ভয়াবহ হড়পা বান কাশ্মীরে, ভূমিধসে কাদামাটি-পাথরের নীচে চাপা পড়ল একাধিক ট্রাক
রাতভর বৃষ্টির ফলে আকস্মিক বন্যা চেনাব উপত্যকাজুড়ে, ব্যাহত যোগাযোগ ব্য়বস্থা ৷ কিশতওয়ার জেলায় 540 মেগাওয়াট 'কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় মারাত্মক ভূমিধস নামে ৷

Published : July 6, 2026 at 10:52 PM IST
জম্মু , 6 জুলাই: ভারী বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান জম্মু ও কাশ্মীরের ডোডা এবং কিশতওয়ার জেলায় ৷ এর ফলে ডোডা-কিশতওয়ার হাইওয়ের একটি বড় অংশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ৷ সোমবার সকাল থেকেই যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে এলাকাজুড়ে। ধসের জেরে কাদামাটি ও পাথরের নীচে চাপা পড়ে গিয়েছে বেশকিছু ট্রাক ৷
ডোডা জেলার প্রেমনগরের কাছে বন্যা ও ধসের কারণে রাস্তায় চলাচল অযোগ্য হয়ে পড়ে ৷ 244 নম্বর জাতীয় সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে মহাসড়কের দু'দিকেই সারিবদ্ধভাবে বহু যানবাহন আটকে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ইতিমধ্যেই রাস্তা পুনরুদ্ধার এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। এএনআই (ANI)-কে এনএইচআইডিসিএল (NHIDCL)-এর হাইওয়ে ম্যানেজার সানি পাধা জানান, প্রেমনগরের পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ ৷ রাস্তা পরিষ্কার করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
তিনি আরও বলেন, "আসল বিপর্যস্ত জায়গাটি হল, কালকা মাতা মন্দিরের কাছে ৷ আমার গাড়িটি সেখানেই রাখা ছিল। সকালে আমার কাছে একটা ফোন আসে ৷ তড়িঘড়ি সেখানে পৌঁছে দেখতে পাই, পরিস্থিতি ভয়াবহ ৷ চারদিকে বন্যা পরিস্থিতি ৷ জলমগ্ন অবস্থা। যেহেতু আমি এই এলাকার হাইওয়ে ম্যানেজার হিসেবে কাজ করি, তাই আমি অবিলম্বে ঘটনাস্থলে একটি এক্সকাভেটর ও জেসিবি (JCB) আনি এবং যান চলাচল স্বাভাবিক করি ৷ তবে সকালের সেই বন্যার পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয়।"

যতক্ষণ না রাস্তা সম্পূর্ণ পরিষ্কার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে এই পথ এড়িয়ে চলার এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটক, পুণ্যার্থী থেকে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, ওই রাস্তা যতক্ষণ না পর্যন্ত নিরাপদ ঘোষণা করা হয় ততক্ষম ওই এলাকা তাঁরা যেন এড়িয়ে চলেন। ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগের বেশকিছু ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, পাহাড়ি রাজ্যটির ভয়াবহ অবস্থা ৷

ডোডো জেলার পাশেই রয়েছে কিশতওয়ার ৷ সেখানে নির্মাণাধীন 540 মেগাওয়াট কোয়ার জলবিদ্যুৎ প্রকল্পের (Kwar Hydroelectric Power Project) সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় এক মারাত্মক ভূমিধস নামে। এই ধসের জেরে কাদামাটি ও পাথরের নীচে চাপা পড়ে গিয়েছে বেশকিছু ট্রাক-সহ নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহন ও সামগ্রী। হড়পা বানের কারণে হাইওয়ের উপর বিপুল পরিমাণ কাদা, পাথর জমা হয়েছে।
তবে স্বস্তির বিষয় এই যে, এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, তারা আবহাওয়ার পূর্বাভাস ও নদীর প্রবাহের উপর সর্বক্ষণ নজর রাখছে ৷ যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব বিভাগকে সতর্ক রাখা হয়েছে।

