ETV Bharat / bharat

ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে প্রবল বৃষ্টি তামিলনাড়ু-পুদুচেরি-অন্ধ্রে, মৃত 3

ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে ভারী বৃষ্টি চলছে তামিলনাড়ু-পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ৷ বিপর্যস্ত জনজীবন ৷ দুই রাজ্যের উপকূলের সমান্তরালে এগিয়ে চলছে দিতওয়া ৷

Cyclone Ditwah
দিতওয়ার প্রভাবে প্রবল বৃষ্টি তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 30, 2025 at 10:19 AM IST

3 Min Read
Choose ETV Bharat

চেন্নাই, 30 নভেম্বর: ঘূর্ণিঝড় দিতওয়ার দাপটে বিপর্যস্ত দক্ষিণী রাজ্য তামিলনাড়ু ৷ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হয়ে চলেছে ৷ রবিবার সকাল সাড়ে 8টা নাগাদ মৌসম দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এখন এই ঘূর্ণিঝড় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে ৷ অর্থাৎ তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের কাছে ৷ গত 6 ঘণ্টায় 7 কিমি প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসেছে ৷ এই ঘূর্ণিঝড়ের আছড়ে পড়া নিয়ে কিছু জানায়নি মৌসম ভবন ৷ এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ুতে 3 জনের মৃত্যু হয়েছে ৷

এই ঝড়ের প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলেও ৷ মৌসম ভবন, নেল্লোর জেলায় কমলা সতর্কতা জারি করেছে, লাল সতর্কতা জারি হয়েছে চিত্তুর ও তিরুপতি জেলায় ৷

এদিক এই প্রতিকূল আবহাওয়ার কারণে রেল ও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷ চেন্নাই বিমাবন্দরে অন্তত 54টি বিমান বাতিল হয়েছে ৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন ৷ একটি প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, "হেল্পলাইন ও যাত্রীদের সুবিধার্থে একটি ডেস্ক তৈরি করা হচ্ছে, যাতে যাত্রীদের রেলের সময়সূচি পরিবর্তন বা বাতিল সংক্রান্ত সমস্যায় পড়তে না-হয় ৷"

শনিবার দুপুরে চেন্নাই বিমানবন্দরে 50টিরও বেশি বিমানের পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানায় ৷ গতকাল রাতেও দু'টি বিমান বাতিলের কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ পাশাপাশি যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলায়েন্সের সাম্প্রতিক আপডেটে নজর রাখার আর্জি জানিয়েছে ৷

মৌসম ভবন জানিয়েছে, এদিন ঘূর্ণিঝড় দিতওয়া করাইকল থেকে 90 কিমি পূর্ব-উত্তরপূর্ব, বেদারান্নিয়াম থেকে 120 কিমি দূরে, পুদুচেরির 130 কিমি দক্ষিণপূর্বে, শ্রীলঙ্কার জাফনা থেকে 170 কিমি উত্তর-উত্তরপূর্ব এবং চেন্নাই থেকে 220 কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে ৷

ঘূর্ণিঝড় দিতওয়ার গতিবিধি নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী 24 ঘণ্টায় এই ঘূর্ণিঝড় উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের সমান্তরালে এগিয়ে যাবে ৷ এদিন দুপুরে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপাসাগরেই অবস্থান করবে ৷ কিন্তু তামিলনাড়ু-পুদুচেরি উপকূল থেকে ন্য়ূনতম দূরত্ব থাকবে 70 কিমি ৷ এদিন সন্ধ্যায় এই দূরত্ব আরও কমে হবে 30 কিমি ৷

এই অবস্থায় উপকূলবর্তী অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ তামিলনাড়ুর আরিয়ালুর, চেঙ্গালপাত্তু, চেন্নাই, কোয়েম্বাটোর, কুড্ডালোর, দিনদিগুল, কাঞ্চিপুরম, মায়িলাদুথুরাই, নাগাপত্তিনম, পেরামবালুর, রানিপেট, থাঞ্জাভুর, নীলগিরি, থিরুভাল্লুর, থিরুভারুর, তিরুপ্পুর, তিরুভান্নামালাই এবং ভিলুপ্পুরম জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷

দিতওয়ার প্রভাবে নাগাপত্তিনামে গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে ৷ এর ফলে জল জমেছে বিস্তীর্ণ এলাকায় ৷ আরুলমিগু ভেদারানিয়েশ্বারা স্বামী মন্দিরের গর্ভগৃহে জল ঢুকে গিয়েছে ৷ মন্দিরের পুরোহিত জানান, গত তিন দিন ধরে একটানা ভারী বৃষ্টি হচ্ছে ৷ তার ফলে মন্দির চত্বর জলমগ্ন হয়ে গিয়েছে ৷ ভক্তরাও আসছেন না ৷ তামিলনাড়ুর কয়েকটি জায়গায় লাল ও কমলা সতর্কতা জারি হয়েছে ৷