ETV Bharat / bharat

দেশজুড়ে বিমান বিভ্রাট: ইন্ডিগো'র চার কর্তাকে বরখাস্ত করল ডিজিসিএ

গত কয়েকদিনে কয়েক হাজার বিমান বাতিল করেছে ইন্ডিগো ৷ যার জেরে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ যাত্রী ৷ এবার কড়া পদক্ষেপ করল ডিজিসিএ ৷

indigo-crisis
ইন্ডিগো'র চার কর্তা বরখাস্ত (ছবি-পিটিআই)
author img

By PTI

Published : December 12, 2025 at 3:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মুম্বই, 12 ডিসেম্বর: এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিক বিমান বিপর্যয় ৷ শুক্রবার ইন্ডিগোর চার কর্তাকে (ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর) বরখাস্ত করল অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা অর্থাৎ ডিজিসিএ ৷

ইন্ডিগো বিপর্যয়ের দায় কার, তার তদন্তে ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গঠন করেছে ডিজিসিএ (DGCA) ৷ এই বিপর্যয়ে কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ড়ু ৷ তারই ফলশ্রুতি হিসেবে এদিন ইন্ডিগোর উড়ান পরিষেবার দায়িত্বে থাকা চার কর্তার (ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর) বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিজিসিএ ৷ সূত্রের খবর, দেশজুড়ে বিমান বিপর্যয়ের পর ইন্ডিগোর চার কর্তাকে সাসপেন্ড করেছে ডিজিসিএ ৷ তবে এই চার কর্তার বরখাস্তের কোনও কারণ দেখানো হয়নি ডিজিসিএ-এর তরফে ৷

গত কয়েকদিন ধরে কয়েক হাজার বিমান বাতিল করেছে ইন্ডিগো ৷ যার জেরে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ যাত্রী ৷ দেশজুড়ে বিমানবন্দরে যাত্রীদের চরম অবস্থার ছবি সামনে এসেছে ৷ আগের থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি ৷ শুক্রবারই বেঙ্গালুরু থেকে 50টির বেশি ফ্লাইট বাতিলের কথা ঘোষণ করেছে ইন্ডিগো ৷ সূত্রের খবর, এদিন বেঙ্গালুরু থেকে 54টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো ৷ যার মধ্যে 31টি আসার ও 23 ওড়ার ৷ বৃহস্পতিবারই দিল্লি ও বেঙ্গালুরু বিমানবন্দর থেকে 200টির বেশি উড়ান বাতিল করেছে এই বেসরকারি উড়ান সংস্থা ৷

দেশজুড়ে বিমান বিপর্যয়ের পর ইতিমধ্যেই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করেছে ডিজিসিএ ৷ বৃহস্পতিবার দুপুরে ডিজিসিএ দফতরে হাজিরা দেন তিনি ৷ তবে আলোচনা সম্পূর্ণ না-হওয়ায় শুক্রবার ফের সংস্থার সিইও-কে ডিজিসিএ দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ দেশজুড়ে এই উড়ান সঙ্কটে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে । কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছে, তারা এই বিপর্যয়ের মূল কারণ খুঁজে বার করবে। একই সঙ্গে ইতিমধ্যেই কী কী পদক্ষেপ করা হয়েছে, তাও বিস্তারিত জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী আগেই জানিয়েছেন, যাঁরা এই বিপর্যয়ের জন্য দায়ী, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।

দেশজুড়ে বিপর্যস্ত বিমান পরিষেবার মাঝে বৃহস্পতিবার বিকেলে ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ইতিমধ্যে সমস্ত যাত্রীকে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে তারা । যাঁরা এখনও টাকা পাননি, দু’তিন দিনের মধ্যেই তাঁদের টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে ৷ এছাড়াও গত 3 থেকে 5 ডিসেম্বরের মধ্যে উড়ান বাতিল হওয়ার কারণে যাঁদের চরম ভোগান্তি হয়েছিল, তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত 10 হাজার টাকার ‘ভাউচার’ (উপহার কুপন) দেওয়া হবে সংস্থার তরফে ৷ আর এই ‘ভাউচার’ ব্যবহার করা আগামী এক বছরের মধ্যে যে কোনও সময়ে ভ্রমণের ক্ষেত্রে ৷