ETV Bharat / bharat

আশ্বাসে 'বরফ' গলল ! 5 সেপ্টেম্বর দিল্লি অবরোধের ডাক প্রত্যাহার CJP-র

বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাস এবং মৃত ছাত্রদের পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি কার্যকর করার কথা জানানোতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে CJP ।

CJP Withdraws
সিজেপি নেতা সৌরভ দাস (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 1, 2026 at 6:05 PM IST

3 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: আন্দোলনের হুঁশিয়ারি, কেন্দ্রের আশ্বাস এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ । তিন মাসের টানাপোড়েনের পরে আপাতত সংঘাতের রাস্তা থেকে সরে এল 'ককরোচ জনতা পার্টি' (CJP) । আগামী 5 সেপ্টেম্বর নয়াদিল্লিতে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, মঙ্গলবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই তা প্রত্যাহার করে নিল সিজেপি । কেন্দ্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়ার পাশাপাশি যে সব ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি কার্যকর করার কথা জানানোতেই এই সিদ্ধান্ত বলে CJP-র তরফে জানানো হয়েছে ।

ঘটনার সূত্রপাত জুলাইয়ে । NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে 20 থেকে 25 জুলাই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র-বিক্ষোভ ছড়িয়ে পড়ে । সেই আন্দোলন ঘিরে একাধিক রাজ্যে মামলা ও এফআইআর দায়ের হয় । আন্দোলন প্রত্যাহার করলে ওই মামলাগুলি তুলে নেওয়া হবে, 25 জুলাই CJP নেতৃত্বকে কেন্দ্র এমন আশ্বাস দিয়েছিল বলে আদালতে জানানো হয় । কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি বলে অভিযোগ তোলে CJP । তার পরেই ফের আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা এবং 5 সেপ্টেম্বর দিল্লিতে মিছিলের ডাক দেয় ।

মঙ্গলবার সেই মামলাগুলিই পৌঁছয় সুপ্রিম কোর্টে । প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ছাত্র-বিক্ষোভ সংক্রান্ত একাধিক এফআইআর খারিজ করে দেয় । বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনাও । শুনানিতে CJP-র সহ-আহ্বায়ক সৌরভ দাস নিজে উপস্থিত ছিলেন । আদালতকে তিনি জানান, কেন্দ্রের 'ইতিবাচক আশ্বাস' এবং সেই আশ্বাসকে সুপ্রিম কোর্টের দেওয়া আইনি স্বীকৃতির পর আর 5 সেপ্টেম্বরের মিছিল চালিয়ে যাওয়ার প্রয়োজন দেখছেন না তাঁরা ।

সৌরভ বলেন, কেন্দ্রের আশ্বাস, আদালতের নির্দেশর পর CJP মিছিলের ডাক প্রত্যাহার করছে । একই সঙ্গে কেন্দ্র তার প্রতিশ্রুতি কার্যকর করবে বলে সংগঠনটি আশা করছে বলেও জানান তিনি । তবে শুধু মামলা প্রত্যাহারই নয়, মঙ্গলবারের শুনানিতে সামনে আসে আরও গুরুতর একটি বিষয়- ছাত্রমৃত্যু ।

NEET বাতিলের পর কয়েক জন ছাত্র নিজের জীবনের বিনিময়ে চরম পদক্ষেপ করেছিলেন বলে অভিযোগ ওঠে । তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি কেন্দ্র আগেই দিয়েছিল । সলিসিটর জেনারেল তুষার মেহতা এ দিন সুপ্রিম কোর্টে জানান, কেন্দ্র সেই প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ । তবে ক্ষতিপূরণের কাঠামো, প্রাপকদের চিহ্নিতকরণ এবং অর্থ প্রদানের পদ্ধতি চূড়ান্ত করতে আরও তিন মাস সময় প্রয়োজন ।

এ দিকে বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং অসম- চার রাজ্যও ছাত্র-বিক্ষোভ সংক্রান্ত একাধিক এফআইআর খারিজ করার আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে । রাজ্যগুলির তরফে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগের আর্জি জানানো হয় ।

কেন্দ্রের বক্তব্য, এই আবেদনগুলি কোনও নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নয় । বরং 25 জুলাই CJP নেতৃত্বকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, সেটিই বাস্তবায়নের অংশ হিসাবে মামলাগুলি প্রত্যাহারের প্রক্রিয়া এগোনো হচ্ছে । তুষার মেহতা আদালতে জানান, কেন্দ্র এবং CJP- দু'পক্ষই এ ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা নিয়েছে । কেউ কাউকে 'প্রতিপক্ষ' হিসাবে না দেখে সমাধানের পথে এগিয়েছে ।

শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চও দুই পক্ষের এই অবস্থানকে গুরুত্ব দেয় । আদালতের পর্যবেক্ষণ, উভয় পক্ষ যদি সদিচ্ছা বজায় রাখে, তা হলে সমস্যাগুলি ধাপে ধাপে মিটিয়ে ফেলা সম্ভব । এমন কোনও সমস্যা নেই, যা খোলা মন নিয়ে আলোচনায় বসলে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না, এমনই বার্তা দেয় বেঞ্চ ।

ফলে 5 সেপ্টেম্বর দিল্লির রাজপথে ফের যে বড় ছাত্র-বিক্ষোভের সম্ভাবনা তৈরি হয়েছিল, মঙ্গলবারের শুনানির পরে আপাতত তা থামল । মামলা প্রত্যাহারের প্রক্রিয়া, ছাত্রদের পরিবারের ক্ষতিপূরণ এবং কেন্দ্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন- এ বার নজর সেই তিন দিকেই ।

হাওড়া স্টেশনের বাইরে ভোলবদল ! এবার এক ছাতার তলায় বাস-অটো-অ্যাপ ক্যাব

মমতার ভাইঝির রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ ! নাম জড়িয়েছিল নিয়োগ দুর্নীতিতে