ETV Bharat / bharat

বিহারের হাসপাতালের রিকভারি রুমে রাজ্যের ল্যাব কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বিহারের দারভাঙায় একটি বেসরকারি হাসপাতালের রিকভারি রুম থেকে এক ল্যাব কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৷ মৃত ব্য়ক্তি পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷

Dead Body Found
বিহারের বেসরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গের ল্যাব টেকনিশিয়ানের দেহ উদ্ধার (ছবি: ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 9:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দারভাঙা, 27 অগস্ট: বেসরকারি হাসপাতালের রিকভারি রুম থেকে উদ্ধার হল এক ল্যাব টেকনিশিয়ানের দেহ, যিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ ঘটনাটি বিহারের দারভাঙা জেলার লাহেরিয়াসরাই থানা এলাকার ৷ মৃত ব্যক্তির নাম মনোজ ওরাওঁ (24) ৷ তিনি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা এলাকার ছাদিবীরা গ্রামের বাসিন্দা রতিরাও ওরাওঁয়ের ছেলে ৷

বৃহস্পতিবার ভোরে রহমগঞ্জের ওই বেসরকারি হাসপাতালের রিকভারি রুম থেকে ওই ল্যাব কর্মীর মৃতদেহ সন্দেহজনক অবস্থায় উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ৷ একটি এফএসএল (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) দলও ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ৷ জানা গিয়েছে, মনোজ গত ছয়-সাত মাস ধরে ওই হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন ৷

ঘটনার খবর পেয়ে সদর এসডিপিও-2 এসকে সুমন ঘটনাস্থলে পৌঁছান ৷ তিনি জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে ৷ ফুটেজে দেখা গিয়েছে, বুধবার রাত 11টার দিকে মনোজ রিকভারি রুমে প্রবেশ করছেন ৷ ওই সময় থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্য কাউকে ওই ঘরে প্রবেশ করতে দেখা যায়নি ৷ সকালে এক সাফাইকর্মী ঘরে ঢুকে মনোজের মৃতদেহ দেখতে পান ৷

দারভাঙার এসডিপিও-2 এস কে সুমন বলেন, "প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে, ল্যাব টেকনিশিয়ানের মৃত্যুর ঘটনায় অন্য কেউ জড়িত নয় ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তিনি রাত 11টার দিকে রিকভারি রুমে প্রবেশ করেছিলেন এবং সারা রাতে অন্য কেউ সেখানে ঢোকেননি ৷ সকালে একজন সাফাইকর্মী মৃতদেহটি দেখতে পান এবং বিষয়টি জানান ৷ পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ৷"

এসডিপিও-2 এসকে সুমন আরও জানান, এফএসএল দল ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ৷ ময়নাতদন্তের সময় রক্তের নমুনাও সংগ্রহ করে বিশ্লেষণের জন্য পাঠানো হবে ৷ তিনি উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনায় অন্য কোনও ব্যক্তির জড়িত থাকার সূত্র পাওয়া যায়নি ৷ তবে পুলিশ সব সম্ভাবনা খতিয়ে দেখে তদন্ত করছে ৷