ETV Bharat / bharat

ফের নজরে আল-ফালাহ ! দিল্লি, ফরিদাবাদের 25টি জায়গায় অভিযান ইডি'র

দিল্লি বিস্ফোরণের সঙ্গে নাম জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসক ৷ এবার বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করল ইডি ৷

Enforcement Directorate (ED) conducts raid at the Delhi office of Al Falah University in Okhla
ওখলায় আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে ইডি'র তল্লাশি (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 18, 2025 at 11:54 AM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 18 নভেম্বর: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের বিষয়ে এবার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত দিল্লি এবং ফরিদাবাদের মোট 25টি জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ সেই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত প্রতিটি ব্যক্তিরও তল্লাশি করা হয় ৷

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত আইনে (পিএমএলএ) রুজু হওয়া মামলায় ইডি-এর এই অভিযান ৷ এদিন ভোর 5টে থেকে অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় বিশ্ববিদ্যালয়ের অফিসেও এদিন অভিযান চালান তাঁরা ৷ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদেরও জিজ্ঞাসাবাদ করা হয় ৷ চলতি সপ্তাহের শুরুতে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয় এবং এর ট্রাস্টিদের বিরুদ্ধে সন্দেহজনক আর্থিক বেনিয়মের তদন্তের জন্য মামলা দায়ের করে ইডি ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবারের অভিযান বলে জানা গিয়েছে ৷ তবে এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও ঘটনা সামনে আসেনি ৷

দিল্লি বিস্ফোরণের ঘটনার আগে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করা হয় ৷ তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ধারায় মামলা রুজু করা হয় ৷ লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷ সূত্রের খবর, দিল্লির বিস্ফোরণে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে আর্থিক কোনও লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্যই এদিনের এই অভিযান ৷

গত 10 নভেম্বর লালকেল্লার সামনে সাদা রঙের হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণটি ঘটে ৷ ঘটনার সময়ে গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিল কাশ্মীরি চিকিৎসক উমর নবি ৷ বিস্ফোরণে তারও মৃত্যু হয় ৷ ইতিমধ্যেই তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ৷ উল্লেখ্য, হরিয়ানার ফরিদাবাদ জেলার ধূজ এলাকায় অবস্থিত আল-ফালাহ বিশ্ববিদ্যালয়টি ৷ এটি একটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ৷

ইডি'র তল্লাশি অভিযানের আবহে দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত দোষীদের প্রয়োজনে পাতাল খুঁড়ে বের করে আনা হবে বলে ফের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ফরিদাবাদে আয়োজিত 32তম নর্দার্ন জোনাল কাউন্সিলের (এনজেডসি) বৈঠকের বক্তব্যে তিনি স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে সন্ত্রাসবাদকে কোনও রকমভাবে রেয়াত করা হবে না ৷ সন্ত্রাসবাদের মূল সম্পূর্ণ উপড়ে ফেলা হবে ৷ ভয়াবহ সেই ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিচার পাবেন ৷

পড়ুন: দিল্লি বিস্ফোরণ: ডালখোলা থেকে আটক চিকিৎসককে ছেড়ে দিল NIA, স্বস্তিতে পরিবার