ETV Bharat / bharat

20 নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, থাকবেন মোদি

গান্ধি ময়দান অতীতে বহু রাজনৈতিক ঘটনার সাক্ষী থেকেছে ৷ তবে এনডিএ শিবিরের দাবি অতীতের সেই সব ঘটনাকেই ছাপিয়ে যাবে নীতীশের শপথ অনুষ্ঠান ৷

CM Nitish Kumar oath
20 তারিখ মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 17, 2025 at 5:36 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পটনা, 17 নভেম্বর: বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে এনডিএ। এরপরই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ শেষ পর্যন্ত নীতীশ কুমারের নামেই সিলমোহর দিয়েছে এনডিএ ৷ দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার ৷ আগামী 20 নভেম্বর পটনার গান্ধি ময়দানে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে ৷ সেই শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে জোরকদমে ৷

গান্ধি ময়দান অতীতে বহু রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে ৷ তবে এনডিএ শিবিরের দাবি অতীতের সেই সব ঘটনাকেই ছাপিয়ে যাবে নীতীশের শপথ অনুষ্ঠান ৷ শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য গান্ধি ময়দানে একটি জার্মান হ্যাঙ্গার প্রস্তুত করা হচ্ছে। এই বিশাল হ্যাঙ্গারে এক সঙ্গে প্রায় 40 হাজার লোক বসতে পারে ৷ তবে আপাতত 30 হাজার চেয়ার রাখা হচ্ছে ৷ এটিকে এ যাবৎ কালের বৃহত্তম শপথগ্রহণ অনুষ্ঠান হিসেবে দাবি করছে এনডিএ ৷

পটনার জেলাশাসক এসএম ত্যাগরাজন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ইতিমধ্যেই গান্ধি ময়দান পরিদর্শন করেছেন। তিনি বলেন, "এটা স্পষ্ট যে শপথগ্রহণ অনুষ্ঠান এখানেই হবে ৷ যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷ অনুষ্ঠানটিকে ঐতিহাসিক করে তোলার জন্য সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন।"

243 আসনের বিহার বিধানসভায় এনডিএ 202টি আসনে জিতেছে। এনডিএ এটা স্পষ্ট করে দিয়েছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারই জোটের নেতৃত্ব দেবেন। তবে, বিধানসভায় দলের বৈঠকের পরে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক হবে মঙ্গলবার ৷ এর পরে এনডিএ-র যৌথ বৈঠকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে তার জন্য শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি থেমে নেই ৷ গান্ধি ময়দানে এই জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন বলে জানাচ্ছেন এনডিএ নেতারা ৷ এছাড়াও, এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যার জেরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

সোমবার বোম্ব স্কোয়াডের দল গান্ধি ময়দানে পৌঁছে পুরো এলাকা পরিদর্শন করেছে। 20 নভেম্বর পর্যন্ত মাঠ জনসাধারণের জন্য সম্পূর্ণভাবে বন্ধও করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী ৷ পাশাপাশি গোটা মাঠজুড়ে সবুজ কার্পেট বিছানোর কাজও শুরু হয়েছে। অতিথিদের জন্য 1500টি সোফার ব্যবস্থাও করা হচ্ছে। পুরো মাঠ সাজানোর জন্য বিভিন্ন রাজ্য থেকে প্রচুর পরিমাণে ফুলও আমদানি করা হচ্ছে। অন্যদিকে, এদিনই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার বৈঠক করেন ৷ মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সরাসরি রাজভবনে যান ৷ সেখানে বর্তমান বিধানসভা 19 নভেম্বর ভেঙে দেওয়ার প্রস্তাব জমা দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী একই গাড়িতে ছিলেন ৷ রাজ্যের জলসম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেন, "মন্ত্রিসভার বৈঠকে 19 নভেম্বর থেকে বর্তমান বিধানসভা ভেঙে দেওয়ার প্রস্তাব নেওয়া হয় ৷ মুখ্যমন্ত্রীর রাজ্যপালের কাছে সেই প্রস্তাব অনুযায়ী সুপারিশ করেছেন ৷" একই সঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী এদিন পদত্যাগ করেননি। 19 নভেম্বর তিনি পদত্যাগ করবেন ৷ আর সেদিনই রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবিও জানাবেন।