ETV Bharat / bharat

পরিবারের হাতে খুন প্রেমিক ! মৃত সঙ্গীকেই বিয়ে করলেন যুবতী

প্রথম থেকেই সক্ষমের সঙ্গে সম্পর্কের বিরোধিতা করে আঁচলের পরিবার ৷ পরিবারের কথা অমান্য করায় সক্ষমকে খুন করার অভিযোগ উঠেছে আঁচলের বাবা ও ভাইয়ের বিরুদ্ধে ৷

Representational image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 5:36 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নান্দেদ (মহারাষ্ট্র), 30 নভেম্বর: এ যেন কোনও সিনেমার চিত্রনাট্যর ! বাড়ির নিষেধ সত্ত্বেও ভালোবাসার মানুষকে বেছে নিয়েছিলেন তরুণী ৷ পরিবারের সম্মান রক্ষার্থে সেই মানুষটিকেই খুন করে মেয়েটির পরিবার বলে অভিযোগ ৷ অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে মৃত প্রেমিককে বিয়ে করলেন তরুণী ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদের পুরনো গঞ্জ এলাকায় ৷ তদন্তে সকল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সক্ষম টাটে ৷ বেশ কয়েকবছর ধরে আঁচল মামিলওয়ার নামে এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল ৷ ভিনজাতের হওয়ায় প্রথম থেকেই সম্পর্কের বিরোধিতা করে আঁচলের পরিবার ৷ এমনকী, দূরত্ব বজায় রাখার জন্য সক্ষমকে বেশ কয়েকবার হুমকি দেয় আঁচলের ভাই ৷ কিন্তু তাতে কাজ না-হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে 5টা নাগাদ তরুণীর বাবা ও ভাই তাঁকে খুন করে বলে অভিযোগ ৷

ঘটনা প্রসঙ্গে নান্দেদের ডিএসপি প্রশান্ত শিন্ডে বলেন, "খুনের ঘটনায় ইতিমধ্যে একটি এফআইআর রুজু করা হয়েছে ৷ তদন্ত চলছে ৷ ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷"

জানা গিয়েছে, আঁচলের দাদার বন্ধু ছিল সক্ষম ৷ সেই সুবাদে তাঁদের বাড়ি আসা-যাওয়া ছিল ৷ ধীরে ধীরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ বিষয়টি জানাজানি হতেই সম্পর্কের বিরোধিতা করে আঁচলের পরিবার ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সক্ষমের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসেন মেয়েটির মা ৷ অভিযোগ, এর কিছুক্ষণ পর সক্ষমকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করে আঁচলের বাবা গজানন মামিলওয়ার, ভাই সাহিল-সহ হিমেশ মামিলওয়ার ৷

ঘটনাটি ঘটার পরই প্রেমিকের বাড়ি যান তরুণী ৷ সেখানে সক্ষমের নিথর হাত দিয়ে কপালে সিঁদুর পড়ে নেন ৷ মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতওয়ারা থানার পুলিশ ৷ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতারও করা হয় ৷

প্রেমিককে হত্যার অভিযোগে পরিবারের সকলের কঠোর সাজার আবেদন করেছেন আঁচল ৷ তিনি বলেন, "সক্ষমের সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক ছিল ৷ কিন্তু, আমার পরিবার কোনও দিন এই সম্পর্কটি মেনে নেয়নি ৷"

পুলিশ সূত্রে খবর, সক্ষম এবং আঁচলের পরিবারের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে থানায় ৷ আঁচল আরও বলেন, "সক্ষম জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই তাঁকে খুন করার পরিকল্পনা করছিল আমার পরিবার ৷ আমাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷"

পড়ুন: বাড়ির নিষেধ সত্ত্বেও প্রেম ! সম্মান রক্ষার অছিলায় বোনকে পাহাড় থেকে ধাক্কা দাদার