ETV Bharat / bharat

জাল পাসপোর্ট-সহ কলকাতা থেকে গ্রেফতার পাঁচ আফগান নাগরিক

জাল পাসপোর্টের রমরমা ভারতের বিভিন্ন প্রান্তে ৷ এই অভিযানে কলকাতা থেকে গ্রেফতার হল পাঁচ জন ৷ তারা আফগানিস্তানের নাগরিক ৷

Fake Passport
জাল পাসপোর্টে গ্রেফতার পাঁচ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 8:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জবলপুর, 23 ফেব্রুয়ারি: গতকালই পশ্চিমবঙ্গ থেকে দু’জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ৷ এরপর সোমবার কলকাতা থেকে গ্রেফতার হল আফগানিস্তানের পাঁচ নাগরিক ৷ তাদের বিরুদ্ধে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে ৷ গ্রেফতারির পর মধ্যপ্রদেশ পুলিশের এটিএস স্কোয়াড তাদের জবলপুরের বিশেষ আদালতে পেশ করে ৷

জবলপুরের এসপি সম্পদ উপাধ্যায় এই বিষয়ে কিছু বলতে চাননি ৷ তিনি জানিয়েছেন, এই বিষয়টি এটিএস-এর আওতাভুক্ত ৷ তাই তারাই যা বলার বলবে ৷

2025 সালের অগস্ট মাসে জবলপুরের ঔমতী এলাকা থেকে শোহবত খান নামে এক আফগান নাগরিককে গ্রেফতার করেছিল এটিএস ৷ তার কাছ থেকে কলকাতায় বসবাসকারী এই আফগান নাগরিকদের সম্পর্কে জানতে পারে সন্ত্রাস বিরোধী শাখা ৷ সেখান থেকে জাল পাসপোর্ট তৈরির বিষয়টি জানতে পারে এটিএস ৷

গত বছর অগস্টে সোশাল মিডিয়ায় শোহবত খানের ছবি পোস্ট হয়েছিল ৷ সেখানে তার হাতে AK-47 ধরা ছিল ৷ এই ছবি দেখে জবলপুরের সন্ত্রাস বিরোধী স্কোয়াড তাকে গ্রেফতার করার জন্য বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় ৷ শোহবত জবলপুরের ঔমতী এলাকার কাছে থাকত ৷ এটিএস তাকে গ্রেফতার করলে সে জানায়, জবলপুরে সে তার পাসপোর্ট তৈরি করেছে ৷ এটিএস তখন অন্য সব আফগান নাগরিকদের সম্পর্কে জানতে পারে ৷

শোহবত ছাড়া এটিএস আরও তিনজনকে আটক করেছিল- দীনেশ গর্গ, চন্দন সিং এবং মহেন্দ্র ৷ তারা সবাই জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির কাজে যুক্ত ছিল ৷ আর এভাবে শ'য়ে শ'য়ে পাসপোর্ট তৈরি করে দিয়েছিল ৷ এই সব পাসপোর্টের ঠিকানা ছিল একই- জবলপুরের মতি নালা, তালাব সদর এবং উপরাইনগঞ্জ ৷ এই অভিযুক্তদের জেরা করে এবং তাদের নথিতে থাকা তথ্যের ভিত্তিতে, এটিএস আরও পাঁচ আফগান নাগরিকের তথ্য পায় ৷ তাদের কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে ৷

মধ্যপ্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড কলকাতা থেকে জিয়া উল রেহমান, জাফর খান, সুলতান মহম্মদ, রাজা খান এবং সৈয়দ মহম্মদকে আটক করেছে ৷ রবিবার তাদের জবলপুরের একটি বিশেষ আদালতে হাজির করা হয়েছে ৷ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অভিযুক্তদের মধ্যে একজন, সুলতান মোহাম্মদ, 2018 সালে মেডিক্যাল ভিসায় ভারতে এসেছিল ৷ এখনও ফিরে যায়নি ৷ বাকি চারজন অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ৷ পরে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে ৷ এটিএস সূত্রের খবর, জাল পাসপোর্টের মামলায় স্কোয়াড আরও কয়েকজনকে খুঁজছে ৷ তারা ভুয়ো পাসপোর্ট নিয়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করছে ৷