জিম-মালিক খুনে হাত ! পুলিশি এনকাউন্টারে মৃত্যু লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই শুটারের
জিম মালিককে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে নিকেশ করতে অভিযান চালায় পুলিশ ৷ এনকাউন্টারে মৃত্যু হয় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্যের ৷

Published : July 5, 2026 at 2:14 PM IST
চণ্ডীগড়, 5 জুলাই: জিম মালিককে খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশি এনকাউন্টারে মৃত্যু লরেন্স বিষ্ণোই এবং হ্যারি বক্সার গ্যাংয়ের দুই শুটারের ৷ হরিয়ানার বাহাদুরগড়ে এই এনকাউন্টারটি হয়েছে বলে খবর ৷ তাতে এই দুজনের প্রাণ গিয়েছে। প্রশাসন জানিয়েছে, শনিবার গভীর রাতে বাহাদুরগড়ে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানার স্পেশাল টাস্ক ফোর্সের একটি যৌথ দল এই অভিযানটি চালায় ৷ সম্প্রতি হরিয়ানার হানসিতে খুন হন ওই জিম মালিক ৷ সেই ঘটনায় অভিযুক্তদেরই প্রাণ গেল পুলিশি এনকাউন্টারে ৷
অভিযানের সময় দুই তরফের মধ্যে গুলিযুদ্ধে স্পেশাল সেলের কনস্টেবল অঙ্কিতের পায়ে গুলি লাগে বলে খবর ৷ তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার রাতে হরিয়ানার বাহাদুরগড়ে পুলিশের একটি দল ওই দুই শুটার— পরবেশ ও হিমাংশুকে ধরতে গেলে তারা পাল্টা পুলিশের উপর গুলি চালায় ৷ পুলিশের পাল্টা গুলিতে তারা আহত হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন ৷
রবিবার বাহাদুরগড়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) ময়াঙ্ক মিশ্র ফোনে সংবাদসংস্থা পিটিআই-কে জানান, মধ্যরাতের পর ওই দুই শুটারকে হাতেনাতে ধরার চেষ্টা করা চলছিল ৷ গত 11 জুন হানসিতে জিম মালিক কপিলকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিল তারা ৷
পুলিশ জানিয়েছে, কপিল যখন ছ-সাতজনের একটি দলকে নিয়ে জিমের বাইরে একটি জায়গায় শরীরচর্চার প্রশিক্ষণ দিচ্ছিলেন, তখন তাঁকে গুলি করে হত্যা করা হয় ৷ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । তার সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
পুলিশ সূত্রে খবর, খুনের তদন্ত শুরু করে তদন্তকারীরা বুঝতে পারেন কপিলের হত্যার নেপথ্যে পরবেশ ও হিমাংশুর হাত আছে ৷ তারাই এই ঘটনাটি ঘটিয়েছে ৷ তাদের নাগাল পেতে পুরস্কারের ঘোষণাও করা হয় পুলিশের তরফে ৷ প্রত্যেকের মাথা পিছু 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল ৷ সেই সূত্রে পুলিশ জানতে পারে দুই অভিযুক্ত বাহাদুরদগড়ে আছে ৷ সেখানে অভিযান চালাতেই মিলল সাফল্য ৷ পরবেশ হরিয়ানার হিসার জেলার টিব্বা দানাশের বাসিন্দা ছিল ৷ হিমাংশু হিসারেরই জাখোদ খেরা গ্রামে থাকত ৷ জিমের মালিককে খুনের পাশাপাশি দিল্লি পুলিশের স্পেশাল সেলের দায়ের করা একটি মামলাতেও এই দুজনকে অভিযুক্ত করা হয়েছিল। এবার একসঙ্গে প্রাণ গেল দু'জনের ৷

