ETV Bharat / bharat

ব্যান্ড বাজা বারাত ! মাথায় বন্দুক ঠেকিয়ে নববধূকে নিয়ে পালাল 'প্রেমিক'

শ্বশুর বাড়িতে পা-রাখার আগেই ফিল্মি কায়দায় বরের কাছ থেকে 'বউ'কে নিয়ে পালাল 'প্রেমিক' ৷ বিয়ের পর নবদম্পতিকে নিয়ে ফিরছিলেন বরযাত্রীরা, সেসময় ঘটে এই ঘটনা ৷

Jilted Lover Kidnaps Bride
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 23, 2026 at 8:15 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বালাঙ্গির (ওড়িশা), 23 ফেব্রুয়ারি: বিয়েবাড়ি বলে কথা ৷ সাত পাকে বাঁধা, সিঁদুর পরিয়ে নতুন বন্ধনে আবদ্ধ দম্পতি ৷ এরপর বউকে নিয়ে বাড়ি ফেরার ফেলা ৷ নববধূকে নিয়ে গাড়ি করে বেরতেই বর খবর দিয়েছেন বরণডালা তৈরি রাখতে ৷ ওড়িশার বালাঙ্গিরের রাস্তায় তখন পুরো গতিতে ছুটে চলেছে গোলাপ-রজনীগন্ধা ফুলে সাজানো নবদম্পতির গাড়ি ৷ সঙ্গে রয়েছে ব্যান্ড বাজা বারাত ৷ কিন্তু আচমকায় ঘটল ছন্দপতন ৷ মাঝরাস্তায় বরের গাড়ি থামিয়ে বন্দুক নিয়ে হাজির কয়েকজন যুবক ৷

গাড়ি থেকে নববধূকে নামিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণ করে ওই একদল যুবক ৷ অগত্যা বউ ছাড়া খালি হাতে বাড়ি ফিরতে হয় 'মনভাঙা' বরকে। বাড়ি ফিরে থানায় ছুটল বর ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ, ওই যুবকের মধ্যে ছিল নববধূর 'প্রেমিক' ৷ কনেকে নিয়ে বাড়ি ফেরার সময় বন্দুক দেখিয়ে অপহরণ করেছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালাঙ্গিরের কামাখ্যা নগরের রিঙ্কু প্যাটেলের বিয়ে ছয় মাস আগেই ঠিক হয় বৌদ্ধ জেলার কান্তমালের রাতপাড়ের রশ্মি প্যাটেলের সঙ্গে ৷ 21 ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। রিঙ্কুই বিয়ের সব দায়িত্ব একাহাতে সামলান ৷ আত্মীয়-পরিজন থেকে সকলকে, কার্ড দিয়ে বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বর নিজেই ৷ ছ'মাস আগে বিয়ের সমস্ত প্রস্তুতি তাড়াহুড়ো করে নিতে হয়নি ৷ মাঝরাতের দিকে বিয়ের লগ্ন ছিল ৷ সেদিন নবদম্পতির বিয়ে সুসম্পন্ন হয় ৷

পরদিন সকালে রিঙ্কু নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল তাঁর পরিবার ৷ কিন্তু সোনপুর জেলার তরভা থানার অন্তর্গত নির্জন রাস্তায় কিছু যুবক বরের গাড়ি থামিয়ে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই যুবকরা বন্দুক দেখিয়ে নববধূ রশ্মিকে সঙ্গে করে নিয়ে পালিয়ে যায়। এদিকে, বর ও তাঁর পরিবারের সদস্যরা পরে তরভা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, যে যুবক রশ্মিকে অপহরণ করেছে সে নববধূর গ্রামের কাছেই থাকে ৷ কিন্তু কেন ওই যুবক মেয়েটিকে অপহরণ করেছে তা তদন্তের পর স্পষ্ট হবে।

অন্যদিকে, বরের পরিবার ও আত্মীয়-পরিজনদের সন্দেহ, মেয়েটির সঙ্গে ওই যুবকের প্রেম ছিল ৷ সে এমন কাণ্ড ঘটিয়েছে ৷ সোনা-দানা, সমস্ত জিনিসপত্র হাতিয়ে নেওয়ায় লক্ষ্য ছিল রশ্মি ও তার প্রেমিকের ৷ এরপরই বরের পরিবারের তরফে বিয়ে ও সমস্ত আয়োজনের খরচ, মেয়েকে দেওয়া সোনার গয়না ও জামা-কাপড়ের ক্ষতিপূরণ স্বরূপ টাকা দাবি করা হয় ৷ বরের বোন বিলাসিনী প্যাটেল বলেন, "6 মাস আগে কান্তমালের রশ্মির সঙ্গে ভাইয়ের বিয়ের আয়োজন হয়েছিল ৷ আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছি। গতকাল ভোর চারটের দিকে এমন ঘটনা ঘটে ৷ আমার ভাই ও ওর সঙ্গে যারা ছিলেন তাঁদের কাছে প্রচুর টাকা ছিল ৷ কিন্তু ওরা সব নিয়ে পালিয়েছে ৷ এর পিছনে রশ্মিরই হাত আছে ৷ আমরা ক্ষতিপূরণ চাই ৷"