আরাবল্লী নিয়ে নিজের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, তৈরি নয়া বিশেষজ্ঞ কমিটি
সোমবার আগের রায় বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরকালীন বেঞ্চ ৷ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

By PTI
Published : December 29, 2025 at 2:53 PM IST
নয়াদিল্লি, 29 ডিসেম্বর: আরাবল্লী পর্বতমালা নিয়ে নিজের আগের রায়ের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ 20 নভেম্বর আরাবল্লী সংক্রান্ত কেন্দ্রের প্রস্তাবিত সংজ্ঞা মেনে নেয় শীর্ষ আদালত ৷ সেই রায় সোমবার বাতিল করে দিল আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির অবসরকালীন বেঞ্চ ৷ সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব ৷
তাছাড়া আরাবল্লীর পর্বতমালার নতুন সংজ্ঞার কী প্রভাব পড়বে তা ঠিক করতে নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত ৷ এই মামলায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাতকেও নিজের বক্তব্য জানাতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
বেঞ্চের পর্যবেক্ষণ, আরাবল্লী পর্বতমালা নিয়ে এর আগে এই আদালত যে রায় দিয়েছিল তার উপর স্থগিতাদেশ জারি করা দরকার ৷ পাশাপাশি এ নিয়ে আগের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের উপরেও স্থগিতাদেশ জারি হচ্ছে ৷ আদালত মনে করছে বেশ কয়েকটি ব্যাপারে ব্যাখ্যা প্রয়োজন ৷ আর তাই কেন্দ্রীয় সরকার এবং চারটি রাজ্য সরকারকে নোটিশ পাঠানো হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি 21 জানুয়ারি ৷
সর্বোচ্চ আদালতের নির্দেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সুপ্রিম কোর্ট আগের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ৷ পাশাপাশি নতুন বিশেষজ্ঞ কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে ৷ এই নির্দেশকে আমি স্বাগত জানাই ৷ আরাবল্লী পর্বতমালার পরিবেশ রক্ষার ব্যাপরে আমরা এখনও আগের মতোই বদ্ধপরিকর ৷"
দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাত-এই চারটি রাজ্যজুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বতমালা পৃথিবীর প্রাচীনতম ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি ।তাছাড়া এটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতমালাগুলির মধ্যেও একটি । বন্যপ্রাণী, উদ্ভিদ এবং প্রাণীজগতে সমৃদ্ধ এই পর্বতমালা উত্তর ভারতের জলবায়ু এবং জীববৈচিত্র্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে বলে মনে করেন পরিবেশবিদরা । সম্প্রতি এই পর্বতমালার নয়া সংজ্ঞা নির্ধারণ করেছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই সংজ্ঞা মেনে নেয় সুপ্রিম কোর্ট ৷ কিন্তু এতে বেআইনি খনন উৎসাহ পাবে বলে দাবি করে বিভিন্ন সংগঠন ৷ শুরু হয় প্রতিবাদ ৷ এমনই আবহে নিজের আগের রায় বাতিল করল শীর্ষ আদালত ৷
কেন্দ্রের নতুন সংজ্ঞা অনুযায়ী-
- আশেপাশের ভূমি থেকে 100 মিটার বা তার বেশি উঁচু ভূমিরূপগুলিকে আরাবল্লী পর্বতমালা হিসেবে বিবেচনা করা হবে ।
- দুই বা ততোধিক পাহাড় একে অপরের 500 মিটারের মধ্যে অবস্থিত হলে সেগুলিকেও আরাবল্লী পর্বতমালার অংশ হিসেবে বিবেচনা করা হবে ।
আরাবল্লীর এই নতুন সংজ্ঞা নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা ৷ তাঁদের একাংশ মনে করছে, এই নতুন সংজ্ঞা অনুযায়ী 100 মিটারের কম উচ্চতার বেশিরভাগ পাহাড়কে সংরক্ষিত এলাকা থেকে বাদ দেওয়া হবে । তাঁদের আশঙ্কা, এই নির্দেশ কার্যকর হলে এলাকায় খনি, নির্মাণ এবং অন্যান্য বাণিজ্যিক কার্যকলাপের পথ প্রশস্ত হবে । এই উদ্বেগের কারণে, দেশজুড়ে পরিবেশবিদরা আরাবল্লী বাঁচাও #SaveAravali প্রচারও শুরু করেছেন তাঁরা। এবার নিজের পুরনো নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত ৷
20 নভেম্বরের রায়
আরাবল্লী সংক্রান্ত মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ ৷ এটাই ছিল ওই ডিভিশন বেঞ্চের শেষ রায় ৷ আদালত জানায়, তারা পরিবেশ-বন ও আবহাওয়া পরিবর্তন মন্ত্রকের সুপারিশ মেনে নিয়েছে ৷ আরাবল্লীকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার যে নতুন সংজ্ঞা নির্ধারণ করেছে তা মেনে নিয়েছিল শীর্ষ আদালত ৷ জানিয়েছিল, আশেপাশের ভূমি থেকে 100 মিটার বা তার বেশি উঁচু ভূমিরূপগুলিকে আরাবল্লী পর্বতমালা হিসেবে বিবেচনা করা হবে ৷ দুই বা ততোধিক পাহাড় একে অপরের 500 মিটারের মধ্যে অবস্থিত হলে সেগুলিকেও আরাবল্লী পর্বতমালার অংশ হিসেবে বিবেচনা করা হবে ।
সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে পথে নামে একাধিক সংগঠন ৷ এরপর কেন্দ্রীয় সরকার জানায়, আরাবল্লিতে নয়া কোনও খনির ইজারা দেওয়া হবে না ৷ কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক আরও জানায়, আরাবল্লী পর্বতমালায় নতুন কোনও খনির ইজারা মঞ্জুর করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে । দিল্লি থেকে গুজরাত পর্যন্ত বিস্তৃত সমগ্র আরাবল্লী পর্বতমালাকে অবৈধ খনন থেকে রক্ষার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার ৷
আরাবল্লীর সঙ্কটের প্রশ্নে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, সোমে শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ
বিক্ষোভের জের, আরাবল্লীতে নতুন করে খননের ইজারা বন্ধের নির্দেশ কেন্দ্রের

