দিল্লি পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার 14 জেএনইউ ছাত্রের জামিন
বৃহস্পতিবার 50 জনের বেশি ছাত্রছাত্রীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ শুক্রবার তাঁদের মধ্যে 14 জনকে জামিন দেয় আদালত ৷

Published : February 27, 2026 at 7:40 PM IST
নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আদালতে স্বস্তি পেল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বিক্ষোভে গ্রেফতার পড়ুয়ারা ৷ বিক্ষোভের সময় গ্রেফতার 14 জন পড়ুয়াকে 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিল পাতিয়ালা হাউস কোর্ট ৷ জেএনইউ ছাত্র ইউনিয়ন (জেএনইউএসইউ) শিক্ষা মন্ত্রকের উদ্দেশে মিছিলের সময় পড়ুয়াদের গ্রেফতার করে পুলিশ ৷ এই ঘটনার পাল্টা বৃহস্পতিবার মোতায়েন থাকা দিল্লি পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ হয়।
সংঘর্যের ঘটনায় 50 জনেরও বেশি ছাত্রছাত্রীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ এদের মধ্যে ছিলেন জেএনইউএসইউ সভাপতি অদিতি মিশ্র, সহ-সভাপতি গোপিকাবাবু, যুগ্ম-সম্পাদক দানিশ আলি, প্রাক্তন সভাপতি নীতিশ কুমার এবং এআইএসএ জাতীয় সভাপতি নেহা ৷
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) এবং জেএনইউএসইউ-সহ ছাত্র সংগঠনগুলির অভিযোগ, পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভের সময় বলপ্রয়োগ করেছে ৷ উপাচার্যের পদত্যাগ, ইউজিসি ইকুইটি নিয়ম বাস্তবায়ন এবং রোহিত আইন প্রয়োগের দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়েছিল ৷
#WATCH दिल्ली: JNU कैंपस से सुबह की वीडियो।
— ANI_HindiNews (@AHindinews) February 27, 2026
JNU स्टूडेंट यूनियन ने कल देर रात UGC के नियमों को लागू करने की मांग को लेकर प्रोटेस्ट किया। दिल्ली पुलिस ने स्टूडेंट्स को कैंपस के अंदर रोकने के लिए बैरिकेड्स लगाए थे। pic.twitter.com/6yTaBMWk6Z
গ্রেফতারের পর পড়ুয়ারা তাঁদের মুক্তির দাবিতে বসন্ত কুঞ্জ থানা ঘেরাও করে ৷ ছাত্র ইউনিয়নের মতে, উচ্চশিক্ষায় ন্যায্যতার সঙ্গে যুক্ত একাধিক দাবি আদায়ের জন্য 26 ফেব্রুয়ারির 'লং মার্চ' কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল ৷ শিক্ষার্থীদের তুলে ধরা দাবিগুলির মধ্যে প্রস্তাবিত রোহিত আইনের আদলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ন্যায্যতার নির্দেশিকা বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়গুলির জন্য সরকারি তহবিল জোরদার করা, এনইপি-সংযুক্ত কোর্স প্রত্যাহার করা এবং নতুন চালু হওয়া সিদ্ধান্ত ফাউন্ডেশন কর্মসূচি পর্যালোচনা করা। পড়ুয়ারা সাম্প্রতিক একটি পডকাস্টে করা জাতপাত সম্পর্কিত মন্তব্যের জন্য উপাচার্য অধ্যাপক শান্তিশ্রী ধুলিপুডি পণ্ডিতের ক্ষমা প্রর্থনা ও পদত্যাগের দাবি জানান ৷
'লং মার্চ' কর্মসূচি সাবরমতী টি-পয়েন্ট থেকে শুরু হয়েছিল ৷ যা শিক্ষা মন্ত্রকে পৌঁছনোর উদ্দেশেই ছিল ৷ শিক্ষা মন্ত্রকে পৌঁছনোর আগে আগেই ছাত্রদের 'লং মার্চ' আটকায় পুলিশ ৷ সে সময় পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের সংঘর্ষ শুরু হয় ৷ জেএনইউএসইউ-এর যুগ্ম সম্পাদক দানিশ আলি বলেন, "উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক ন্যায়বিচার এবং সমান সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের একটি কঠোর আইনি কাঠামো প্রয়োজন।"

