ETV Bharat / bharat

ছাদের নীচে শুয়ে অজগর, কীভাবে উদ্ধার; দেখুন ভিডিয়ো

8 ফুটের সরীসৃপটিকে অক্ষত অবস্থায় বের করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারীদের ৷ দেখুন সেই ভয় ধরানো ভিডিয়ো ৷

Python Rescued
বাড়ির ছাদের নীচ থেকে উদ্ধার হওয়া পাইথন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 25, 2026 at 2:16 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কোরবা (ছত্তিশগড়), 25 ফেব্রুয়ারি: ভেবে দেখুন তো আপনি বাড়িতে ঘুমাচ্ছেন ৷ হঠাৎ, সাপের ফোঁসফোঁস শব্দ ৷ আতঙ্কিত হলেও এমনই ঘটনার সাক্ষী এক পরিবার ৷ ভাবতেই পারছেন না, একটি অজগর তাঁদের সঙ্গে বাস করছিল ৷ ঘটনাটি ছত্তিশগড়ের কোরবা জেলার করতালার বাগবুদা গ্রামের ৷ একটি বাড়ির মাটির ঘরের ছাদের নীচে ঘাপটি মেরে ছিল আট ফুটের অজগর ৷

সাপটিকে দেখতে পেয়েই চিৎকার করে ওঠেন তাঁরা ৷ অবাক হয়ে যান এটা ভেবে যে, এতদিন যে বাড়িতে তাঁরা শান্তিতে ঘুমাচ্ছিলেন সেই বাড়ির ছাদে এই বিরাট অজগর লুকিয়ে ছিল ৷

পাইথন উদ্ধারের ভিডিয়ো (ইটিভি ভারত)

যে বাড়িতে অজগরটি পাওয়া গিয়েছে সেখানকার বাসিন্দারাও হতবাক ৷ ভাবছেন যে, লোকজনের উপস্থিতি এড়িয়ে কীভাবে ছাদের নীচে ঢুকে পড়ল । জানা গিয়েছে, দেখতে পেয়ে পরিবারটি প্রথমে নিজেরাই অজগরটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল ৷ কিন্তু 5-6 ঘণ্টা ধরে চেষ্টা করেও তাঁরা ব্যর্থ হন ৷ সেটি যে না গিয়ে ছাদে ঘাপটি মেরেছে তা ঘুণাক্ষরেও টের পাননি ৷ 15 ফুট উঁচু দেওয়ালে কীভাবে উঠল সবার নজর এড়িয়ে তাই অবাক করেছে সকলকে ৷

খবর পেয়ে সাপ ধরার দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে উদ্ধার করে ৷ জিতেন্দ্র সারথি এবং ভূপেন্দ্র জগত অনেক চেষ্টার পর বাড়ির ছাদে থাকা থাকা অজগরটিকে উদ্ধার করেন ৷ তারপর পরিবারটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ৷

Python Rescued
উদ্ধারের পর পাইথনটিকে নিয়ে যাওয়ার মুহূর্ত (ইটিভি ভারত)

সাপটিকে উদ্ধার করে জিতেন্দ্র বলেন, "অনেকক্ষণ চেষ্টার পরেও বাড়ির লোকজন সাপটিকে বের করতে না পেরে আমাদের খবর দেন ৷ আমি বলেছিলাম সাপটি যেমন আছে থাকতে দিন বেশি কিছু করবেন না আমরা যাচ্ছি ৷ তারপর এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি ৷ পরবর্তীতে সেটি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷ এখানে যেহেতু প্রায়শই সাপের দেখা মেলে তাই স্থানীয়দের আমরা বলে রাখি যে, সাপ দেখলে কোনও ক্ষতি করবেন না বা মেরে ফেলবেন না ৷ আমাদের খবর দেবেন আমরা সাপ উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেব ৷"

কোরবা জেলা বিভিন্ন প্রজাতির সাপের জন্য পরিচিত । কিং কোবরাও করতলার কিছু এলাকায় বাস করে ৷ প্রাকৃতিক আবাসস্থল বলা যায় ৷ এখানে 18 ফুট পর্যন্ত লম্বা একটি কিং কোবরা পাওয়া গিয়েছে । স্থানীয়রা বলছেন যে, এই এলাকায় বিভিন্ন প্রজাতির সাপ পাওয়া যাচ্ছে । বন বিভাগ এখানে এমন একটি আবাসস্থল গড়ে তোলার পরিকল্পনা করছে যেখানে সাপরা সুরক্ষা পেতে পারে, বিশেষ করে কিং কোবরার জন্য একটি নিরাপদ আবাসস্থল করতলা । তবে এলাকায় সাপের বিচরণ থাকলেও, তা যে শোওয়ার ঘরেও ঘাপটি মেরে থাকবে তা বিশ্বাস করতে পারছেন না স্থানীয়রা ৷

এই ঘটনার দু'দিন আগে কর্ণাটকের একটি বাড়ি থেকে সাতটি পাইথন উদ্ধার করে বনবিভাগের আধিকারিকরা ৷ সেখানেও বাড়ির অপ্রয়োজনীয় আসবাবপত্রের মধ্যে কবে থেকে যে সাপগুলি ঘাপটি মেরেছিল তা ভেবেই অবাক হয়েছেন বাড়ির সদস্যরা ৷