ETV Bharat / bharat

সবার প্রথমে নতুন বছর উদযাপন কোথায়, ভারতের থেকে কতটা এগিয়ে ?

সময়, অঞ্চল এবং আন্তর্জাতিক তারিখ রেখার কারণে ভারতের কয়েক ঘণ্টা আগে নতুন বছরকে সবার আগে স্বাগত জানায় কিরিবাতি । পরবর্তীতে কারা, রইল তালিকা ৷

NEW YEAR 2026
বর্ষবরণের প্রস্তুতিতে মগ্ন বিশ্ব (ফাইল ছবি - এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 11:23 AM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 31 ডিসেম্বর: মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরই বর্ষবরণের অনুষ্ঠানে মাতবে গোটা বিশ্ব ৷ বিশেষ এই দিনটি উদযাপনে এক এক দেশের রীতি, সংস্কৃতি এক এক রকমের ৷ যদিও আনন্দের মাত্রা সর্বত্রই এক ৷ জানেন কী সর্বপ্রথম নতুন বছরকে স্বাগত জানায় বিশ্বের কোন দেশ ?

পৃথিবীর ঘোরা এবং সময়, অঞ্চল ও আন্তর্জাতিক তারিখ রেখার কারণে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে নববর্ষ উদযাপন করে । একেবারে পূর্বে আন্তর্জাতিক সময় রেখার কাছাকাছি দেশগুলি থেকে উদযাপন শুরু ৷ এরপর সূর্যের গতিপথ অনুসরণ একে একে পশ্চিমের দেশগুলিতে বর্ষবরণ উদযাপন করা হয় ৷ অবশ্য, কোথাও কোথাও সাংস্কৃতিক ও ধর্মীয় ক্যালেন্ডারের কারণেও নববর্ষের তারিখ ভিন্ন হয় ৷

NEW YEAR 2026
কয়েকঘণ্টা পর 2026 সালকে স্বাগত জানাবে বিশ্ব (ছবি: RKC)

'নিউ ইয়ার' প্রথম উদযাপন করা দেশ

আন্তর্জাতিক সময় রেখার একেবারে পূর্বে অবস্থানের জন্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলি সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় ৷ সবার আগে নতুন বছরকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতি, যা কিরিটিমাটি বা ক্রিসমাস দ্বীপ নামেও পরিচিত ৷ আন্তর্জাতিক সময় রেখার একেবারে পূর্বে অবস্থিত এই দেশ ৷ দ্বীপপুঞ্জের প্রতিটি দ্বীপ যাতে একই ক্যালেন্ডার ব্যবহার করতে পারে, সেই কথা ভেবে 1995 সালে আন্তর্জাতিক তারিখ রেখাকে নতুনভাবে সাজায় কিরিবাতি সরকার ৷ আর তারপরই বিষয়টি সম্ভব হয়েছে ৷

আন্তর্জাতিক সময় রেখা মেনে ভারতীয় প্রমাণ সময় থেকে প্রায় 8.5 ঘণ্টা আগে চলে কিরিবাতির সময় ৷ অর্থাৎ, ভারতে যখন বিকেল সাড়ে 3টে, কিরিবাতিতে তখন মধ্যরাত বা 12টা ৷ সুতরাং, ভারতে উদযাপনের প্রায় 9 ঘণ্টা আগেই সেই দেশে নতুন বছরকে স্বাগত জানানো হয় ৷ এরপর তালিকায় রয়েছে সামোয়া এবং টোঙ্গার মতো অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি ৷ প্রথম বর্ষবরণ উদযাপনের তালিকায় রয়েছে নিউজিল্যান্ডও ৷

NEW YEAR 2026
অস্ট্রেলিয়ার সিডনিতে বর্ষবরণ (ছবি: RKC)

সংশ্লিষ্ট দেশের স্থানীয় সময় অনুযায়ী বর্ষবরণ

  • কিরিবাতি - 1 জানুয়ারি রাত 12টা
  • সামোয়া -31 ডিসেম্বর রাত 11টা
  • টোঙ্গা - 31 ডিসেম্বর রাত 11টা
  • তোকেলাও - 31 ডিসেম্বর রাত 11টা
  • নিউজিল্যান্ড - 31 ডিসেম্বর রাত 10টা 45 মিনিট
  • রাশিয়া - 31 ডিসেম্বর রাত 10টা
  • ফিজি - 31 ডিসেম্বর রাত 10টা
  • মার্শাল দ্বীপ - 31 ডিসেম্বর রাত 10টা
  • নাউরু - 31 ডিসেম্বক রাত 10টা
  • ওয়ালিস এবং ফুটুনা - 31 ডিসেম্বর রাত 10টা
  • তুবালু - 31 ডিসেম্বর রাত 10টা
  • অস্ট্রেলিয়া - 31 ডিসেম্বর রাত সাড়ে 9টা

কিরিবাতি

কিরিবাতি নামটি ‘কিরিবাস’ হিসাবে উচ্চারিত হয় ৷ কারণ, স্থানীয় গিলবার্তিজ ভাষায় ‘ti’ অক্ষরটি ‘স’ হিসাবে উচ্চারিত হয় । এই দ্বীপরাষ্ট্রটি 1979 সালে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীনতা লাভ করে ৷ বিশ্বের অন্যতম নবীন সার্বভৌম রাষ্ট্র হল কিরিবাতি ।

সামোয়া

আন্তর্জাতিক সময় রেখায় কিরিবাতির কাছাকাছি থাকায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে নতুন বছরকে স্বাগত জানায় ৷ সামোয়ার পরের স্থানে রয়েছে টোঙ্গা ৷

কোন দেশ সবশেষে 'নিউ ইয়ার' উদযাপন করে ?

আন্তর্জাতিক সময় অঞ্চলের 11 নম্বর জোনের অন্তর্গত হওয়ায় আমেরিকান সামোয়া সবার শেষে নতুন বছরকে স্বাগত জানায় ৷ কিরিবাতির সময় থেকে প্রায় 25 ঘণ্টা পর এই দেশে 'নিউ ইয়ার' উদযাপন করা হয় ৷

পড়ুন: 2026: নতুন বছরে জ্যাকপট থেকে দুর্দশা, রাশিফলে জেনে নিন ভবিষ্যদ্বাণী