ETV Bharat / bharat

অমৃতসর থেকে দিল্লিগামী গরীব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন ! এলাকায় আতঙ্ক

শনিবার সকালে পঞ্জাবে অমৃতসর-সহরসা গরীব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন লেগে যায় ৷ রেলের তৎপরতায় মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় আগুন ৷

AMRITSAR SAHARSA GARIB RATH EXPRESS
গরীব রথ এক্সপ্রেসে ভয়াবহ আগুন (ছবি- পিটিআই-এর ভিডিয়ো থেকে)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 10:18 AM IST

3 Min Read
Choose ETV Bharat

সরহিন্দ, 18 অক্টোবর: অমৃতসর-সহরসা গরিব রথ ট্রেন নম্বর (12204)-এ ভয়াবহ আগুন ৷ শনিবার সকালে ট্রেনের একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় ৷ এরপর সঙ্গে সঙ্গেই ট্রেনটিকে অম্বালা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে সরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে থামিয়ে দেওয়া হয় ৷ রেল কর্তৃপক্ষের তৎপরতায় যাত্রীদের অন্য বগিতে স্থানান্তরিত করা হয় । প্রশাসনিক সূত্রে খবর, একজন যাত্রীর সামান্য আহত হয়েছেন ৷ তাঁর চিকিৎসা চলছে ৷

জানা গিয়েছে, এদিন সকালে লুধিয়ানা থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি ৷ সরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে সকাল সাড়ে 7টা নাগাদ আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ঊর্ধ্বতন কর্তা এবং পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন তাঁরা । রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে । আগুন একটি অংশে সীমাবদ্ধ থাকায় দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল ।

ঘটনা প্রসঙ্গে সরহিন্দ জিআরপির এসএইচও রতন লাল জানান, যাত্রীদের সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । তিনি আরও জানান, ঘটনায় তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয় ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেনটি শীঘ্রই তার গন্তব্যের দিকে রওনা দেবে ।

রেলের তরফে বিবৃতি

অম্বালার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এক বিবৃতিতে বলেন, "সরহিন্দ জংশনে ট্রেন নম্বর 12204 (অমৃতসর-সহরসা গরীব রথ এক্সপ্রেস)-এ আগুন লাগার ঘটনাটি ঘটে ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসন এবং রেলের কর্মীরা ৷ তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷" আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

এদিকে উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, কী থেকে কামড়ায় আগুন লাগে, তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে রেলের তরফে ৷ রেলের কর্মীরা দ্রুত সমস্ত যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং আগুন নেভাতে সক্ষম হন । কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । ক্ষতিগ্রস্ত কোচটিকে আলাদা করে রাখা হয়েছে । আগুন লাগার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে ।

সম্প্রতি, রাজস্থানের জয়সলমেরের আর্মি ওয়ার মিউজিয়ামের কাছে জয়সলমের-যোধপুর রোডে যাত্রীবাহী চলন্ত একটি বাসে আগুন লেগে যায় ৷ ঘটনাস্থলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় 21 জনের ৷ গুরুতর আহত হন বেশ কয়েকজন ৷ প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন নরেন্দ্র মোদি ৷

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে 3টে নাগাদ বাসটি দিল্লি থেকে জয়সলমেরের দিকে রওনা দেয় ৷ বাসের অধিকাংশ যাত্রী ছিলেন যোধপুরের ৷ 20 কিলোমিটার যাওয়ার পর থাইয়াট গ্রামের কাছে বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে ৷ সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন লেগে যায় ৷ যাত্রীদের অনেকে প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ির জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন ৷ এতেও বেশ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে ৷

পড়ুন: চলন্ত বাসে আগুন ! ঝলসে মৃত অন্তত 21 যাত্রী; শোকজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর