ETV Bharat / bharat

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসাবে দেখে কংগ্রেস: অমিত শাহ

দেশ জুড়ে SIR আবহে ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Amit Shah
অমিত শাহ (ফাইল ছবি)
author img

By PTI

Published : December 29, 2025 at 7:10 PM IST

3 Min Read
Choose ETV Bharat

বরদুয়া (অসম), 29 ডিসেম্বর: বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসাবে দেখে কংগ্রেস ৷ SIR আবহে ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বিরোধীদের নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

সোমবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে শাহ জানান, তারা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাঙ্ক হিসেবে বিবেচনা করে ৷ অসমের জনসভা থেকে তাঁর আরও দাবি, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসমের মানুষ, তাঁদের সংস্কৃতি, ভূমি এবং পরিচয়কে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলছে ৷ তাঁর কথায়, "কেন্দ্র শুধু অসম নয়, ভারতের বাকি অংশ থেকেও প্রতিবেশী দেশের সমস্ত অবৈধ অভিবাসীদের চিহ্নিত করবে। তাদের দেশছা়ড়া করবে "

অসম থেকে এদিনই বাংলায় আসছেন শাহ ৷ বাংলাতেও SIR চলছে ৷ এখানেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরোধিতা করে ভোটের আগে জনসমর্থন পেতে চাইছে গেরুয়া শিবির ৷ এই অবস্থায় অসমের সভা থেকে তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু অসমের জনগণের সাংস্কৃতিক পরিচয়কেই রক্ষা করেননি, বরং রাজ্যের সার্বিক উন্নয়নের দিকেও মনোযোগ দিয়েছেন।" 227 কোটি টাকায় নগাঁও জেলায় বৈষ্ণব সাধক শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান 'বটদ্রবা থানে'র পুনর্নির্মাণ হয়েছে বলেও জানান মোদি মন্ত্রিসভার এই নম্বর টু ৷ এদিন সেই নবনির্মিত প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শাহ জানান, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থানকে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে 1 লক্ষ বিঘার বেশি জমি পুনরুদ্ধার করেছে।" তিনি জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, "অনুপ্রবেশকারী-মুক্ত অসম নিশ্চিত করার জন্য বিজেপিকে আরও পাঁচ বছর সময় দিন।"

অমিত শাহ বলেন, "আমরা শুধু অসম নয়, ভারতের বাকি অংশ থেকেও সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করব।" শাহ আরও জানান, শঙ্করদেব 'এক ভারত'-এর ডাক দিয়েছিলেন, যা এখন প্রধানমন্ত্রী অনুসরণ করছেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী অসমে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছেন, যা শুধু কাগজে-কলমে নয়, বাস্তবেও পরিণত হয়েছে।" তিনি আরও জানান, গত 11 বছরে বিজেপি সরকার রাজ্যের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং এই চুক্তিগুলোর 92 শতাংশ শর্ত পূরণ করা হয়েছে।

আগামী বছর বাংলার পাশাপাশি অসমেও বিধানসভা নির্বাচন ৷ তার আগে এদিন অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন অমিত ৷ সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হয় ৷ সেখানে বিরোধীরা দাবি করে নির্বাচন কমিশনকে পাশে নিয়ে ভোট চুরির করে একের পর এক নির্বাচনে জিতছে বিজেপি ৷ পাশাপাশি এসআইআরেরও বিরোধিতা করেন বিরোধী সাংসদরা ৷ সেদিন ওই আলোচনায় অংশ নিয়ে অনুপ্রবেশ ইস্যুতে একাধিকবার তোপ দাগেন শাহ ৷ তাঁর দাবি, ভোটব্যাঙ্কে আঘাত আসবে বলেই অনুপ্রবেশের বিরোধিতা করে না বিরোধীরা ৷ পাশাপাশি সেদিন তিনি আরও জানান, বিরোধীরা যতদিন এসআইআরের বিরোধিতা করবে ততদিন নির্বাচনে তাদের পরাজয় হবে ৷