ETV Bharat / bharat

SIR ক্ষতে মলম CAA ! ভোটের আগে বাংলায় নাগরিকত্ব নিয়ে বড় উদ্য়োগ কেন্দ্রের

শিয়রে নির্বাচন ৷ পুরো না-মিটলেও বাংলায় SIR-এর প্রক্রিয়া কার্যত শেষ ৷ আর তা শেষ না-হতেই নাগরিকত্ব দিতে বাংলার জন্য কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

CAA IN WEST BENGAL
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (ইটিভি ভারত)
author img

By PTI

Published : March 3, 2026 at 2:30 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি, 3 মার্চ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মুখে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার ৷ বাংলায় সিএএ (CAA) মারফত দ্রুত নাগরিকত্ব দিতে একটি বিশেষ কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল এমপাওয়ার্ড কমিটি ৷ নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এর অধীনে ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের বিষয়ে এই কমিটিই যাবতীয় সিদ্ধান্ত নেবে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে কাজ করবে ৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে ৷

বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR in Bengal) প্রক্রিয়ার পর অবেশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ৷ এবার নাগরিকত্ব দিতে নয়া উদ্যোগ নিল কেন্দ্রীয় প্রশাসন ৷ বাংলায় কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সংক্রান্ত নিয়ম-নীতি 2024 সালের মার্চ মাসেই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক।

কী করবে কমিটি, কারা কারা থাকবেন ?

গতকাল প্রকাশিত সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, 1955 সালের নাগরিকত্ব আইন ও 2009 সালের নাগরিকত্ব বিধির ক্ষমতা প্রয়োগ করে এই পদক্ষেপ করা হল ৷ জারি করা বিজ্ঞপ্তিতে মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, প্রতিটি কমিটির নেতৃত্বে থাকবেন এক জন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক। থাকবেন FRRO-র মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকরাও।

পাশাপাশি এই কমিটিতে থাকবেন দু'জন আমন্ত্রিত সদস্যও ৷ তাঁদের মধ্যে একজন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি ৷ অন্যজন সংশ্লিষ্ট রাজ্যের রেল আধিকারিক ৷ কমিটির মূল কাজ হবে, যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা এবং তার উপর সিদ্ধান্ত নেওয়া ৷ জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখার কাজও কমিটির তরফে করা হবে বলে জানানো হয়েছে। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন ৷ আর তার আগে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে এই কমিটি গঠনের ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করছে কেন্দ্র ৷

প্রথম থেকেই সিএএ (CAA) এবং এনআরসি (NRC)-র বিরোধিতায় সরব হয়েছে বাংলার শাসক শিবির ৷ অন্যদিকে, বিজেপির দাবি সিএএ-র বিরোধিতা করে যোগ্য়দের ভারতীয় নাগরিকত্ব পাওয়া থেকে বিরত রাখতে চাইছে তৃণমূল ৷ আসন্ন নির্বাচনে এ নিয়ে শাসক-বিরোধী তরজা যে হবে তা সকলেরই জানা ৷ এমনই উত্তেজনার আবহে সিএএ নিয়ে নয়া কমিটি তৈরি করল মোদি সরকার ৷