ছিলেন তিন সংবাদপত্রের সম্পাদক, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক এইচকে দুয়া
দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ সাংবাদিক ৷ সেখানেই বুধবার দুপুরে প্রয়াত হন ৷ ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন ৷ পেয়েছিলেন পদ্মভূষণ ৷

By PTI
Published : March 4, 2026 at 4:05 PM IST
নয়াদিল্লি, 4 মার্চ: প্রয়াত হলেন বিশিষ্ট সাংবাদিক এইচকে দুয়া ৷ বয়স হয়েছিল 88 বছর ৷ বুধবার দুপুরে দিল্লির একটি হাসপাতালে তাঁর জীবনাবসান হয় ৷ তাঁর পরিবারের তরফে এ কথা জানানো হয়েছে ৷ বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ তাঁর প্রয়ানে কংগ্রেস সাংসদ শশী থারুর থেকে শুরু করে আরও অনেকেই শোক জ্ঞাপন করেছেন ৷
সাংবাদিক জীবনে তিনটি সর্বভারতীয় সংবাপত্রের সম্পাদকের দায়িত্ব সামলেছেন ৷ ভারতীয় সাংবাদিকদের মধ্যে এই কৃতিত্ব আর কারও নেই ৷ পাশাপাশি দুই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং এইচডি দেবেগৌড়ার মিডিয়া অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন ৷ সংবাদমাধ্যমে উল্লেখযোগ্য অবদানের জন্য 1998 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন ৷
Saddened to learn that Shri H. K. Dua — Padma Bhushan, former Member of Parliament (Rajya Sabha), Editor, Media Advisor to the former Prime Minister of India, and India’s former Ambassador to Denmark — passed away peacefully this afternoon at 88. He had the rare distinction of… pic.twitter.com/1iDLh4ybQd
— Shashi Tharoor (@ShashiTharoor) March 4, 2026
2009 সালে রাষ্ট্রপতি মনোনিত সদস্য হিসেবে রাজ্যসভার সদস্য হন ৷ 2015 সাল পর্যন্ত সাংসদ হিসেবে একাধিক বিতর্কে অংশ নিয়েছেন সংসদের উচ্চকক্ষে ৷ বিভিন্ন বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেছিলেন ৷ তার অনেক আগে 2001 সাল থেকে 2003 সালের মধ্যে ডেনমার্কে রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেছিলেন ৷
দুয়ার জন্ম 1937 সালের 1 জুলাই ৷ কর্মজীবনে রাজনৈতিক সংবাদদাতা হিসেবে পাঠকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি ৷ তাঁর রাজনৈতিক বিশ্লেষণ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ দীর্ঘ পথ পেরিয়ে সংবাদপত্রের সম্পাদক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন দুয়া ৷ 1987 সালে হিন্দুস্তান টাইমস পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন ৷ 1994 সাল পর্যন্ত ছিলন সেই পদে ৷ পরের দু'বছর সম্পাদন করেছেন দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার ৷ আরও পরে 2003 থেকে 2009 সাল পর্যন্ত দ্য ট্রিবিউন পত্রিকার সম্পাদনার ভারও ছিল তাঁর উপর ৷ 1997 থেকে 98 সাল পর্যন্ত সম্পাদকীয় পরমার্শদাতা হিসেবে যুক্ত ছিলেন টাইম অফ ইন্ডিয়ার সঙ্গে ৷
সাংসদ থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য ছিলেন এই প্রবীণ সাংবাদিক ৷ পঞ্জাব এবং কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছে ৷ সাংবাদিক হিসেবে একাধিক যুগান্তকরী খবর পরিবেশন থেকে শুরু করে সম্পাদনের সঙ্গে তিনি জড়িত ছিলেন ৷ মাস খানেক প্রয়াত হন আরও এক বিশিষ্ট সাংবাদিক মার্ক টুলি ৷ জন্মসূত্রে ব্রিটিশ হলেও ভারতের সঙ্গে তাঁর ছিল নাড়ির টান ৷ বিবিসির সাংবাদিক হিসেবে জাতীয় রাজনীতির একাধিক ঘটনা সামনে থেকে দেখেছেন তিনি ৷ এবার প্রয়াত হলেন এইচকে দুয়া ৷

