ETV Bharat / bharat

ইন্ডিগো বিভ্রাট, বিমান ভাড়ায় নজর কেন্দ্রের; চলবে স্পেশাল ট্রেন

সাম্প্রতিক বিভ্রাটের জেরে বাতিল হয়েছে কয়েক হাজার বিমান ৷ এমতাবস্থায় 7 তারিখের মধ্যে যাত্রীদের ক্ষতিপূরণের টাকা যাত্রী ফিরিয়ে দিতে হবে ইন্ডিগোকে ৷

IndiGo Crisis
বিমান ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 6, 2025 at 3:47 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : ইন্ডিগোয় বিভ্রাটের আবহে বিমান ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার ৷ পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়িয়ে যাত্রীদের পাশে দাঁড়াল রেল ৷ ঠিক হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে চলবে বিশেষ ট্রেন ৷ তাছাড়া এই ক'দিনে বাতিল সমস্ত বিমানের জন্য যাত্রীদের 7 ডিসেম্বরের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে ইন্ডিগোকে ৷ এমনই ঘো৷ষণা করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ৷

মন্ত্রকের তরফে শনিবার একটি বিবৃতি জারি করে বলা হয়, ইন্ডিগোর পরিষেবায় ব্যাহত হওয়ায় দেশজুড়ে বিমান পরিষেবায় বিভ্রাটের সৃষ্টি হয়েছে ৷ তার জেরে বিমানের ভাড়া যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করতে হবে উড়ান সংস্থাগুলিকে ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না ৷ পরিবহণ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের নেপথ্যে নির্দিষ্ট কারণ আছে ৷ ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ার সুযোগ নিয়ে অন্য কয়েকটি সংস্থা বিমানের ভাড়া বেশ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷

IndiGo Crisis
বিমানের অপেক্ষায় যাত্রীরা (ইটিভি ভারত)

কোনও উপায় না থাকায় যাত্রীদের সেই বাড়তি ভাড়া দিয়েই যাত্রা করতে হচ্ছে ৷ কোনও কোনও ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের একটি শহর থেকে অন্যত্র যেতে যে পরিমাণ ভাড়া লাগছে সেই টাকায় দেশের বাইরের কোনও একটি শহরে পৌঁছে যাওয়া যায় ৷ এমতাবস্থায় ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিল মোদি সরকার ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ পাশাপাশি বিভিন্ন উড়ান সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয় রেখে চলেছে ৷ তৈরি হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম ৷ নজরদারির ক্ষেত্রে কোথাও যদি দেখা যায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবে মোদি সরকার ৷

রেলের উদ্যোগ

বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ উত্তর রেলের তরফে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন শহর থেকে অন্যত্র যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় ৷ কোনও কোনও ক্ষেত্রে ট্রেনে কোচের সংখ্যা বাড়িয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে ৷ জম্মু ও ডিব্রুগড়গামী রাজধানীর পাশাপাশি অমৃতসর এবং চণ্ডীগড় শতাব্দী এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যোগ করা হয়েছে ৷ সবমিলিয়ে আপাতত 20 থেকে 22টি বিশেষ ট্রেন চলার কথা ঘোষণা করা হয়েছে ৷ পরে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

রিফান্ড-জটিলতা

এ মাসের শুরু থেকে আচমকা ইন্ডিগোর পরিষেবা কার্যত ভেঙে পড়ে ৷ বিমানের পাইলট-সহ অন্য কর্মীদের সংখ্যা কম থাকা সহ আরও কয়েকটি কারণে স্বাভাবিক পরিষেবা দিতে পারছে না সংস্থা ৷ গত পাঁচদিনে কয়েক হাজার বিমান বাতিলের পাশাপাশি বহু বিমান নির্ধারিত সময়ের কমপক্ষে 4-5 ঘণ্টা দেরিতে চলেছে ৷ শুধু শনিবারই কলকাতা বিমানবন্দরে বাতিল হয়েছে 40টিরও বেশি বিমান ৷

ক্যানসেল হওয়া টিকিটের অর্থ ফিরে পাওয়ার ক্ষেত্রেও নানাবিধ জটিলতা দেখা গিয়েছে ৷ অনেকই রিফান্ড পাননি বলে অভিযোগ ৷ এই পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে ইন্ডিগোকে জানিয়ে দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যে সমস্ত যাত্রীদের প্রাপ্য টাকা মিটিয়ে দিতে হবে ৷ নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফিরিয়ে না দিলে কড়া শাস্তির মুখে পড়বে ইন্ডিগো ৷ এদিকে, শনিবার রাতে সিইও জানিয়েছেন, ইন্ডিগোর পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকটি দিন লাগবে ৷