'এবার বাংলার পালা', বিহারের ট্রেন্ড দেখেই মমতা বিদায়ের ডাক গিরিরাজের
সকাল আটটা থেকে শুরু হয়েছে বিহারের ভোটগণনা ৷ আর ভোট গণনার আর্লি ট্রেন্ড দেখেই চাঙ্গা বিজেপি তথা এনডিএ শিবির ৷

Published : November 14, 2025 at 11:33 AM IST
|Updated : November 14, 2025 at 11:44 AM IST
পটনা, 14 নভেম্বর: বিহারে ভোট গণনার 'আর্লি ট্রেন্ড' দেখেই চাঙ্গা বিজেপি তথা এনডিএ শিবির ৷ গণনার ট্রেন্ড অনুযায়ী এনডিএ সরকার গড়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ আর এই আবহেই এবার বাংলা জয়ের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ৷
সকাল আটটা থেকে শুরু হয়েছে বিহারের ভোট গণনা ৷ আর গণনার তিন ঘণ্টার মাথাতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তৃণমূলকে নিশানা করে হুঙ্কার দিলেন বিজেপি নেতা গিরিরাজ সিং ৷ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিহার জয়ের পর বিজেপি'র টার্গেট বাংলা ৷ এদিন গিরিরাজ বলেন, "বিহারে আমাদের জয় হবে ৷ বাংলার দিদি, এরপর বাংলার পালা ৷ কারণ ওখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে ৷ সরকারের পরিবর্তন করতে হবে ৷"
শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগণনা ৷ 11টার হিসেব অনুযায়ী 176টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট এবং 62টি আসনে এগিয়ে বিরোধীরা ৷ বিহারের এখনও পর্যন্ত যা ট্রেন্ডে তাতে আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে গেরুয়া শিবিরের। এরপরই মুখ খুলতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব ৷ বিরোধী আরজেডি বা কংগ্রেস তো বটেই বাংলার শাসকদল তৃণমূলকেও নিশানা করেছে বিজেপি নেতারা ৷ যদিও এর পাল্টা এসেছে তৃণমূলের তরফেও ৷
#WATCH | Delhi: #BiharElection2025 | Union Minister Giriraj Singh says, " ...bihar ki jeet hamari hai, bengal wali didi agli baari bengal ki hai kyuki waha bhi rohingya-bangladeshi ghuspaithiyo ko nikaalna hai..." pic.twitter.com/BAUpCuXlvo
— ANI (@ANI) November 14, 2025
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, "বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখানে শীত-গ্রীষ্ম-বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ই ভরসা। বিহার-সহ বহু রাজ্য তাঁর উন্নয়নের মডেলকে অনুসরণ করছে। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।"
একই সঙ্গে কুণাল লিখেছেন, "ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন। কংগ্রেস যে বিজেপি বিরোধিতায় ব্যর্থ, সেটা আবার প্রমাণিত ৷ বাংলায় SIR ও আনুষঙ্গিক বিষয়ে বিজেপি ও জাতীয় নির্বাচন কমিশনের চক্রান্ত থাকবে। এজেন্সি ও কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার হবে। এর বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে। মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগে বিজেপি'র সব চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল।"
বিহার। এখনও পর্যন্ত।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 14, 2025
1) ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। 250+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী।
2) কংগ্রেস যে বিজেপিবিরোধিতায় ব্যর্থ, সেটা আবার প্রমাণিত এবং…
এদিন গিরিরাজ সিং বিহারের প্রসঙ্গে বলেন, "লালু যাদব নিজেকে গরিবের 'মসিহা' বলেছিলেন ৷ কিন্তু শেষে কী দেখা গেল ? ওর পরিবার লাভবান হয়েছে ৷ মহিলাদের জন্য নরেন্দ্র মোদি এবং নীতীশ কুমার 'লাখপতি দিদি' ও অন্যান্য প্রকল্প ঘোষণা করেছে ৷ আর তাতে মোদি-নীতীশে ভরসা করেছেন বিহারের মহিলারা ৷" একই সঙ্গে তিনি বলেন, "আমি প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে বিহারে আমাদের বিশাল জয় হবে। বিহারের মানুষ সবসময়ই এই সরকারের প্রতি এত উৎসাহী ছিল, তাতে অনুমান করা সহজ হয়েছিল। বিহারের মানুষ শান্তি, ন্যায়বিচার এবং উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে ৷"
অন্যদিকে, কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর এদিন অভিযোগ করেছেন যে, বিরোধী দলকে সমর্থনকারী ভোটারদের ভোট মুছে ফেলা হয়েছে ৷ তিনি সাফ জানিয়েছেন, খেলার ক্ষেত্র অসম হলে গণতন্ত্র টিকতে পারে না। ঠাকুর এক্স হ্যান্ডেলে পোস্টে লিখেছেন, "65 লক্ষ ভোটারকে মুছে ফেলা হয়েছে ৷ এখানে বেশিরভাগই বিরোধী দলের ভোটার ৷ তখন ফলাফলের দিন আপনি কী আশা করবেন ? খেলা শুরু হওয়ার আগেই খেলার ক্ষেত্রটি যদি অসম হয়ে পড়ে তবে গণতন্ত্র টিকতে পারে না ৷"

