ETV Bharat / bharat

ছাগল চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা, আশঙ্কাজনক আরও এক; গ্রেফতার 12

নৃশংস ঘটনায় বেঘোরে প্রাণ হারাল এক কিশোর ৷ কয়েকজন কিশোর ছাগল চুরি করেছে, এই অভিযাগে তাদের উপর চড়াও হয় স্থানীয়রা ৷

teenager beaten to death
প্রতীকী চিত্র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 4, 2026 at 1:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

রায়রঙ্গপুর (ওড়িশা), 4 মার্চ: ছাগল চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হল কিশোরকে ৷ নৃশংস ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জের রায়রঙ্গপুরে ৷ মৃত পড়ুয়া সম্বিৎ বিনধানি নবম শ্রেণির ছাত্র ৷ সে রায়রঙ্গপুরের ভুতাকাবাদি গ্রামের বাসিন্দা ৷ এই ঘটনায় সম্বিতের সঙ্গে থাকা আরেকটি কিশোর গুরুতর আহত হয়েছে ৷

তিরিং থানার ইনস্পেক্টর-ইন-চার্জ প্রশান্ত জেনা জানিয়েছেন, কিশোরের পরিবার তিরিং থানায় অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের অভিযোগে মামলা দায়ের করেছে এবং 12 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিরিং থানা এলাকার ইন্দাখোলি হেরোগোডা এলাকায় ৷ ছাগল চুরির সন্দেহে সম্বিতকে গ্রামবাসীরা ঘিরে ধরে ৷ তখন তার সঙ্গে আরও তিন জন কিশোর ছিল ৷ বিপদ বুঝে দু'জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ কিন্তু সম্বিৎ ও আরেকজন কিশোর স্থানীয়দের হাতে ধরা পড়ে ৷ তারা ছাগল চুরি করেছে, শুধু এই সন্দেহে দুই কিশোরকে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা ৷

রায়রঙ্গপুরের এসডিপিও বীরেন্দ্র কুমার সেনাপতি জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ এদিকে মারধরের ফলে ওই দুই কিশোর গুরুতর জখম হয় ৷ দু'জনকে তড়িঘড়ি উদ্ধার করে ঝারানডিহি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে রায়রঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা সম্বিৎকে মৃত ঘোষণা করেন ৷ এসডিপিও জানিয়েছেন, কিশোরদের বাইকটিও স্থানীয়রা পুড়িয়ে দিয়েছে ৷

বেহালডা থানা এলাকায় বাসিঙ্গি গ্রামের একটি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করছিল সম্বিৎ ৷ সে মামারবাড়িতে থাকত ৷ তার বাবা রাজকুমার জানান, ইন্দাখোলি হেরোগোডা এলাকায় কয়েকজন ছাগল চুরির অভিযোগ তাঁর ছেলেকে মারধর করে ৷ ঘটনাস্থল থেকে কেউ একজন তাঁকে ফোনে এই খবর দেন ৷ তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগে পুলিশ দুই কিশোরকে উদ্ধার করে ঝারানডিহি মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷ সম্বিতের বাবা সেখানে পৌঁছনোর পর তড়িঘড়ি তাদের রায়রঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷

গত রাতে 12 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুড়ে যাওয়া বাইকটিও উদ্ধার হয়েছে ৷ সম্বিতের সঙ্গে থাকা অন্য কিশোরকে বারিপদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর ৷ সম্বিত ও গুরুতর আহত কিশোরের পরিবার তদন্ত দাবি করেছে ৷ পাশাপাশি দোষীদের কঠোরতম শাস্তির দাবিও তুলেছে ৷