ETV Bharat / bharat

যুদ্ধের জেরে সৌদি আরবে আটকে স্বামী, রায়গঞ্জে উৎকণ্ঠায় বধূ

রায়গঞ্জের এই পরিবারের মতো আরও বহু পরিবার প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছে—যুদ্ধের অন্ধকার কাটিয়ে কবে ফিরবে স্বস্তির আলো ?

Raiganj
শুভজিৎ বন্দ্যোপাধ্যায় (ছবি-সংগৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 6:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রায়গঞ্জ, 1 মার্চ : ইজরায়েল ও ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে । লাগাতার হামলা-পালটা হামলার খবর প্রতিদিনই ভেসে আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে । যুদ্ধের এই অস্থিরতার ছায়া এবার এসে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক সাধারণ পরিবারের জীবনে । সৌদি আরবে কর্মরত এক যুবকের দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বাতিল হওয়ায় তা অনিশ্চিত । তার উপর শনিবারের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন - ফলে উৎকণ্ঠায় রাত কাটছে পরিবারের ।

রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা, স্থানীয় ওয়ার্ড কো-অর্ডিনেটর কল্পিতা মজুমদারের জামাই শুভজিৎ বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে প্রায় 11 মাস আগে খড়্গপুর থেকে সৌদি আরবে পাড়ি দেন । বর্তমানে জেদ্দা শহরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি । দেশে ফেরার উদ্দেশ্যে 2 মার্চের বিমানের টিকিট কাটা ছিল । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর ফেরা এখন অনিশ্চিত ।

যুদ্ধের জেরে ফ্লাইট বাতিল! সৌদি আরবে আটকে স্বামী, রায়গঞ্জে উৎকণ্ঠায় স্ত্রী (ইটিভি ভারত)

শুভজিতের স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে বাবার বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে থাকেন । তিনিও কর্মসূত্রে রয়গঞ্জে চাকরিরত । মৌমিতা জানান, শনিবার শেষবারের মতো স্বামীর সঙ্গে কথা হয়েছিল । সে সময় শুভজিৎ জানিয়েছিলেন, তাঁদের পাশের রাজ্যে হামলার ঘটনা ঘটেছে, জারি হয়েছে 'রেড অ্যালার্ট' । প্রশাসনের তরফে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে ।

তার পর থেকেই নিস্তব্ধতা । ফোনে আর যোগাযোগ করা যাচ্ছে না । সামাজিক মাধ্যমে কোনও খোঁজও মেলেনি । স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে ভীষণ উদ্বেগে রয়েছেন মৌমিতা । ছোট দু’টি সন্তান বাবার ফেরার দিন গুনছে । কাঁপা গলায় বললেন, "বুঝতে পারছি না, স্বামী ওখানে কী অবস্থায় আছে ৷ সরকারের কাছে একটাই আর্জি, আমার স্বামী-সহ যাঁরা ওখানে আটকে রয়েছে, দ্রুত তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক !"

Raiganj
শুভজিৎ বন্দ্যোপাধ্যায় (ছবি-সংগৃহীত)

শুভজিতের শাশুড়ি কল্পিতা মজুমদার জানান, দু’দিন ধরেই যুদ্ধ পরিস্থিতির খবর মিলছিল । কিন্তু শনিবারের পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে । ফ্লাইট বাতিলের খবর পাওয়ার পর থেকেই পরিবারে উৎকণ্ঠা চরমে পৌঁছেছে ।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু কূটনৈতিক টানাপোড়েনের বিষয় নয় । তা ছুঁয়ে যাচ্ছে প্রবাসী ভারতীয়দের জীবন, তাঁদের পরিবারের প্রতিদিনের স্বাভাবিকতা । রায়গঞ্জের এই পরিবারের মতো আরও বহু পরিবার প্রিয়জনের নিরাপদ প্রত্যাবর্তনের আশায় প্রহর গুনছে—যুদ্ধের অন্ধকার কাটিয়ে কবে ফিরবে স্বস্তির আলো, সেদিকেই তাকিয়ে সকলে ৷