ETV Bharat / bharat

ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের নাগালে পাকিস্তান, হুঁশিয়ারি রাজনাথের

যোগী রাজ্যে লখনউতে ব্রহ্মস ইউনিটে প্রথম দফার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এদিন তিনি ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দেন ৷

Brahmos Unit in Lucknow
লখনউ-এর ব্রহ্মস ইউনিটে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (ছবি: পিআইবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 18, 2025 at 5:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

লখনউ, 18 অক্টোবর: অপারেশন সিঁদুর তো একটা ট্রেলার মাত্র ! এই এক ঝলকই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে আর কী কী করতে পারে ! ভারতে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম পর্যায়ের উন্মোচন অনুষ্ঠানে পাকিস্তানকে হুঁশিয়ারি দিতে গিয়ে এই মন্তব্য় করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

শনিবার সকালে উত্তরপ্রদেশের লখনউয়ে 'ব্রহ্মস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটি সেন্টার'-এ প্রথম দফার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ফ্ল্যাগ অফ অনুষ্ঠান হয় ৷ এদিন প্রথম দফার ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলি ট্রাকে করে সেনাবাহিনীর উদ্দেশ্যে রওনা দেয় ৷

পাঁচ মাস আগে গত 11 মে উত্তরপ্রদেশের লখনউয়ে সরোজিনী নগরে এই ব্রহ্মস এরোস্পেস ইউনিট-এর ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডরের এই ইউনিটে সুপারসোনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল তৈরি হয় ৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক, ডিআরডিও প্রধান সমীর ভি কামাথ, ব্রহ্মস-এর ডিরেক্টর জেনারেল জয়তীর্থ আর জোশী ৷

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "অপারেশন সিঁদুর প্রমাণ করে দিয়েছে, জয় আমাদের জন্য একটা ছোটখাটো কোনও ঘটনা নয় ৷ জয় এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ৷ দেশ এখন আত্মবিশ্বাসী যে আমাদের শত্রুরা ব্রহ্মস-এর হাত থেকে রেহাই পাবে না ৷ পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের নাগালে ৷ অপারেশন সিঁদুরে পাকিস্তান মাত্র একটি ঝলক দেখেছে ৷ তাতেই তারা বুঝতে পেরেছে, ভারত যদি পাকিস্তানের জন্ম দিতে পারে, তাহলে প্রয়োজনে আর কী করতে পারে, তা আর আমার বলার অপেক্ষা রাখে না ৷"

ভারতে তৈরি এই ব্রহ্মস শুধু ক্ষেপণাস্ত্র নয়, জানান রাজনাথ ৷ তিনি বলেন, "ভারতে নিজস্ব ক্ষমতা দিনে দিনে বেড়ে চলেছে ৷ গতি, নির্ভুল নিশানা এবং শক্তি ব্রহ্মকে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্রে পরিণত করেছে ৷ ব্রহ্মস এখন ভারতের সেনা, নৌসেনা এবং বায়ুসেনার মেরুদণ্ড ৷"

Union Defence Minister Rajnath Singh
ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ভার্চুয়াল পরীক্ষা করে দেখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (ছবি: পিটিআই)

ভারতের থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কিনতে ইতিমধ্যে দু'টি দেশ চুক্তিতে স্বাক্ষর করেছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী ৷ তিনি বলেন, "ব্রহ্মস টিম এক মাসের মধ্যে দু'টি দেশের সঙ্গে প্রায় 4 হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে ৷" রাজনাথ সিং জানান, আগামী অর্থবর্ষ থেকে লখনউতে ব্রহ্মস ইউনিট বছরে 3 হাজার কোটি টাকা আয় করবে ৷ জিএসটি মারফত প্রতি বছর 5 হাজার কোটি টাকা পাওয়া যাবে ৷

এদিন লখনউতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টাইটানিয়াম অ্যান্ড সুপারঅ্যালয়স মেটেরিয়ালস প্ল্যান্ট-এর উদ্বোধন করেন ৷