বিয়ের মঞ্চে মালা বদলের মুহূর্তে কনেকে গুলি, পলাতক 'প্রেমিক'
বিয়ের মঞ্চে এসেছেন বর ও কনে ৷ তাঁদের ঘিরে রয়েছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী, পরিবারের লোকজন ৷ সবার সামনে ঘটল অঘটন ৷

Published : February 25, 2026 at 8:50 PM IST
বক্সার, 25 ফেব্রুয়ারি: প্রেমের ভয়ঙ্কর পরিণতি ! বিয়ের মঞ্চে প্রেমিকাকে গুলি করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে ৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারে চৌসা থানা এলাকায় ৷ গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত ৷ তাকে এখনও ধরতে পারেনি পুলিশ ৷
বিয়ে বাড়িতে তখন সবাই আনন্দে মশগুল ৷ মঞ্চে বর ও বধূকে ঘিরে চলছে আচার পালন ৷ কনে আরতি কুমারী বরকে মালা পরাবেন ৷ তার প্রস্তুতি চলছে ৷ হঠাৎ পিছন দিক থেকে কেউ একজন এসে আরতি কুমারীর পেটের কাছে গুলি করে চলে যায় ৷ বিয়ের মঞ্চেই লুটিয়ে পড়েন কনে ৷ পরে আরতি কুমারী জানান, যে গুলি করেছে সে তাঁর প্রেমিক ৷
বক্সারের ডিএসপি গৌরব পাণ্ডে বলেন, "রাত 12টার সময় বিয়ের অনুষ্ঠানে বরমাল্য বদলের সময় কনেকে নিশানা করে গুলি চালানো হয় ৷ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে ৷ তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷"
চৌসার অতিরিক্ত এসএইচও চন্দন কুমার বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনাটি প্রেমের সম্পর্কের ৷ আরতি তখন বিয়ের মঞ্চে ৷ তাঁর পাশেই তাঁর বর দাঁড়িয়ে ৷ হঠাৎ তাঁকে গুলি করে চলে যায় অভিযুক্ত ৷" তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ৷ পুলিশ বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্তের নাম দীনবন্ধু ৷ সে আরতির প্রতিবেশী ৷
ঘটনার পরপরই জখম আরতি কুমারীকে বক্সারের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা সঙ্কটজনক ৷ তাই তাঁকে বারাণসীতে স্থানান্তরিত করা হয়েছে ৷ সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন ৷ পরিবারের লোকজনের অভিযোগ, অভিযুক্ত দীনবন্ধু আরতিকে পছন্দ করত ৷ কিন্তু সেটা একতরফা ছিল ৷ এর আগে সে এই বিয়েতে বাধা দেওয়ার হুমকি দিয়েছিল ৷
স্থানীয় সূত্রে খবর, উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে বিহারের চৌসাতে বিয়ে করতে এসেছিল বর ৷ রীতি আচার মেনে বিয়ের প্রস্তুতি চলছিল ৷ বরমাল্য বদলের জন্য কনে মঞ্চে আসে ৷ তখনই উপস্থিত অতিথিদের মধ্যে দিয়ে কনের কাছে পৌঁছে দ্রুত তাঁকে গুলি করে প্রেমিক দীনবন্ধু ৷ কারও কিছু বোঝবার আগেই সে পালিয়ে যায় ৷

