ভেনেজুেয়েলা নিয়ে উদ্বিগ্ন মোদি সরকার, নাগরিকদের পাশে থাকার বার্তা
দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে অপহরণ করে আমেরিকায় তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করল ভারত ৷

Published : January 4, 2026 at 2:11 PM IST
নয়াদিল্লি, 4 জানুয়ারি: প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার ৷ রবিবার সকালে এ সংক্রান্ত একটি পোস্টে বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত অত্যন্ত উদ্বিগ্ন ৷ ভারত খুব কাছ থেকে এই ঘটনার উপর নজর রাখছে ৷ ভারত দক্ষিণ আমেরিকার দেশটির মানুষের পাশে আছে বলে জানিয়েছেন মুখপাত্র ৷
ভারত ছাড়া আমেরিকার কড়া সমালোচনা করে এদিন দ্বিতীয় বিবৃতি দিয়েছে চিন ৷ বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বেজিং অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে ছেড়ে দেওয়া দাবি জানিয়েছে ৷ মাদক-সন্ত্রাসের অভিযোগে মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে তুলে নিয়ে এসেছে আমেরিকার প্রশাসন ৷
Press Release on recent developments in Venezuela ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) January 4, 2026
🔗 https://t.co/PrU0nIRLiQ pic.twitter.com/jVBI5TcGMV
2020 সালে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা দায়ের হয়েছিল ৷ এবার তাঁদের বিচার হবে আমেরিকার মাটিতেই ৷ প্রেসিডেন্ট ট্রাম্প এও জানিয়েছেন, এবার আমেরিকা দক্ষিণ আমেরিকার ক্যারিবিয়ান সমুদ্র-তীরবর্তী এই দেশের সরকার চালাবে ৷
এদিকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, "ভেনেজুয়েলার মানুষের ভালো থাকা এবং নিরাপত্তার পক্ষে সমর্থন নিশ্চিত করছে ভারত ৷ আমরা এই ইস্যুটি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়ার বার্তা দিচ্ছি ৷ ওই অঞ্চলে শান্তি ও স্থিরতা নিশ্চিত করা হোক ৷" রাজধানী কারাকাসের ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তাঁদের সবরকম সাহায্য করবে ৷
গতকাল রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চালায় আমেরিকা ৷ দেশের অন্তত সাতটি জায়গায় বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে দেশের সস্ত্রীক প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনা ৷ পরে সোশাল মিডিয়ায় এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ রাতে উৎখাত হওয়া প্রেসিডেন্ট মাদুরোকে মার্কিন যুদ্ধ বিমানে উড়িয়ে নিয়ে আসার ছবি প্রকাশ করেন প্রেসিডেন্ট ৷ সস্ত্রীক মাদুরোকে নিয়ে আমেরিকার বিমান নিউইয়র্কের স্টেওয়ার্ট এয়ার ন্য়াশনাল এয়ার ন্যাশনাল গার্ড বেসে অবতরণ করে ৷
China is deeply shocked by and strongly condemns the U.S.’s blatant use of force against a sovereign state and action against its president.
— CHINA MFA Spokesperson 中国外交部发言人 (@MFA_China) January 3, 2026
Such hegemonic acts of the U.S. seriously violate international law and Venezuela’s sovereignty, and threaten peace and security in Latin… pic.twitter.com/wjfRMhvNKP
এই ঘটনার পরপরই রাশিয়া, চিন আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ৷ গতকাল প্রথম বিবৃতির পর এদিন ফের বিবৃতিতে চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, "আমেরিকার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের প্রাথমিক নিয়ম-নীতি লঙ্ঘন করেছে আমেরিকা ৷ এছাড়া এই কাজ রাষ্ট্রসঙ্ঘের সনদের বিরোধী ৷" আমেরিকা যেন প্রেসিডেন্ট নিকোলাস ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে, হুঁশিয়ারি দিয়েছে বেজিং ৷ ভেনেজুয়েলার সরকার ফেলার এই ষড়যন্ত্র আমেরিকার বন্ধ করা উচিত বলে মনে করে শি জিংপিনের সরকার ৷
⚡️In view of the confirmed reports about Venezuelan President Nicolas Maduro and his spouse being in the US, we strongly urge the US leadership to reconsider their position & release the legitimately elected president of a sovereign country and his spousehttps://t.co/mZPc8wZEZ9 pic.twitter.com/9VSgpdeSnp
— MFA Russia 🇷🇺 (@mfa_russia) January 3, 2026
রাশিয়ার বিদেশ মন্ত্রক সোশাল মিডিয়ায় আমেরিকার এই কাজের তুমুল সমালোচনা করেছে ৷ পুতিন প্রশাসন আমেরিকাকে সস্ত্রীক মাদুরোকে ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে লিখেছে, "আমেরিকার নেতৃত্বের এই কার্যকলাপের কড়া নিন্দা করছি ৷ তারা আরেকবার নিজেদের অবস্থান ভেবে দেখুক ৷ একটি সার্বভৌম দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে ছেড়ে দেওয়া হোক ৷" আপাতত ভেনেজুয়েলার আদালত দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছে ৷

