ETV Bharat / bharat

অবিশ্বাস্য লড়াই ! মাত্র 1 ভোটে পরাজিত মন্ত্রী

ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ একটা ভোটে হারলেন মন্ত্রী ৷ এটা ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন ওমান থেকে ভোট দিতে আসা টিভিকের সমর্থক ৷

TAMIL NADU ASSEMBLY ELECTION RESULTS 2026
এক ভোটে হারলেন তামিলনাড়ুর বিদায়ী মন্ত্রী পেরিয়াকারুপ্পান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2026 at 1:54 PM IST

3 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 5 মে: কথা প্রসঙ্গে আমরা প্রায়শই বলে থাকি, একটা ভোটে কি আর হার-জিত নির্ভর করে ! বিশ্বাস না-হলেও, আজকে এই খবরটা পড়ার পর আর হয়ত সে কথা বলবেন না ৷ একটা ভোটও যে কতটা গুরুত্বপূর্ণ, তা ভেবে হয়ত ভাগ্যকেই দুষছেন মন্ত্রীমশাই ৷ এদিকে এই খবরটা জানতে পেরেই নিজেকে ভাগ্যবান মনে করছেন টিভিকে'-র এক প্রবাসী ভক্ত ৷

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার তিরুপাত্তুর বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় ৷ প্রথমে ডিএমকে মন্ত্রী কেআর পেরিয়াকারুপ্পান, টিভিকে প্রার্থীর চেয়ে 30 ভোটে এগিয়ে ছিলেন । কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল অন্য ৷ শেষ দফায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় এবং শিবগঙ্গা জেলার তিরুপাত্তুর আসনটি পেরিয়াকারুপ্পান মাত্র এক ভোটের ব্যবধানে হেরে যান ৷

তাঁর প্রতিদ্বন্দ্বী, তামিলগা ভেট্রি কাজাগাম (TVK)-এর শ্রীনিবাস সেতুপতি 83,365 ভোট পান ৷ অন্যদিকে, পেরিয়াকারুপ্পান পান 83,364 ভোট ৷ যা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, একটি মাত্র ভোট কীভাবে ফলাফলে বিশাল পার্থক্য গড়ে দিতে পারে ৷

TAMIL NADU ASSEMBLY ELECTION RESULTS 2026
এক ভোটের হেরফেরে মন্ত্রীমশাইয়ের হার (ECI)

আর এই একটি মাত্র ভোটে পছন্দের দলীয় প্রার্থীর জয় দেখে নিজেকে ভাগ্যবান মনে করছেন TVK প্রধান থলপতি বিজয়ের এক ভক্ত ৷ ওমানে কর্মরত প্রবাসী ভারতীয় মানিকন্দন শিবানান্থম এক্স পোস্টে লেখেন,"এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেই বিশেষভাবে 3000 কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করেছি । তিরুপাত্তুর আসনে টিভিকে মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছে । আমি গর্বিত যে থলপতিকে ভোট দেওয়ার জন্য আমি মাস্কাট থেকে এতদূর ভারতে এসেছি ।"

অন্যদিকে, বিজেপি প্রার্থী কেসি তিরুমারান 29,054 ভোট পেয়ে তৃতীয় স্থান পান ৷ তিনি বিজয়ী প্রার্থীর চেয়ে 54,000-এরও বেশি ভোটে পিছিয়ে পড়েন ।

তিরুপাত্তুর কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (EVM) ভোটগণনা চলাকালীন পেরিয়াকারুপ্পান এবং সেতুপতির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় ৷ যেখানে দু'জনের ভোটের ব্যবধান ছিল অত্যন্ত নগণ্য । ইভিএম-এর ভোট গণনায় টিভিকে প্রার্থী 200 ভোটে এগিয়ে থাকলেও, পরবর্তীকালে পোস্টাল ব্যালটের (postal ballots) গণনা চলাকালীন মন্ত্রী পেরিয়াকারুপ্পান 200 ভোটে এগিয়ে যান ৷ তবে চূড়ান্ত ফলাফলে দেখা যায় যে, টিভিকে প্রার্থী সেতুপতি মন্ত্রী পেরিয়াকারুপ্পানকে মাত্র একটি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ৷

ফলাফল মেনে নিতে অস্বীকার করে, ডিএমকে কর্মীরা ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন । তবে আধিকারিকরা সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং উত্তেজিত জনতাকে শান্ত করার পর বাতিল হয়ে যাওয়া ভোটগুলো যাচাইয়ের কাজ শুরু করেন ।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে, অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে(TVK) দলটি 234 সদস্যবিশিষ্ট বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং 108টি আসনে জয়লাভ করে । দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (DMK) 59টি আসন এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (AIADMK)-এর নেতৃত্বাধীন জোট 47টি আসনে জয়ী হয় ৷ কংগ্রেস মাত্র পাঁচটি আসনে জয়লাভ করতে সক্ষম হয় এবং পাত্তালি মক্কাল কাচি চারটি আসনে জয় পায় ।

এক ঐতিহাসিক অভিষেকের মধ্য দিয়ে, TVK প্রধান বিজয় পেরাম্বুর এবং তিরুচিরাপল্লি (পূর্ব) আসনে বিপুল বিজয় অর্জন করেছেন ৷ তিনি যথাক্রমে 53,715 এবং 27,416 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন । সমস্ত আসনের ভোট গণনা সম্পন্ন হওয়ার পর, একক বৃহত্তম দল হিসেবে TVK পরবর্তী সরকার গঠনে এক নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে ৷