মিরাকেল! অঙ্গদানের জন্য মৃতদেহে রক্ত চলাচল করলেন এশিয়ার প্রথম চিকিৎসক
এশিয়ায় এই প্রথম মৃত্যুর পর দেহের শরীরে রক্ত সঞ্চালন পুনরায় শুরু করলেন চিকিৎসক ৷ অঙ্গ সংরক্ষণের জন্য এই মিরাকেল করে দেখালেন দেশের চিকিৎসক ৷

Published : November 9, 2025 at 3:49 PM IST
নয়াদিল্লি, 9 নভেম্বর: হৃদস্পন্দন থমকে যাওয়ায় মৃত্যুর পর দেহের সমস্ত রক্ত নীচের অংশে চলে যায় ৷ ফলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃতদেহে বন্ধ হয়ে যায় রক্তের চলাচল ৷ চিকিৎসা শাস্ত্রের স্বাভাবিক এই নিয়মে মিরাকেল ঘটালেন দিল্লির ডাক্তাররা ৷ এশিয়ায় এই প্রথম অঙ্গ সংরক্ষণের জন্য দেহের ময়নাতদন্তের পর ফের রোগীর শরীরে রক্ত সঞ্চালন শুরু করে তাক লাগিয়ে দিলেন এইচসিএমসিটি মণিপাল হাসপাতালের চিকিৎসকরা ৷
মোটর নিউরন রোগে আক্রান্ত 55 বছরের গীতা চাওলা দীর্ঘদিন ধরে শয্যাসায়ী ছিলেন ৷ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে 5 নভেম্বর তাঁকে দ্বারকার এইচসিএমসিটি মণিপাল হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর অঙ্গদান করবেন ৷ হাসপাতালে ভর্তির পর গীতার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে ৷ মৃত্যু অনিবার্য বুঝতে পেরে লাইফ সাপোর্টে না-রাখার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা ৷ 6 নভেম্বর রাত 8টা 43 মিনিটে মৃত্যু হয় তাঁর ৷
গীতার শেষ ইচ্ছার মান রাখতে অঙ্গ সংরক্ষণের জন্য নরমোথারমিক রিজিওনাল পারফিউশন (এনআরপি) নামে একটি বিরল এবং জটিল চিকিৎসা পদ্ধতি সম্পন্ন করেন হাসপাতালের বিশেষ মেডিক্যাল টিম ৷ এই পদ্ধতিতে এক্সট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর (ইসিএমও) ব্যবহার করে তাঁর মৃত্যুর 5 মিনিট পরও চিকিৎসকরা গীতার বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন পুনরায় সফলভাবে শুরু করেন ৷
মণিপাল ইনস্টিটিউট অফ ক্রিটিকাল কেয়ার মেডিসিনের চেয়ারম্যান ডাক্তার শ্রীকান্ত শ্রীনিবাসন বলেন, "চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা বিরল ৷ অঙ্গদানের জন্য অঙ্গ সংরক্ষণ করতে মৃত্যুর বেশ কয়েকমিনিট পর দেহে পুনরায় রক্ত সঞ্চালনের ঘটনা এশিয়ায় এই প্রথম ৷" তিনি আরও বলেন, "সাধারণত ব্রেন ডেথ রোগীদের ক্ষেত্রে দেশে অঙ্গদানের বিষয়টি প্রচলিত রয়েছে ৷ সেক্ষেত্রে রোগীর হৃদস্পন্দন সচল থাকে ৷ কিন্তু স্বাভাবিক মৃত্যুতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় অঙ্গদান কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায় ৷ ফলে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ পরে মৃত্যু (DCD) দান করার ক্ষেত্রে, হৃদপিণ্ড বন্ধ হয়ে যায়, তাই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। NRP পদ্ধতি ব্যবহার করে আমরা নিরাপদে লিভার এবং কিডনটিকে দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে সক্ষম হয়েছি ৷"
অঙ্গ সংরক্ষণের নিমেষের মধ্যে অঙ্গগুলিকে প্রতিস্থাপনের ব্যবস্থা করে দেওয়া হয় ন্যাশনাল অরগান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন (NOTTO)-এর তরফে ৷ ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে চিকিৎসাধীন 48 বছরের এক ব্যক্তির শরীরে প্রতিস্থাপিত হয় গীতার লিভার ৷ তাঁর দু'টি কিডনি প্রতিস্থাপিত করা হয় সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন 63 বছর এবং 58 বছরের দুই ব্যক্তির শরীরে ৷ এমনকী তাঁর কর্নিয়া এবং চামড়াও দান করা হয় দুই রোগীকে ৷

