লাফিয়ে বাড়ছে চিতার সংখ্যা, বতসোয়ানা থেকে কুনো জাতীয় উদ্যানে এল আরও 9টি
আফ্রিকার দক্ষিণ দিকের দেশ বতসোয়ানা থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে 6টি মহিলা ও 3টি পুরুষ চিতাকে নিয়ে আসা হয়েছে ৷

Published : February 28, 2026 at 8:40 PM IST
শেওপুর (মধ্যপ্রদেশ), 28 ফেব্রুয়ারি: বতসোয়ানা থেকে দেশে এল আরও 9টি চিতা ৷ আকাশ পথে আফ্রিকার দক্ষিণ দিকের দেশ বতসোয়ানা থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে এই 9টি চিতাকে নিয়ে আসা হয়েছে ৷ তাদের আপাতত লোকচক্ষুর অন্তরালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ আর এ নিয়ে ভারতে চিতার সংখ্যা বেড়ে হল 48 ৷
এদিন কুনো জাতীয় উদ্যানে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে 6টি মহিলা ও 3টি পুরুষ চিতাকে নিভৃতবাসে পাঠানো হয় ৷ দেশে চিতার সংখ্যা বাড়াতে চার বছর সময় হাতে নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারে ৷ সেই পরিকল্পনা অনুসারে এর আগে আরও দুবার আফ্রিকা থেকে চিতাদের ভারতে নিয়ে আসা হয়েছে ৷
জেলা প্রশাসনের মুখপাত্র অবন্তিকা শ্রীবাস্তব জানান, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে শনিবার সকালে বতসোয়ানা থেকে 9টি চিতাকে প্রথমে নিয়ে আসা হয় গোয়ালিয়রে ৷ সেখান থেকে বায়ুসেনার হেলিকপ্টারে এই চিতাদের জাতীয় উদ্যানে নিয়ে আসা হয় ৷ কুনো জাতীয় উদ্যানে চিতা সংরক্ষণ প্রকল্পের অধিকর্তা উত্তম শর্মা জানান, এর আগে 2022 সালের সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে কয়েকটি চিতাকে এখানে নিয়ে আসা হয় ৷ মাত্র কয়েক মাসের ব্যবধানে 2023 সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে এসে পৌঁছয় বেশ কয়েকটি চিতা ৷ এবার চিতা আনা হল বতসোয়ানা থেকে ৷

তাঁর কথায়, "নতুন করে আরও 9টি চিতাকে দেশে নিয়ে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ ৷ আমরা আশাকরি কেন্দ্রীয় সরকারে সাহায্যে খুব তাড়াতাড়ি ভারতে চিতার সংখ্যা বেড়ে হবে 50 ৷" এর আগে দেশে আসা চিতাদের মধ্যে 36টি কুনো জাতীয় উদ্যানেই আছে ৷ বাকি 3টি আছে অন্যত্র ৷

অতীতে দেশে বিভিন্ন প্রান্তে চিতার দেখা মিলত ৷ তবে সাত দশক আগে ভারত থেকে চিতা বিলুপ্ত হয়ে যায় ৷ সম্প্রতি ভারতে চিতার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয় ৷ সেই সূত্র ধরে বিদেশ থেকে আনা চিতাদের প্রজননের ব্যবস্থাও করা হয় ৷ তার সুফল হিসেবে গত বছর 12টি শাবকের জন্ম হয় ৷ তার মধ্যে 6টি চিতাকে বাঁচানো যায়নি ৷ এবার ফেব্রুয়ারি মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে আরও 9টি চিতা-শাবকের জন্ম হয় ৷ সবমিলিয়ে 2023 থেকে মোট 39টি চিতার জন্ম হয়েছে কুনো জাতীয় উদ্যানে ৷

