বিষ মদ পান করে 4 যুবকের মৃত্যু ! বিহারের ঘটনায় শুরু তদন্ত
বন্ধুরা মিলে মদ্যপান করার সময় অসুস্থ হয়ে পড়েন 4 জন ৷ মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা সংগ্রহ তদন্তকারীদের ৷

Published : August 30, 2026 at 7:59 PM IST
পাটনা, 30 অগস্ট: বিষ মদ খেয়ে চার যুবকের মৃত্যুর অভিযোগ ৷ রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের বারহ মহকুমার বেধনা গ্রামে ৷ মদ্যপানের আসর চলাকালীন চার বন্ধুর শারীরিক অবস্থার অবনতি হয় ৷ জানা গিয়েছে, অসুস্থ বোধ করার কয়েক সেকেন্ডের মধ্যে তাঁরা জ্ঞান হারান ৷ তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়েছে ৷ বিষ মদ খাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ বিভিন্ন দিক থেকে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
এ নিয়ে বারহ মহকুমা পুলিশ আধিকারিক রাম কৃষ্ণ বলেন, "চারজন যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে ৷ বিষ মদে মৃত্যু কি না, সেই প্রমাণ সংগ্রহের জন্য এফএসএল টিমকে ডাকা হয়েছে ৷ মদ্যপানের জায়গা থেকেও নমুনা সংগ্রহ করা হচ্ছে ৷"
মৃত চার যুবকের পরিচয় হল- পঙ্কজ কুমার, নিশু কুমার, বিকাশ কুমার এবং শশী কুমার ৷ বন্ধুরা মিলে মদ্যপান করার সময়ই তাঁরা অসুস্থ হয়ে পড়েন ৷ সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর পিএমসিএইচ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷
এনিয়ে বারহ মহকুমা হাসপাতালের জেনারেল মেডিক্যাল অফিসার চিকিৎসক শ্রেয়া শেখর বলেন, "চার জনকে আমাদের কাছে আনা হয়েছিল ৷ প্রথমে তিন জনকে আনা হয়, পরে আরও একজন আসেন ৷ সকলের অবস্থাই গুরুতর ছিল ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, তাঁরা সকলেই মদ্যপান করেছিলেন ৷ তবে, নির্দিষ্ট কারণ আমরা বলতে পারব না ৷ তবে, চার জনের মুখ থেকেই ফ্যানা বের হচ্ছিল ৷"
পিএমসিএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জনেরই মৃত্যু হয় ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ অভিযোগ উঠেছে, মৃতেরা সকলে বিষ মদ পান করায় এই ভয়াবহ পরিণতি হয়েছে ৷ স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে ৷ তবে, স্বাস্থ্যের অবনতি ও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় ৷ বর্তমানে, বিষ মদ পানের বিষয়ে সরকারিভাবে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি ৷ তদন্ত এবং মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

