ETV Bharat / bharat

খাবার সময় বচসা, দোলের দিন রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন

স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি নতুন নয় ৷ এমনই খুঁটিনাটি বিষয়ে গোলমাল প্রায়শই বাধে দম্পতির মধ্যে ৷ কিন্তু এমন নৃশংস পরিণতি কেউ ভাবেনি ৷

Murder
হোলির দিনে স্ত্রীকে খুন করল স্বামী (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 4, 2026 at 6:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ভুবনেশ্বর, 4 মার্চ: দোলের দিন রাতে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে ৷ পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে জানা গিয়েছে ৷ মৃতার নাম সাবিত্রী মল্লিক (30) ৷

প্রত্যেককে যখন রং খেলার আনন্দে বিভোর, তখনই এমন একটি ঘটনায় শোকের ছায়া এলাকায় ৷ অভিযুক্ত স্বামী পূর্ণচন্দ্র মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মৃতের ক্ষতবিক্ষত দেহ ময়নাতদন্তের জন্য ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এদিনই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ সাবিত্রীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ভরতপুর পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পূর্ণচন্দ্রের বাড়ি নয়াগড় জেলার ফেটাগড় এলাকায় ৷ গত কয়েক বছর ধরে সে স্ত্রীকে নিয়ে ফুলেশ্বরী বস্তিতে বসবাস করে ৷ গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ স্বামী ও স্ত্রীর মধ্যে বচসা বাধে ৷ তখন তারা রাতের খাবার খাচ্ছিল ৷ খাওয়ার সময় কোনও বিষয়ে মতানৈক্য হওয়ায় গোলমালের সূত্রপাত ৷

পরে বচসা ভয়াবহ অশান্তিতে রূপান্তরিত হয় ৷ থামার বদলে তা ক্রমাগত বাড়তে থাকে ৷ একসময় দু'জনেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ৷ অভিযোগ, পূর্ণচন্দ্র ও সাবিত্রী দু'জনেই দু'জনের উদ্দেশে আপত্তিকর কথাবার্তা বলতে থাকে ৷ দু'জনের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ এই সময় পূর্ণচন্দ্র প্রচণ্ড রেগে যায় এবং রাগের বশে ঘর থেকে একটি ধারালো ছুরি নিয়ে এসে অতর্কিতে সাবিত্রীর উপর চড়াও হয় ৷

রাস্তার মধ্যেই স্ত্রী সাবিত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে পূর্ণচন্দ্র ৷ দম্পতির চিৎকার চেঁচামেচি শুনে পাড়া-প্রতিবেশীরা রাস্তায় বেরিয়ে আসে ৷ পাড়ায় ভিড় জমে যায় ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পূর্ণচন্দ্রকে হাতেনাতে ধরে ফেলে ৷

গুরুতর জখম রক্তাক্ত সাবিত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে ৷ ভরতপুর থানার পুলিশ আধিকারিক রাজেন্দ্র পটনায়েক জানান, কোনও কারণে দম্পতির মধ্যে গোলমাল বেধেছিল ৷ সেখান থেকেই এই দুর্ঘটনা ৷ অভিযুক্ত স্বামী পূর্ণচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে ৷ খুনে ব্যবহৃত ছুরিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷