রাউরকেল্লায় ভেঙে পড়ল বিমান, আহত দুই পাইলট-সহ 6
ভুবনেশ্বর থেকে রাউরকেল্লা যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ৷ ওই বিমানে 2 জন পাইলটের পাশাপাশি 4 জন যাত্রীও ছিলেন ৷

Published : January 10, 2026 at 3:04 PM IST
রাউরকেল্লা, 10 জানুয়ারি: চার্টার প্লেন ভেঙে আহত হলেন বেশ কয়েকজন ৷ তবে কার প্রাণহানীর খবর নেই ৷ শনিবার দুপুরে ওড়িশার রাউরকেল্লা এয়ারস্ট্রিপে এই ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে 2 জন পাইলটের পাশাপাশি 4 জন যাত্রীও ছিলেন ৷ জরুবি অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি ৷
বিমানের সামনের দিকের বেশ খানিকটা অংশের ক্ষতি হয়েছে ৷ আহতদের চিকিৎসা ব্যবস্থা করেছে প্রশাসন ৷ প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য় পাওয়া যায়নি ৷ মনে করা হচ্ছে বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল ৷ তার জেরেই এই ঘটনাটি ঘটেছে ৷ বিমানের ক্যাপ্টেন নবীন কাদাঙ্গা, সহ-ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তবের পাশাপাশি যাত্রী সুশান্তকুমার বিওয়াল, অনিতা সাউ, সুনীল আগরওয়াল, সবিতা আগরওয়াল বিমানে ছিলেন ৷ তাঁরা সকলেই অল্পবিস্তর আহত হয়েছেন ৷ আহতদের দুটি স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা শুরু হয়েছে ৷

ভুবনেশ্বর বিমানবন্দরের অধিকর্তা প্রসন্ন প্রধান দুর্ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন বিমানের যাত্রীদের প্রাণের আশঙ্কা নেই ৷ ওড়িশার পরিবহণ মন্ত্রী বিভূতি জেনা বলেন, " বড় দুর্ঘটনা ঘটলেও সৌভাগ্যক্রমে কারও প্রাণ যায়নি ৷ যাত্রীদের সকলেই সুরক্ষিত আছেন ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিমানে একটি যান্ত্রিক ত্রুটি ছিল ৷ সেটি কী তা জানার চেষ্টা চলছে ৷"
সূত্রের খবর, দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্য়েই বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে ৷ তাঁরা বিমানটি পরীক্ষা কর দেখছেন ৷ ঠিক কেন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিমানের রক্ষণাবেক্ষণেপ দায়িত্বে থাকা কর্মীদের সংখ্যা কথা বলা হচ্ছে ৷ সেদিক থেকে কোনও ত্রুটি ছিল কি না সেটাও জানার কাজ শুরু হয়েছে ৷ এর আগে শেষ কবে বিমানের রক্ষণাবেক্ষণ করা হয়েছিল তা জানার কাজ শুরু হয়েছে ৷ সে সংক্রান্ত নথি পত্র খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা ৷
ওড়িশার দমকল বিভাগের তরফে ঘটনা নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, এদিন দুপুর 2টো 50 মিনিট নাগাদ তারা জানতে পারে একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়েছে ৷ খবর পাওয়া মাত্রই রাউরকেল্লা এবং পানপোশ দমকল কেন্দ্র থেকে দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয় ৷ তাঁরা যাওয়ার আগে স্থানীয়রাই অবশ্য় আহতদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন ৷ ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ৷ ফোম ব্যবহার করে বিমান থেকে তেল পড়া বন্ধ করা হয় ৷ স্থানীয়দের তৎপরতা এবং দমকলকর্মীরা সময়মতো পদক্ষেপ করায় পরিস্থিতির আরও অবনতি হয়নি ৷
ডিজিসিএ'র তরফে এক বিবৃতি জানানো হয়েছে, এদিন দুপুর 12টা 27 মিনিট নাগাদ ভুবনেশ্বর থেকে বিমানটি রওনা দেয় ৷ সেখানে দুই পাইলট ছাড়া যাত্রীরা ছিলেন ৷ রাউরকেল্লা পৌঁছনোর 8 নটিক্যাল মাইল আগে জলদা এলাকায় বিমানটি ভেঙে পড়ে ৷ বিমানের পাইলটা জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই যাত্রীরা প্রাণে বেঁচে গিয়েছেন ৷ দুর্ঘটনার পর জেলা প্রশাসনের তৎপরতায় যাত্রীদের দ্রুত হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে ৷

