বয়স 21, আইআইটি পড়ুয়ার বেতন বছরে 2.5 কোটি
বিটেক শেষ বর্ষের ছাত্র ৷ ক্যাম্পাস প্লেসমেন্টে আইআইটি হায়দরাবাদের 21 বছরের পড়ুয়া পেল চাকরি ৷ বেতন বছরে আড়াই কোটি ৷

Published : January 2, 2026 at 4:27 PM IST
হায়দরাবাদ, 2 জানুয়ারি: আগামী জুলাইয়ে নেদারল্যান্ডস-ভিত্তিক ওই কোম্পানিতে যোগদান করবেন 21 বছরের আইআইটি পড়ুয়া ৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদ (আইআইটি হায়দরাবাদ) এক পড়ুয়া বার্ষিক আড়াই কোটি টাকার বেতনের চাকরি পেয়েছেন। বি.টেক শেষ বর্ষের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিস সম্প্রতি ই-কমার্স সংস্থার পরিচালিত ক্যাম্পাস প্লেসমেন্টে থেকে চাকরিটি পান। আইআইটি হায়দরাবাদ প্রতিষ্ঠার (2008) পর থেকে সর্বোচ্চ প্যাকেজের চাকরি পেলেন এই তরুণ ৷
কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্সের ছাত্র এডওয়ার্ড নাথান ভার্গিস গ্লোবাল ট্রেডিং ফার্ম অপটিভার থেকে এই চাকরি পেয়েছেন ৷ তিনি তাঁর গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের পর প্রি-প্লেসমেন্ট অফার হিসেবে এই চাকরিতে যোগ দিতে চলেছেন ৷ আশা করা হচ্ছে, তিনি জুলাই মাসে নেদারল্যান্ডস-ভিত্তিক ওই কোম্পানিতে যোগদান করবেন ৷
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম আইআইটি হায়দরাবাদের কোনও পড়ুয়া এত বড় প্যাকেজের চাকরি পাননি। আইআইটি হায়দরাবাদের তরফে জানা গিয়েছে, 2017 সালে একজন পড়ুয়া 1 কোটি টাকার বেতনের চাকরির প্রস্তাব পেয়েছিলেন। বর্তমান ক্যাম্পাস প্লেসমেন্টে কম্পিউটার সায়েন্সের আরেকজন পড়ুয়া 1.1 কোটি টাকার প্যাকেজের চাকরির প্রস্তাব পেয়েছেন। ভার্গিস গ্লোবাল ট্রেডিং কোম্পানি অপটিভারে দুই মাসের ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণের পর এই সুযোগটি পেয়েছেন এই পড়ুয়া । এডওয়ার্ড নাথানের জন্ম ও বেড়ে ওঠা হায়দরাবাদে ৷ ভার্গিস সপ্তম শ্রেণি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বেঙ্গালুরুতে পড়াশোনা করেছেন। তারপর চলে আসে নিজামের শহরে ৷
গত নভেম্বরে জানা যায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি খড়গপুর) দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়তে চলেছে ৷ এবার আমেরিকায় আইআইটি খড়গপুরের দ্বিতীয় শাখা চালু হতে চলেছে ৷ এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রাক্তনী ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি দান করেছেন ৷ সেখানেই গড়ে উঠবে খড়গপুর আইআইটি-র একটি আউট রিচ সেন্টার। দিন কয়েক আগে সাংবাদিক বৈঠক করেন খড়গপুর আইআইটি-র অধিকর্তা সুমন চক্রবর্তী ৷ সেখানেই তিনি এই বিষয়টি জানান ৷

