ETV Bharat / bharat

পাথরভর্তি লরির সঙ্গে সরকারি বাসের সংঘর্ষ, মৃত অন্তত 21

বাসে প্রায় 70 জন যাত্রী ছিল বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে ৷ এদের অধিকাংশই কলেজ পড়ুয়া বলে খবর ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ৷

road accident in rangareddy
দুর্ঘটনার পরের অবস্থা (ইটিভি ভারত ও পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 9:40 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 নভেম্বর: সরকারি বাসের সঙ্গে নুড়ি পাথর বোঝাই লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ বাস ও লরির চালক-সহ প্রাণ গেল প্রায় 21 জনের ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান ৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় ৷

জানা গিয়েছে, এদিন তন্দুর ডিপো থেকে আসা একটি আরটিসি বাসের সঙ্গে নুড়ি পাথর বোঝাই লরির সংঘর্ষ হয় । চেভেল্লা মণ্ডলের মিরজাগুড়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে ৷ সংঘর্ষের পর পাথর বোঝাই লরিটি বাসের উপর কার্যত উল্টে পড়ে ৷ যার জেরে এখনও পর্যন্ত প্রায় 21 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আরটিসি বাস ও লরি চালক-সহ সাতজন পুরুষ, 12 জন মহিলা এবং এক শিশুর মৃত্যু হয়েছে ৷

দুর্ঘটনার পরের মুহূর্তের ভিডিয়ো (ইটিভি ভারত)

একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছেন । খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তিনটি জেসিবির সাহায্যে উদ্ধার কাজ শুরু করে । পাথরের নীচে চাপা পড়ে গিয়েছেন যারা তাদের উদ্ধার করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে । ঘটনায় শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি ৷ আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ত্রাণ কার্য শুরু করার নির্দেশ দিয়েছেন ৷ ত্রাণ তৎপরতা জোরদার করার জন্য জেলা কালেক্টরকেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এছাড়াও দুর্ঘটনার বিস্তারিত তথ্য সময়ে সময়ে জানানোর কথা বলেছেন তিনি ৷

জানা গিয়েছে, তন্দুর থেকে হায়দরাবাদ যাচ্ছিল আরটিসি বাসটি ৷ সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে । বাসে প্রায় 70 জন যাত্রী ছিল বলেও প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে ৷ তাদের বেশিরভাগই ছাত্র এবং অফিসে যাত্রী ৷ বাসে থাকা অধিকাংশ ছাত্র হায়দরাবাদের বেশ কয়েকটি কলেজের পড়ুয়া ৷ রবিবার ছুটির দিন হওয়ায় তারা বাড়ি গিয়েছিল ৷ ফের এদিন সকালে কলেজে ফিরছিল ৷ সড়ক দুর্ঘটনার ফলে হায়দরাবাদ-বিজাপুর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় । চেভেল্লা-বিকারাবাদ রুটেও প্রচুর গাড়ি আটকে পড়েছে ।

মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বাস দুর্ঘটনায় আহতদের দ্রুত হায়দরাবাদে স্থানান্তরিত করার এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন । মন্ত্রীদেরও অবিলম্বে দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন মুখ্যমন্ত্রী । এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর সচিবালয় পোস্টে লেখা হয়েছে, "জেলা কালেক্টরকে উদ্ধার কাজ জোরদার করার এবং এর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী ক্রমাগত শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন । তিনি ফোনে মুখ্যসচিব এবং ডিজিপির সঙ্গে কথা বলছেন এবং নির্দেশ দিয়েছেন যে এই দুর্ঘটনায় প্রয়োজনীয় উদ্ধার কাজ ব্যবস্থা যুদ্ধকালীন তৎপরতায় অব্যাহত রাখতে হবে ৷ উদ্ধার কাজে সমস্ত বিভাগকে কাজ করতে বলা হয়েছে । জরুরি চিকিৎসা সহায়তার পাশাপাশি দুর্ঘটনায় জড়িতদের জীবন বাঁচাতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স এবং চিকিৎসা কর্মী মোতায়েন করতে হবে ।"

অন্যদিকে, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী পুন্নম প্রভাকর। দুর্ঘটনার বিষয়ে আরটিসি এমডি নাগি রেড্ডির সঙ্গে ফোনে কথা বলে তিনি আহতদের চিকিৎসার জন্য আরটিসি আধিকারিকদের নির্দেশও দিয়েছেন ৷ দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, "ভুল পথে এসে লরিটি বাসটিকে ধাক্কা দিয়েছে ৷"