বিরোধী নেত্রীর চিঠি পেয়ে তৎপর কেন্দ্র, অশ্লীল কন্টেন্ট মুছতে এক্স-কে কড়া নির্দেশ
কেন্দ্রের দাবি, তথ্য-প্রযুক্তি আইন মেনে কাজ করতে ব্যর্থ এক্স ৷ পাশাপাশি আপত্তিকর ছবি-তথ্য় মুছে নিয়ে 72 ঘণ্টার মধ্যে রিপোর্টও দিতে হবে ইলন মাস্কের সংস্থাকে ৷

By PTI
Published : January 3, 2026 at 9:24 AM IST
নয়াদিল্লি, 3 জানুয়ারি: তথ্য-প্রযুক্তি আইন মেনে কাজ করছে না এক্স ৷ আর তাই অশ্লীল ছবি থেকে শুরু করে বিভ্রান্তিকর তথ্যে ছেয়ে গিয়েছে এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ৷ অবিলম্বে সে সব মুছে ফেলতে হবে ৷ এ কথা জানিয়ে এক্স-কে কড়া চিঠি দিল তথ্য়প্রযুক্তি মন্ত্রক ৷
তাদের দাবি এক্স-এর এআই গ্রক ব্যবহার করে মহিলাদের পক্ষে অবমাননাকর এমন ছবি থেকে শুরু করে ভিডিয়ো তৈরি করছেন অনেকে ৷ আর তা মুহূর্তে ছড়িয়েও পড়ছে ৷ কিন্তু সে সমস্ত আটকাতে কোনও ব্যবস্থা করা হচ্ছে না ৷ এভাবে 2000 সালের তথ্য়-প্রযুক্তি আইন এবং 2021 সালের তথ্য়-প্রযুক্তি নিয়ম লঙ্ঘিত হচ্ছে ৷
আর তাই অবিলম্বে এ ধরনের সমস্ত কনটেন্ট মুছে ফেলতে হবে ৷ শুক্রবার পাঠানো এই চিঠির ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হল তা 72 ঘণ্টার মধ্য়ে জানাতে হবে ইলন মাস্কের এই সংস্থাকে ৷ কথা মতো কাজ না হলে যে কড়া ব্যবস্থা নেবে তাও জানিয়ে দিয়েছে মোদি সরকার ৷ পাশাপাশি যে সমস্ত অ্যাকাউন্ট থেকে এই ধরনের পোস্ট হচ্ছে সেগুলিকে নিষিদ্ধ করার কথাও বলেছে কেন্দ্র ৷
I would take this opportunity to thank Hon IT Minister for promptly taking note of my letter and for issuing a letter to X platform in the regard of AI led grok generating problematic content of women based on prompts that disrespect woman’s dignity and violates their consent,… pic.twitter.com/kEb1HameMn
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) January 2, 2026
কেন্দ্রীয় সরকারের তরফে এক্সকে চিঠি পাঠানোর কয়েক ঘণ্টা আগে এ নিয়ে সরব হন উদ্ধব ঠাকরের নেতৃত্বে থাকা শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ রাজ্যসভার এই সাংসদ তথ্য প্রযুক্তি মন্ত্রককে চিঠি লেখেন ৷ সেখানে তিনি দাবি করেন, এক্সের এআই গ্রককে ব্যবহার করে এমন সমস্ত কন্টেন্ট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যা সমাজকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দিচ্ছে ৷ মহিলাদের সম্মান নষ্ট হচ্ছে ৷
তিনি আরও দাবি করেন, মূলত ভুয়ো নাম ও পরিচয় ব্যবহার করে এক্সে যারা ফেক অ্যাকাউন্ট খুলেছে তারা এই অ্যাপের বহুল ব্যবহার করছে ৷ চিঠির একটি অংশে প্রিয়াঙ্কা আরও লেখেন, যেভাবে আপত্তিকর তথ্য় ও ছবি ছড়িয়ে পড়ছে তা থেকে স্পষ্ট এক্স ভারতের আইন মেনে কাজ করতে পারছে না ৷ এর কয়েক ঘণ্টা পরই কেন্দ্রীয় সরকারের তরফে এক্সকে চিঠি পাঠানো হল ৷
এই চিঠিতে মন্ত্রক আরও জানিয়েছে, এখন যে সমস্ত ছবি ও তথ্য় ছড়িয়ে পড়েছে শুধু সেগুলি মুছে ফেললেই চলবে না আগামিদনে যাতে এই ধরনের কোনও কাজ করা না যায় তাও নিশ্চিত করতে হবে এক্সকে ৷ তার জন্য প্রযুক্তিগত যে সমস্ত পরিবর্তন দরকার তাও করতে হবে এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ৷
তাছাড়া চিঠির আরেকটি অংশে বলা হয়েছে, নির্দেশ অনুযায়ী ব্যবস্থা না নিলে এক্স-এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷ শুধু তাই নয়, ভারতের তথ্য-প্রযুক্তি আইন মেনে প্ল্যাটফর্মটি পরিচালনার ভার যে সমস্ত আধিকারিকদের উপর আছে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার ৷ শীর্ষকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মী -কাউকেই রেয়াত করা হবে না ৷ এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এক্স ৷ কখনও ব্যবহারীদের ব্যক্তিগত তথ্য় সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ হয়েছে ৷ আবার কখনও আবার অন্য কোনও কারণে ৷ এবার অশ্লীল কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়ে চিঠি পাঠাল কেন্দ্রীয় সরকার ৷

