এক কোটি টাকারও বেশি মটন সাবাড়, তাও লোকালয়ে হানা দিচ্ছে কুনোর চিতারা
প্রধানমন্ত্রী মোদি তাঁর জন্মদিনে প্রজেক্ট চিতার উদ্বোধন করেছিলেন ৷ তাদের সংখ্যা এখন 32 ৷ চিতাদের লালনপালনে কত খরচ ? কোথা থেকে আসে সেই টাকা ?

Published : February 26, 2026 at 8:33 PM IST
ভোপাল, 26 ফেব্রুয়ারি: তাদের পেট ভরাতে মধ্যাহ্ন ও নৈশভোজন মিলিয়ে কোটি কোটি টাকার ছাগল কেনা হয়েছে ৷ বিধানসভায় এমন তথ্য দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনলাল যাদব ৷ কুনো জাতীয় উদ্যানে বসবাসকারী চিতাদের লালন-পালনে আলাদা করে কোনও বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার ৷ সব মিলিয়ে এখন জাতীয় উদ্যানে 32টি চিতা রয়েছে ৷ তাদের ভরণপোষণে এতদিন 100 কোটিরও বেশি অর্থ খরচ হয়ে গিয়েছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে তাঁর জন্মদিনে কুনো ন্যাশনাল পার্কে কয়েকটি চিতা ছাড়া হয়েছিল ৷ পরে ফের বিদেশ থেকে চিতা এনে সেখানে ছাড়া হয় ৷ এই প্রজেক্ট নিয়ে বিরোধী কংগ্রেসকে আক্রমণ শানিয়েছিলেন তিনি ৷ এখন সেই চিতাদের খাওয়াতে শুধু যে কয়েক কোটির মাংস কিনতে হচ্ছে তাই নয়, তাদের পেট ভরে খেতে না-দেওয়ার অভিযোগও উঠেছে ৷
জাতীয় উদ্যানের মধ্যে খাবার না-পেয়ে এখন আশপাশের গ্রামগুলিতে হানা দিচ্ছে সেই চিতারা ৷ সেখানে গ্রামের গবাদি পশু শিকার করার চেষ্টা করছে ৷ গত ডিসেম্বরে এইভাবে শিকার করতে গিয়ে জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একটি চিতার মৃত্যুও হয়েছে ৷ এদিকে চিতাদের গতিবিধির উপর নজরদারি চালানোর জন্য আলাদা টিম রয়েছে ৷
বিধানসভা অধিবেশনে কংগ্রেস বিধায়ক মুকেশ মালহোত্রা সরকারকে কেন্দ্রীয় সরকারের চিতা প্রজেক্ট নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেছিলেন ৷
- কুনোর চিতাদের জন্য বছরে কত টাকা খরচ হচ্ছে ?
- প্রতিদিন তারা কতগুলি ছাগল খেয়ে থাকে ?
- এখন কুনো জাতীয় উদ্যানে কতগুলি চিতা বাস করে ?
- 2022 সালের 17 সেপ্টেম্বর থেকে কুনোর চিতাদের জন্য ছাগল কিনতে প্রতি বছর 1 কোটি 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ সেই টাকা কি রাজ্য সরকার পাচ্ছে ?
লিখিত জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মোহন যাদব
কংগ্রেস বিধায়কের প্রশ্নগুলির উত্তরে মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব জানিয়েছেন, "কুনো জাতীয় উদ্যানে চিতাদের খাওয়াদাওয়ার জন্য আলাদা কোনও বাজেট বরাদ্দ হয়নি ৷ কিন্তু চিতাগুলির চিকিৎসা, যত্ন- ইত্যাদি খাতে পৃথক পৃথক প্রকল্পে অর্থ দেওয়া হয় ৷ সেই টাকা দিয়ে ছাগলের মাংস কিনে তাদের খাওয়ানো হয় ৷" গত 2024-25 অর্থবর্ষে ছাগলের মাংস কিনতে 1 কোটি 27 লক্ষ 10 হাজার 870 টাকা খরচ হয়েছে ৷

একদিনে চিতারা কতগুলি ছাগলের মাংস খায় ? এমন কোনও নির্দিষ্ট সংখ্যা নেই বলে জানান মুখ্যমন্ত্রী ৷ চিতাদের যেমন প্রয়োজন, সেই অনুযায়ী ছাগলের মাংসের ব্যবস্থা করা হয় ৷ তিনি জানিয়েছেন, এখন কুনো ন্যাশনাল পার্কে 32 টি চিতা রয়েছে ৷
কংগ্রেস বিধায়ক মুকেশ মালহোত্রা আরেকটি প্রশ্ন করেছিলেন, চিতারা কি উদ্যান ছেড়ে আশপাশের গোয়ালিয়র, শিবপুরী, রাজস্থান, মুরৈনা জেলার ভিতরে ঢুকে ঘুরে বেড়াচ্ছে ? তারা কি গ্রামের গবাদি ছাগল, গরু, মোষ শিকার করে নিয়ে যাচ্ছে ? গত বছর 6 ডিসেম্বর ঘাটীগাঁও জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় একটি চিতার মৃত্যু হয় ৷ এর কারণ জাতীয় উদ্যানের ভিতর তাদের খাবারদাবার ঠিক করে দেওয়া হচ্ছে না ৷ তাই তারা উদ্যান ছেড়ে দিয়ে আশপাশের জেলাগুলিতে লোকালয়ে ঢুকে গ্রামে পোষা গবাদি পশু শিকারের চেষ্টা করছে ৷

এই বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ তাঁর বক্তব্য, "কুনো ন্যাশনাল পার্কের খোলামেলা জঙ্গল থেকে কখনও কখনও চিতারা বনের সীমা পেরিয়ে বাইরে বেরিয়ে যায় ৷ কখনও সখনও তারা গ্রামের ছাগল-মোষের শিকার করে ৷" তিনি আশ্বাস দেন, চিতাদের উপর নজরদারির রাখার দল ও তাদের গতিবিধি শনাক্ত করার ট্র্যাকিং দলটি খুবই তৎপর ৷ জাতীয় সড়কে একটি চিতার মৃত্যুর কথাও মেনে নেন মুখ্যমন্ত্রী ৷
বন্যপ্রাণ বিশেষজ্ঞ অজয় দুবের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট চিতা একটা ব্যর্থতা ৷ তিনি বলেন, "চিতা প্রজেক্টের আওতায় দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে চিতা এনে কুনো ন্যাশনাল পার্কে রাখা হয়েছে ৷ তাদের জাতীয় উদ্যানের খোলা জায়গায় রাখার জন্য আনা হয়েছিল, কিন্তু তারা এখন বন্দি ৷ এদিকে চিতাদের কোটি কোটি টাকা দিয়ে ছাগল কিনে খাওয়াতে হচ্ছে ৷ এটাই তো প্রজেক্টের ব্যর্থতা প্রমাণ করে ৷"

