ETV Bharat / bharat

শীতের রাতে দ্রুতগতির অডি গাড়ি পিষে দিল পথচারীদের ! মৃত 1, আশঙ্কাজনক অনেকে

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে পিষে দিল দ্রুতগামী অডি গাড়ি ৷ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 18 জন ও ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের ৷

AUDI MOWS DOWN PEDESTRIANS
দ্রুতগতিতে অডি পিষে দিল পথচারীদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 11:06 AM IST

3 Min Read
Choose ETV Bharat

জয়পুর, 10 জানুয়ারি: দ্রুতগামী অডি গাড়ি নিমেষে পিষে দিল পথচারীদের ৷ শুক্রবার রাতে জয়পুরের পাত্রকর কলোনি থানা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। জয়পুরের জার্নালিস্ট কলোনির খারাবাস সার্কেলের কাছে তখন দাঁড়িয়েছিলেন পথ চলতি মানুষজন ৷ অডি গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তার পাশের বেশ কয়েকটি স্টলে ধাক্কা খায়। সেখান থেকে দ্রুতগামী চারচাকাটি পথচারীদের উপর দিয়ে চলে যায় ৷ তারপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে ধাক্কা মারে ৷

খারাবাস মোড়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ও প্রাণে বেঁচে যাওয়া মানুষজন বলছেন, গাড়িটি অত্যাধিক দ্রুতগতিতে আসছিল ৷ দ্রুতগামী অডি গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষকে পিষে দিল দ্রুতগামী অডি গাড়ি (ইটিভি ভারত)

প্রত্যক্ষদর্শীরা বলছেন, যদি তাঁরা সময়মতো সরে না যেতেন, তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত।দুর্ঘটনার জেরে অন্তত 18 জন জখম হয়েছেন ও একজনের মৃত্যু হয়েছে। আহতদের সকলকে এসএমএস হাসপাতাল এবং জয়পুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

AUDI MOWS DOWN PEDESTRIANS
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনভসার হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন (ইটিভি ভারত)

পাত্রকর কলোনি থানার পুলিশ আধিকারিক মদন কাদওয়াসরা জানান, এদিন রাতে পাত্রকর কলোনির খারাবাস সার্কেলের কাছে একটি দ্রুতগামী অডি গাড়ি প্রথমে ডিভাইডারে ধাক্কা খায়। এরপর গাড়িটি রাস্তার পাশের বেশ কয়েকটি স্টলে ধাক্কা মারে ৷ এরপরই খারাবাস মোড়ের কাছ দাঁড়িয়ে থাকা পথচলচি মানুষকে পিষে দেয় ৷ এখানেই থামেনি গাড়িটি ৷ পরে রাস্তার ধারে থাকা গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয় এবং মানুষজন প্রাণ বাঁচাতে দৌড়তে থাকেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয় ৷ অডি গাড়িটি দমন ও দিউ (কেন্দ্রশাসিত অঞ্চল)-এর ৷ রেজিস্ট্রেশন নম্বরে এমনটাই জানতে পেরেছে পুলিশ। গাড়িতে কতজন ছিল তা নিয়ে এখনও ধন্দ রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, কারণ প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসার সময় তাঁরা জানিয়েছেন গাড়িটি এত দ্রুত ছুটছিল ও চোখের পলকে এত বড় ঘটনা ঘটে যাওয়ায় কেউই সেভাবে দেখতে পাননি ৷ পুলিশ যদিও এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করেছে এবং অন্যদের খোঁজ শুরু করেছে ।

ঘটনার পর রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া হাসপাতালে যান ও আহতদের সঙ্গে দেখা করে, কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনভসারও আহতদের অবস্থা জানতে হাসপাতালে পৌঁছন ৷ মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্ঘটনার খবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল ও প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সেই সময় যোধপুরে ছিলেন, তবে তিনি নিয়মিত কর্মকর্তাদের কাছ থেকে খবরাখবর নিয়ে চলেছেন ৷ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এদিকে প্রেমচাঁদ বৈরওয়াও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল ৷ যদিও তদন্তের পরেই এটি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বর্তমানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।