ETV Bharat / bharat

পাহাড়ি রাস্তা থেকে খাদে যাত্রীবাহী বাস ! মৃত 7, শোকপ্রকাশ মোদির

19 জন যাত্রী নিয়ে খাদে পড়ে গেল একটি বাস ৷ যার জেরে মৃত্যু হয় 3 মহিলা-সহ সাতজনের ৷ বাকিদের অবস্থা গুরুতর ৷

ALMORA BUS ACCIDENT
গভীর খাদে পড়ে বাস (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 30, 2025 at 2:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আলমোড়া/রামনগর (উত্তরাখণ্ড), 30 ডিসেম্বর: উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ মঙ্গলবার সকাল সাড়ে 6টা নাগাদ বাসটি ফিরছিল ৷ 8টা নাগাদ আচমকায় আলমোড়ার জেলার কাছে ভিকিয়াসৈন-বিনায়ক সড়কে বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায় ৷ যার জেরে মৃত্যু হয় 7 জনের ৷ তাঁদের মধ্যে রয়েছেন তিনজন মহিলা ও 4 জন পুরুষ ৷ বাকি 12 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, আলমোড়ার ভিকিয়াসৈন এলাকায় এদিন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায় । মৃত্যু হয় সাতজনের ৷ ভিকিয়াসৈন-বিনায়ক সড়কে দ্বারহাট থেকে রামনগরগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় । দুর্ঘটনার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ৷

ALMORA BUS ACCIDENT
উত্তরাখণ্ডের আলমোড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে রয়েছে (ইটিভি ভারত)

প্রাথমিক তথ্য অনুসারে, বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ পুলিশ, প্রশাসনের আধিকারিকরা, এসডিআরএফ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় ৷ পাহাড় এলাকা বলে উদ্ধারকার্যে অসুবিধা হচ্ছে ৷

দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরাখণ্ডের রামনগরের কুমায়ুন মোটর মালিক ইউনিয়ন (কেএমওইউ) লিমিটেডের ৷ বাসটির নম্বর UK07PA4025। বাসটি সোমবার সকাল সকাল 11টা নাগাদ রামনগর থেকে দ্বারহাট নোবারার উদ্দেশে রওনা হয় ও সময়মতো পৌঁছে যায় ৷ আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ পাল্টা দ্বারহাট নোবারার উদ্দেশে রওনা হয়। তার দেড় ঘণ্টা পর, রাত 8টার দিকে, বাসটি শৈলাপানি ব্যান্ডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ৷ তবে চালক এবং কন্ডাক্টরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশি তরফে ৷

আলমোড়া জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং তিনজন মহিলা। প্রায় 12 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পথ দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী ধামি শোকপ্রকাশ করেছেন। শোকবার্তা জানিয়ে প্রাণহানির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ তিনি লিখেছেন, "উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত আরোগ্য লাভ করুক ৷"

মুখ্যমন্ত্রী ধামি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্টে লেখেন, "ভিকিয়াসৈন থেকে আলমোড়ার রামনগরগামী একটি বাস ভিকিয়াসৈন-বিনায়ক মোটর রোডে দুর্ঘটনার শিকার হয় ৷ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ৷ জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ আমি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"