পরিষেবা দিতে ব্যর্থ, ইন্ডিগোকে শো-কজ করল DGCA; ষষ্ঠদিনেও বাতিল বহু বিমান
ছ'দিন ধরে ইন্ডিগোর বিমান বিপর্যয়ে নাজেহাল যাত্রীরা ৷ আগেই শ্রমবিধি বদলে পরিস্থিতি স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছিল DGCA ৷ এবার ইন্ডিগোকে শো-কোজ করা হল ৷

Published : December 7, 2025 at 2:13 PM IST
নয়াদিল্লি, 7 ডিসেম্বর: শো-কজের মুখে ইন্ডিগো ৷ টানা 6 দিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবায় সঙ্কট অব্যাহত ৷ পদে পদে নাকাল হতে হচ্ছে যাত্রীদের ৷ এই বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে শনিবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে 24 ঘণ্টার সময় দিল কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা (DGCA) ৷
কারণ উল্লেখ করে, DGCA ওই বিবৃতিতে লেখে, 'আপনি আপনার কর্তব্যে ব্যর্থ হয়েছেন' ৷ নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না-পেলে কড়া ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ৷ বিমান সংস্থা সিইও'র পাশাপাশি ইন্ডিগোর অ্যাকাউন্টেবল ম্যানেজার ইসিদ্রো পোরকেরাসের কাছেও কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ডিজিসিএ ৷ অন্যদিকে, আজ দিল্লি এবং মুম্বই বিমানবন্দর থেকে 220টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থা ইন্ডিগো ৷ ইন্ডিগো সূত্রে সংবাদসংস্থা পিটিআই জানতে পেরেছে, রবিবার মুম্বই বিমানবন্দরে কমপক্ষে 112টি এবং দিল্লি বিমানবন্দর থেকে 109টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
DGCA has issued a showcause notice to the IndiGo CEO, giving him 24 hours to respond.
— ETV Bharat (@ETVBharatEng) December 7, 2025
The notice cites, " large-scale operational failures indicating significant lapses in planning, oversight, and resource management..."#IndigoDelay #Indigoairlines pic.twitter.com/cu6FBoWSJC
গত ছয় দিন ধরে, দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর নেটওয়ার্কে এই আচমকা বিপর্যয় লক্ষ লক্ষ যাত্রীর কপালে ভাঁজ ফেলেছে। শুধু গতকাল ইন্ডিগো 400 টিরও বেশি ডোমেস্টিক ফ্লাইট বাতিল করে। আজ ষষ্ঠদিনেও ছবিটা এক ৷ হাজার হাজার যাত্রীর গন্তব্যে পৌঁছতে পারছেন না ৷ DGCA-র এলবার্স এবং পোরকেরাসের কাছে পাঠানো শো-কজ নোটিশে আরও জানিয়েছে, একজন সিইও হিসেবে, বিমান সংস্থার কাজকর্ম থেকে শুরু করে ব্যবস্থাপনা নিশ্চিত করার দায়িত্ব আপনার ৷ কিন্তু, নির্ভরযোগ্য কার্যক্রম পরিচালনা এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার দেওয়ার নিশ্চিত করার দায়িত্ব পালনে আপনি ব্যর্থ হয়েছেন ৷ তাই 24 ঘণ্টার মধ্যে জবাব দিতে হবে ৷"
গতকাল, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নাইডু তাঁর মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন ৷ সেই বৈঠকে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং সমস্যাগুলি সমাধানের জন্য ইন্ডিগোর সিইও এলবার্স-সহ ডিজিসিএ প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেখানে ইন্ডিগোর সিইওকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন এফডিটিএল মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছিল। বৈঠকের পর এক সরকারি কর্মকর্তা জানান,তদন্ত কমিটি ইন্ডিগো ফ্লাইট বিঘ্নের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
রবিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, ইন্ডিগোর মূল সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের বোর্ড একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) গঠন করেছে ৷ তাতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক করছে। কোম্পানির পরিচালনা পর্ষদ, যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান করে চলেছেন ও যাত্রীদের টাকা ফেরত দিতে যথাসাধ্য চেষ্টা করছে ৷

