্লি ঘাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ।"
అల్లూరి సీతారామరాజు జిల్లా చింతూరు వద్ద జరిగిన యాత్రికుల ప్రైవేటు బస్సు ప్రమాదం తీవ్రంగా కలిచివేసింది. ఈ ప్రమాదంలో పలువురు ప్రాణాలు కోల్పోవడం విచారకరం. ప్రమాదంపై అధికారులతో మాట్లాడాను, బాధితులకు అందుతున్న సాయంపై వివరాలు తెలుసుకున్నాను. క్షతగాత్రులకు మెరుగైన వైద్య సాయం అందేలా…
— N Chandrababu Naidu (@ncbn) December 12, 2025
বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আল্লুরি জেলায় বাসটি খাদে পড়ে যাওয়ার কারণে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘটনা হৃদয়বিদারক ৷ আমি দুর্ঘটনার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদানের বিষয়ে খবরাখবর নিয়েছি । আহতদের যাতে উন্নত চিকিৎসা দেওয়া হয় তার সমস্ত সুষ্ঠু ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছি ৷ দুর্ঘটনায় যাঁদের প্রাণ গিয়েছে, সরকার সেই পরিবারগুলির পাশে রয়েছে ৷"

