ETV Bharat / bharat

বাংলায় শুরু SIR, লাগবে কোন কোন নথি ? আধার কার্ড নিয়ে যা বলল কমিশন

এসআইআর প্রক্রিয়ার প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড গ্রহণ করবে নির্বাচন কমিশন ৷ কিন্তু তার সঙ্গে আরও 11টি নথি দেওয়ার কথা জানিয়েছে ভোট পরিচালন সংস্থা ৷

SIR in west bengal
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু মঙ্গলবার থেকে (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 27, 2025 at 6:53 PM IST

4 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 27 অক্টোবর: রাত ফুরোলেই পশ্চিমবঙ্গ-সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকায় বিশেষ সংশোধ এসআইআর প্রক্রিয়া ৷ এই প্রক্রিয়ায় আধার কার্ড গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সোমবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার জানান, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ৷ কিন্তু পরিচয়ের প্রমাণ হিসাবে তা গ্রহণ করবে কমিশন ৷

কোনও ভোটার, কমিশনের উল্লিখিত আধার কার্ড-সহ 12টি নথির বাইরে নাগরিকত্বের প্রমাণস্বরূপ অন্য কোনও নথি নির্বাচনী আধিকারিকের কাছে দেখাতে পারেন ৷ নির্বাচনী আধিকারিক তা বিচার করে দেখবেন বলে জানিয়েছে কমিশন ৷

Documents needed of SIR
এসআইআর প্রক্রিয়ায় যে নথিগুলি লাগবে (ছবি: ইসিআই এর এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত)

এছাড়া আরও এগারোটি নথির কথা জানিয়েছে কমিশন-

  • যেকোনও পরিচয়পত্র/কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী/পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার ৷
  • 01.07.1987 আগের সরকার/স্থানীয় কর্তৃপক্ষ/ব্যাঙ্ক/ডাকঘর/ভারতীয় জীবন বিমা নিগম/রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনও পরিচয়পত্র/শংসাপত্র/নথি ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট ৷
  • পাসপোর্ট ৷
  • স্বীকৃত পর্ষদ/বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট/শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র ৷
  • রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র ৷
  • বনভূমি অধিকার শংসাপত্র ৷
  • উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়/তফসিলি জাতি/তফসিলি উপজাতি বা অন্য কোনও জাতিগত সংশাপত্র ৷
  • জাতীয় নাগরিক পঞ্জি (NRC) (যাদের ক্ষেত্রে হয়েছে) ৷
  • রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পারিবার পঞ্জি (ফ্যামিলি রেজিস্টার) ৷
  • আধার কার্ড ৷

এদিন আধার কার্ড নিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, "সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধারকে আধার আইনের 9 নম্বর সেকশন অনুযায়ী ব্যবহার করতে হবে ৷ এটি বাসস্থান বা নাগরিকত্বের প্রমাণ নয় ৷"

বিহারের এসআইআর প্রক্রিয়ার পর দ্বিতীয় পর্যায়ের এসআইআর-এ এনুমারেশন ফর্মে একটি পরিবর্তন করেছে কমিশন ৷ এই পর্যায়ে এনুমারেশন ফর্মে পূর্ববর্তী এসআইআর-এর (2002-2004 সাল) বিস্তারিত তথ্য দেওয়ার একটি বক্স থাকবে ৷ পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল 2002 সালে ৷ সেই সময় ভোটারের নাম এসআইআর তালিকায় থাকলে তার বিস্তারিত তথ্য এই বিশেষ বক্সে পূরণ করতে হবে ৷ ভোটারের নাম না থাকলে তাঁর বাবা বা কাকা বা অন্য কোনও আত্মীয়ের নাম থাকলে সেই তথ্য ওই বক্সে পূরণ করতে হবে ৷ এর ফলে এসআইআর প্রক্রিয়া আরও সরল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার ৷

এনুমারেশন ফর্মে আগে থেকে ছাপা থাকবে (Pre-Printed)

  • ভোটারের নাম
  • এপিক নম্বর
  • ঠিকানা
  • সিরিয়াল নম্বর, পার্ট নম্বর এবং নাম
  • বিধানসভা বা লোকসভা কেন্দ্রের নাম
  • রাজ্য
  • কিউআর কোড
  • ভোটারের পুরনো ছবি
  • এই ফর্মে ভোটারকে তাঁর বর্তমান রঙিন ছবি দিতে হবে

এসআইআর প্রক্রিয়ার পর নতুন এপিক কার্ডে এই রঙিন ছবি লাগানো থাকবে, জানিয়েছে কমিশন ৷ বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন ৷ প্রয়োজনে ভোটারকে এই ফর্ম পূরণে সাহায্য করবেন ৷ এরপর ভোটারের স্বাক্ষরিত ফর্মটি বিএলও সংগ্রহ করবেন ৷ এই পর্বে কোনও নথি দিতে হবে না, জানিয়েছে কমিশন ৷ বুথ স্তরের আধিকারিকরা অন্ততপক্ষে তিনবার প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন ৷ যাঁরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছেন, তাঁরা অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন ৷ শহরের ভোটাররা দিনের বেলা কাজে বাইরে ব্যস্ত থাকেন ৷ তাই তাঁরাও অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন ৷

কাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না

এদিন মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী 1 জুলাই, 1987 সালের পূর্বে কেউ জন্মগ্রহণ করলে, তাঁকে ভারতের নাগরিক বলে গণ্য করা হয় ৷ এই সময়ে যাঁদের জন্ম হয়েছে, তাঁদের বয়সের সঙ্গে 18 বছর যোগ করলে তাঁরা 2002-03-04 সালে ভোটাধিকার প্রয়োগের বয়সে পৌঁছে গিয়েছেন ৷ তাই শেষ এসআইআর-এ তাঁদের নাম থাকার কথা ৷ পূর্ববর্তী এসআইআর-এ নাম থাকলে, তাঁদের নাগরিকত্বের যাচাই করার দরকার নেই ৷ এই জন্য পূর্ববর্তী এসআইআর-এর তারিখটি প্রয়োজন ৷"

তিনি আরও বলেন, "2002, 2003 বা 2004 সালে ভোটারের পরিবারের প্রবীণ সদস্যরা কোথায় ছিলেন ? যদি তাঁদের নাম এসআইআর তালিকায় থাকে, তাহলে বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই ৷"

শেষ এসআইআর-এর তালিকায় নাম না-থাকলে

শেষ ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় পর প্রকাশিত ভোটার তালিকায় ভোটারের নাম না-থাকলে অথবা তাঁর পরিবারের প্রবীণ সদস্যদের নাম না থাকলে, সেই ভোটারকে নোটিশ জারি করা হবে ৷ তখন ভোটারকে তাঁর পরিবারের প্রবীণ সদস্যরা পূর্ববর্তী এসআইআর প্রক্রিয়ায় তাঁরা কোথায় ছিলেন থাকলে, তার প্রামাণ্য নথি দেখাতে হবে ৷ পাশাপাশি তাঁকে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে বিশদে ব্যাখ্যা করতে হবে যে, 2002-03-04 সালে তিনি কোথায় ছিলেন ৷