সিবিএসই'র চেয়ারম্যান-সচিবকে বদলি, দ্বাদশে পুনর্মূল্যায়নে আবেদন 40 হাজার শিক্ষার্থীর
সিবিএসই চেয়ারম্যান রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তকে বদলি করা হলেও ‘ওএসএম’ (OSM) বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একহাত নিল কংগ্রেস ৷

By PTI
Published : June 3, 2026 at 3:15 PM IST
নয়াদিল্লি, 3 জুন: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থার সিবিএসই'র (CBSE) দ্বাদশ শ্রেণির ডিজিটাল মূল্যায়ন পদ্ধতিতে (OSM) অনিয়মের জেরে কঠোর পদক্ষেপ সরকারের ৷ সিবিএসই'র দুই শীর্ষকর্তাকে বদলি করে জাতীয় শিক্ষা বোর্ড কীভাবে এই খাতা দেখার পরিষেবা সংগ্রহ করেছিল, তা তদন্ত করার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় ৷
মঙ্গলবার সিবিএসই চেয়ারম্যান রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরিবর্তে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় সিনিয়র আইএএস অফিসার লোখন্ডে প্রসাদ সীতারামকে ৷ আর সচিব পদে বসানো হয় বরুণ ভরদ্বাজকে ।
এরই মাঝে সিবিএসই'র তরফে জানানো হয়, প্রায় 40 হাজার শিক্ষার্থী পুনর্মূল্যায়নের আবেদন করেছে ৷ বুধবার সকাল পর্যন্ত কোনও সমস্যা ছাড়াই সফলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন এই সংখ্যক শিক্ষার্থী ৷ এর আগে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) পুনর্মূল্যায়নের পোর্টালে আবেদন প্রক্রিয়া ঘিরে একাধিক সমস্যা দেখা দিয়েছিল ৷ সাইবার হানার জেরে বিপর্যস্ত হয়েছিল পোর্টাল ৷ আবেদন প্রক্রিয়াও পিছিয়ে গিয়েছিল কয়েক ঘণ্টা ৷ যদিও প্রতিটি সমস্যার সমাধান করা হয়েছে বলেই এক্স হ্যান্ডলে লাগাতার বিবৃতি জারি করা হচ্ছে বোর্ডের তরফে ৷
বোর্ডের তরফে জানান হয়, আবেদনমূল্য জমা দেওয়ার জন্য পড়ুয়ারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়াও নেট ব্যাঙ্কিং ও ইউপিআই-এর সাহায্য নিতে পারবেন। সুরক্ষিত লেনদেনের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক-এর পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সুযোগ থাকছে ৷ সিবিএসসি'র তরফে বলা হয়েছে, "শিক্ষার্থীদের অর্থপ্রদানের জন্য এই ব্যাঙ্কগুলিতে কোনও অ্যাকাউন্টের প্রয়োজন নেই ৷ এই পেমেন্ট গেটওয়েগুলির যে কোনও একটি ব্যবহার করতে পারেন ৷
উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে কোনও ত্রুটি থাকলে, তা যাচাইয়ের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারে—যেমন পৃষ্ঠা না-থাকা, অতিরিক্ত উত্তরপত্র (Supplementary Sheets) না-থাকা, মানচিত্র বা গ্রাফ না-থাকা, পৃষ্ঠা অস্পষ্ট হওয়া, ভুল উত্তরপত্র পাওয়া ইত্যাদি ৷
সিবিএসই-এর ‘ওএসএম’ (OSM) বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে একহাত নিল কংগ্রেস ৷ বিরোধীদের অভিযোগ, ‘মন্ত্রী প্রধান’ নির্লজ্জের মতো নিজের পদে আঁকড়ে পড়ে আছেন ৷ পাশাপাশি তাদের প্রশ্ন—মন্ত্রকের ‘অযোগ্যতা ও দুর্নীতির’ প্রমাণ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন তাঁকে রক্ষা করতে এত বদ্ধপরিকর ?
কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই ‘মন্ত্রী প্রধান’ ‘দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ৷ তিনি উদাসিনভাবে শিক্ষামন্ত্রক পরিচালনা করছেন। এক্স(X) হ্যান্ডেলে তিনি লেখেন, "সিবিএসই'র শীর্ষকর্তাদের হয়ত বদলি করে দেওয়া হয়েছে ৷ কিন্তু মন্ত্রকের অযোগ্যতা ও দুর্নীতির প্রমাণ যতই পাহাড়প্রমাণ হয়ে উঠুক না কেন, মন্ত্রী প্রধান নির্লজ্জের মতো নিজের পদে আঁকড়ে পড়ে আছেন ৷"

