ETV Bharat / bharat

দিল্লিতে শিক্ষা মন্ত্রকের কার্যালয়ে আগুন, কটাক্ষ কংগ্রেসের

সোমবার সকালে দিল্লিতে শিক্ষা মন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৷ কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷

Delhi Fire
দিল্লিতে শিক্ষা মন্ত্রকের দফতরে আগুন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 1, 2026 at 9:00 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 জুন: দেশের শিক্ষা মন্ত্রকের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটল ৷ সোমবার সকালে মধ্য দিল্লির স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার (এসপিএ) ভবনে অবস্থিত শিক্ষা মন্ত্রকের কার্যালয়ে আগুন ধরে যায় ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল বাহিনীর গাড়ি, অ্যাম্বুল্যান্স এবং পুলিশ আধিকারিকরা ৷ পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷

এই ঘটনায় অবশ্য কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ দিল্লির দমকল বাহিনী প্রাথমিকভাবে জানায়, পিডব্লিউডি'র সদর কার্যালয়ের কাছে বিকাশ মার্গে এসপিএ ভবনের দ্বিতীয় তলে অবস্থিত শিক্ষা মন্ত্রকের ভবনে আগুন লেগেছিল ৷

দিল্লিতে শিক্ষা মন্ত্রকের দফতরে আগুন (ইটিভি ভারত)

পরে শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, ড. রাজেন্দ্র প্রসাদ রোডে অবস্থিত কর্তব্য ভবন-2-এ শিক্ষা মন্ত্রক অবস্থিত ৷ এদিকে আগুন লাগার ঘটনাটি ঘটে বিকাশ মার্গের (আইটিও) ইন্দ্রপ্রস্থ এস্টেট-এর ব্লক বি-তে অবস্থিত স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার ভবন চত্বরে ৷

মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, "আগুন লাগার ঘটনাটি নগণ্য প্রকৃতির ৷ খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় ৷ হতাহত বা সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি ৷"

দিল্লির দমকল বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সকাল 9.37 টার সময় আগুন লাগার ঘটনার খবর পায় তারা ৷ এরপর আটটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভানো হয় ৷ এদিকে এই ঘটনায় কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোশাল মিডিয়ায় লিখেছেন, "শিক্ষা মন্ত্রকে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ৷ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রকৃতপক্ষে আগুন লাগিয়েছে বিজেপি তাদের ভুলভাল কাজকর্মের মধ্যে দিয়ে ৷ প্রশ্নপত্র ফাঁসে যুক্ত মাফিয়াদের মাধ্যমে শিক্ষাকে একটা লুঠের ব্যবসায় পরিণত করেছে বিজেপি ৷ ভ্যাপম কেলেঙ্কারির মধ্যে দিয়ে যে কাহিনি শুরু হয়েছিল, তার ফল এখন সিবিএসই পড়ুয়াদের ভুগতে হচ্ছে ৷"

পুলিশ জানিয়েছে, আইপি এস্টেট থানায় এই ঘটনার খবর আসে এবং সঙ্গে সঙ্গে স্থানীয় থানাকে ঘটনাটি জানানো হয় ৷ তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ৷