ETV Bharat / bharat

AI সামিটে কংগ্রেস যুবনেতাদের খালি গায়ে বিক্ষোভে 'মাস্টারমাইন্ড রাহুলই', অভিযোগ বিজেপি'র

নয়াদিল্লিতে এআই সম্মেলনে কংগ্রেসের যুবনেতাদের বিক্ষোভ ঘিরে উত্তাল দেশের রাজনীতি ৷ এই ঘটনায় ধৃতদের বিরুদ্ধে সংঘর্ষ বাধানোর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷

AI Summit Shirtless Protest
এআই সম্মেলনের সময় যুব কংগ্রেসের নেতাদের বিক্ষোভ (ছবি: যুব কংগ্রেসের এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : February 24, 2026 at 8:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 24 ফেব্রুয়ারি: এআই সম্মেলনে জামা খুলে বিক্ষোভ দেখানোর ঘটনায় ধৃতদের বিরুদ্ধে সংঘর্ষ বাধানোর অভিযোগে মামলা দায়ের করল দিল্লি পুলিশ ৷ এই ঘটনার নেপথ্যে মাস্টারমাইন্ড কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল, অভিযোগ করল বিজেপি ৷ খুব শীঘ্রই এই 'নগ্ন বিক্ষোভের' মূল চক্রীকে পুলিশ ধরে ফেলবে, হুঁশিয়ারি দিয়েছে শাসকদল ৷

গত 20 ফেব্রুয়ারি নয়াদিল্লির ভারতমণ্ডপমে এআই শীর্ষ সম্মেলন চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান কয়েকজন যুব কংগ্রেস কর্মী-নেতা ৷ তাঁরা জামা খুলে হাতে 'কম্প্রোমাইজড পিএম' লেখা টি-শার্ট হাতে সম্মেলনের মঞ্চে বিক্ষোভ দেখাচ্ছিলেন ৷ ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে 'কম্প্রোমাইজড পিএম' বলে স্লোগান দিচ্ছিলেন ৷ তাঁদের কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ ৷ পরে আরও কয়েকজন ধরা পড়েন ৷ এদিন সকালে যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিবেকে গ্রেফতার করে পুলিশ ৷

এই ঘটনার তদন্ত করছিল দিল্লি পুলিশ ৷ এদিন এআই সম্মেলনে বিক্ষোভের ঘটনার তদন্তভার দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার হাতে হস্তান্তর করা হয়েছে ৷ মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চের বিশেষ কমিশনার দেবেশ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠকে জানান, উদয় ভানু-সহ কংগ্রেসের আট জন যুবনেতার বিরুদ্ধে দাঙ্গা বাধানোর ধারায় মামলা দায়ের হয়েছে ৷ বিএনএস-এর 191(1) সংঘর্ষ বাধানো এবং 192 ধারায় সংঘর্ষ বাধানোর উদ্দেশ্যে প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে ৷ উদয় ভানুকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

সাংবাদিকদের কাছে পুলিশের শীর্ষ কর্তা ওই নেতাদের 'অ্যাগ্রেসিভ এলিমেন্টস' বা 'আক্রমণাত্মক' বলে উল্লেখ করেন ৷ অভিযোগ, আন্তর্জাতিক অনুষ্ঠানে বিদেশি অতিথি-অভ্যাগতদের উপস্থিতিতে নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করেছে কংগ্রেসের যুব নেতারা ৷ এই প্রচেষ্টা আগে থেকে পরিকল্পিত ছিল ৷ কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের পাকড়াও করা হয় ৷

গত রবিবার উত্তরপ্রদেশে ভাষণ দেওয়ার সময় এই ঘটনায় কংগ্রেসকে কড়া আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এআই সম্মেলনে জামাকাপড় খুলে বিক্ষোভ দেখানোর সমালোচনা করেছে ইন্ডিয়া শিবিরের তৃণমূল ও সমাজবাদী পার্টিও ৷

এদিকে কংগ্রেসের যুবনেতাদের গ্রেফতারিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি তাঁদের 'দুর্ধর্ষ সিংহ' বলে আখ্যা দিয়েছেন ৷ এদিন তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের ঐতিহাসিক উত্তরাধিকার ৷ এটা আমাদের রক্তে রয়েছে ৷ প্রত্যেক ভারতীয়ের গণতান্ত্রিক অধিকার ৷ যুব কংগ্রেসের আমার কমরেডরা দেশের স্বার্থে দুর্ধর্ষ সিংহের (বাব্বর শের) মতো ভয়হীনভাবে 'কম্প্রোমাইজড পিএম' নিয়ে স্বর তুলেছে ৷" তিনি আরও লেখেন, "আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তির ফলে দেশের স্বার্থের সঙ্গে আপস করা হয়েছে ৷"

এআই সম্মেলনে যুব কংগ্রস নেতাদের এই বিক্ষোভের নেপথ্যে প্রকৃত ষড়যন্ত্রকারী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিই, দাবি করেছে বিজেপি ৷ দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, "রাহুল গান্ধিই মাস্টারমাইন্ড ৷ বরং এই ধরনের নৈরাজ্যের তাণ্ডবের সুপার মাস্টারমাইন্ড ৷ রাহুল গান্ধির হয়ে যুব কংগ্রেসের সভাপতি এবং অন্যরা জামাকাপড় খুলে যে বিক্ষোভ দেখিয়েছে, তাতে দেশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে ৷ রাহুল গান্ধির সঙ্গে লম্পট, গুন্ডা ও মস্তানের কোনও পার্থক্য নেই ৷"