5 সন্তানকে সঙ্গে নিয়ে চরম পদক্ষেপ ! মৃত 3 নাবালিকা ও বাবা
গত জানুয়ারিতে অমরনাথের স্ত্রীর মৃত্যু হয় ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তারপর থেকে চরম আর্থিক সঙ্কটে ভুগছিল পরিবারটি ৷ সেই থেকে এই ঘটনা ৷

Published : December 15, 2025 at 5:38 PM IST
মুজাফ্ফারপুর, 15 ডিসেম্বর: বাড়িতে চরম আর্থিক অনটন ! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে চরম পদক্ষেপ 40 বছর বয়সি এক ব্যক্তি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 3 নাবালিকা ও বাবার ৷ বেঁচে গিয়েছে 2 ছেলে ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে বিহারের মুজাফ্ফরপুরে ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে ৷ পরে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে চিৎকার শুরু করে মৃতের 2 নাবালক ছেলে ৷ আর তাতেই ঘটনাটি সম্পর্কে গ্রামবাসীরা জানতে পারেন ৷ বাচ্চাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত হন তাঁরা ৷ খবর দেওয়া হয় সাকরা থানায় ৷
এরপর সাকরা থানার পুলিশকর্মীরা এসে 4 জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান ৷ নমুনা সংগ্রহের জন্য ডেকে পাঠানো হয় ফরেন্সিক দলকেও ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গুরুতর আর্থিক সঙ্কটে ভুগছিল পরিবারটি ৷ এমনকী, মৃত ব্যক্তির কোনও চাকরিও ছিল না ৷ সাকরা থানার পুলিশের এক শীর্ষ কর্তা বলেন, "মূলত চরম আর্থিক অনটন থেকেই এই পদক্ষেপ করেন ব্যক্তি বলে মনে করা হচ্ছে ৷ তবে ঘটনার সঙ্গে অন্য কোনও কারণ জড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"
স্থানীয়রা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ওই ব্যক্তির স্ত্রী মারা যান ৷ স্বাভাবিকভাবেই 5 সন্তানের লালন পালনের যাবতীয় দায়িত্ব গিয়ে বর্তায় বাবার কাঁধে ৷ স্থানীয় বাসিন্দা রমাশিস বলেন, "জানুয়ারি মাসে স্ত্রী'র মৃত্যু হয় ৷ এরপর থেকে চরম আর্থিক সঙ্কটে ভুগছিলেন ওই ব্যক্তি ৷ সেই সঙ্গে 5 সন্তানের দায়িত্ব ৷ সবমিলিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তিত ছিলেন তিনি ৷"
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মৃত ব্যক্তির নাম অমরনাথ রাম (40)। তাঁর মৃত তিন মেয়ে হল রাধা কুমারী (11), রাধিকা (9) এবং শিবানী (7) ৷ যদিও তাঁর দুই ছেলে শিবম কুমার (6) এবং চন্দন (4) প্রাণে বেঁচে যান । মৃতের কাকা বলেন, "এদিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে দেখি বাচ্চা দু'টি কাঁদছে ৷ কী হয়েছে জিজ্ঞেস করতেই, শিশু দু'টি জানায় তিন মেয়েকে নিয়ে নিজের প্রাণ নিয়েছেন তাদের বাবা ৷" পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে ৷
সম্প্রতি, সন্তানকে সঙ্গে নিয়ে কীটনাশক খান বাংলার এক মহিলা ৷ হুগলির ধনিয়াখালী সোমসপুর এলাকার ঘটনা ৷ মা ও সন্তানকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে প্রায় 6 বছর আগে স্বামীর ঘর ছাড়েন ওই মহিলা ৷ ঘটনার তদন্ত শুরু করে হুগলি পুলিশ ৷

