100 জন নাচার সময় আগুন, বক্তব্য প্রত্যক্ষদর্শীর; গোয়া অগ্নিকাণ্ডে FIR, মালিক-ম্যানেজারকে গ্রেফতারের নির্দেশ
বেআইনি নির্মাণ ৷ দাহ্য বস্তুতে তৈরি ক্লাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ ক্লাব মালিক ও জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের ৷

By PTI
Published : December 7, 2025 at 10:21 AM IST
|Updated : December 7, 2025 at 10:50 AM IST
পানাজি, 7 ডিসেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী উত্তর গোয়ার বার্চ বাই রোমিও লেন নাইটক্লাব ৷ দুর্ঘটনায় 25 জনের মৃত্যুতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ৷ নিহত 25 জনের মধ্যে 14 জন কর্মী, 4 জন পর্যটক রয়েছে বলে জানা গিয়েছে ৷
মুখ্যমন্ত্রী জানান, গোয়ায় এই প্রথম এমন ঘটনা ঘটল ৷ নাইটক্লাবের মালিক এবং জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হবে ।
মুখ্যমন্ত্রী সাওয়ান্ত এক্স-এর একটি পোস্টে লিখেছেন, "আরপোরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা থেকে উদ্ভূত পরিস্থিতি আমি নিবিড়ভাবে পর্যালোচনা করছি, যেখানে 25 জন প্রাণ হারিয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন । আহত ছয়জনের অবস্থা স্থিতিশীল এবং তাদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে । কারণ চিহ্নিত করতে এবং দায়বদ্ধতা নির্ধারণের জন্য আমি পুরো ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি ৷"
I am closely reviewing the situation arising from the tragic fire incident at Arpora, in which 25 people have lost their lives and 6 have been injured. All six injured persons are in a stable condition and are receiving the best medical care. I have ordered a magisterial inquiry…
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) December 7, 2025
মুখ্যমন্ত্রী আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ক্লাবের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল ৷ ভিড় এবং ছোট দরজার কারণে গ্রাহকরা বেরিয়ে আসতে পারেননি ৷ তাঁদের মধ্যে কেউ কেউ নিচতলার দিকে ছুটে যান এবং সেখানে আটকে পড়েন ৷
একজন প্রত্যক্ষদর্শীর মতে, আগুন লাগার সময় নাইটক্লাবের ডান্স ফ্লোরে কমপক্ষে 100 জন লোক ছিল ৷ পালানোর চেষ্টায়, তাদের মধ্যে কেউ কেউ নীচে রান্নাঘরে দৌড়ে যান এবং সেখানে তারা কর্মীদের সঙ্গে আটকে পড়েন ।

রাজ্য পুলিশ জানিয়েছে যে, রবিবার মধ্যরাতের পরে সিলিন্ডার বিস্ফোরণের কারণে নাইটক্লাবে আগুন লেগেছে ৷ তবে কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, ক্লাবের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়েছিল ৷ যেখানে পর্যটকরা নাচছিলেন ।
হায়দরাবাদ থেকে আগত এক পর্যটক ফাতিমা শেখ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "আগুনের শিখা বের হতে শুরু করলে হঠাৎ করেই হট্টগোল শুরু হয় । আমরা ক্লাব থেকে ছুটে বেরিয়ে দেখতে পাই পুরো কাঠামোটি আগুনে পুড়ে গিয়েছে ৷ সপ্তাহ শেষের দিন ছিল বলে নাইটক্লাবটিতে স্বাভাবিকভাবেই ভিড় অন্যান্যদিনের তুলনায় বেশি ছিল এবং কম করে হলেও 100 জন লোক নাচ ছিল তখন ।"
তিনি আরও বলেন, আগুন লাগার পর কিছু পর্যটক নিচতলায় দৌড়তে শুরু করে এবং সংঘর্ষের মধ্যে তারা নিচতলায় অবস্থিত রান্নাঘরে চলে যায় । অন্যান্য কর্মীদের সঙ্গে তাঁরা সেখানে আটকে পড়ে । আবার অনেকে ক্লাব থেকে পালিয়ে যেতে সক্ষম হন ৷ কিছুক্ষণের মধ্যেই পুরো ক্লাবটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় । দ্রুত আগুন ছড়িয়ে পড়া ও ভস্মীভূত হওয়ার কারণ সেটি তালপাতা দিয়ে তৈরি ছিল ৷"

নাইটক্লাবটি আরপোরা নদীর তলদেশে অবস্থিত ছিল ৷ এর প্রবেশ এবং প্রস্থান পথ ছিল সংকীর্ণ । সরু গলির কারণে দমকলবাহিনীর সদস্যদের ক্লাবে প্রবেশের কোনও সুযোগ ছিল না ৷ তাদের ট্যাঙ্কারগুলিকে ঘটনাস্থল থেকে প্রায় 400 মিটার দূরে পার্ক করতে হয়েছিল ।
দমকল বিভাগের একজন ঊর্ধ্বতন আধিকারিক পিটিআইকে জানান, সরু প্রবেশ পথের কারণে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে ৷ যার ফলে আগুন নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জিং কাজ হয়ে ওঠে ।

আরপোরা-নাগোয়া পঞ্চায়েতের প্রধান রোশন রেডকার বলেন, "ক্লাবটি সৌরভ লুথরা পরিচালনা করতেন ৷ সঙ্গীর সঙ্গে তাঁর বিরোধ ছিল । তাঁরা একে অপরের বিরুদ্ধে পঞ্চায়েতে অভিযোগ দায়ের করেছিল । আমরা প্রাঙ্গণটি পরিদর্শন করে দেখেছি যে তাদের ক্লাবটি নির্মাণের অনুমতি ছিল না । পঞ্চায়েত এটি ভাঙার নোটিশ জারি করলেও পঞ্চায়েত অধিদফতরের আধিকারিকরা তা স্থগিত করেছিলেন । প্রাঙ্গণের মূল মালিক লুথরাকে জায়গাটি ভাড়া দিয়েছিলেন ৷ অগ্নিকাণ্ডের ঘটনাটি দুর্ভাগ্যজনক । যেসব প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘন করছে, আমরা তাদের নোটিশ দিয়েছি । এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে ।"
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকারী ক্যালাঙ্গুটের বিধায়ক মাইকেল লোবো বলেন, "স্থানীয় পঞ্চায়েতগুলি সমস্ত নাইটক্লাবের অগ্নি নিরাপত্তা নিরীক্ষা করবে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় । ক্যালাঙ্গুট পঞ্চায়েত সোমবার সমস্ত নাইটক্লাবকে নোটিশ জারি করবে, তাদের অগ্নি নিরাপত্তার অনুমতি নেওয়ার প্রমাণ দেখানোর জন্য । প্রয়োজনীয় অনুমতি না থাকা ক্লাবগুলির লাইসেন্স বাতিল করা হবে ।"

