নয়া বিতর্কে নীতীশ, চিকিৎসকের হিজাব টেনে খুলে দিলেন মুখ্যমন্ত্রী
হিজাব টেনে খোলার ভিডিয়ো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিরোধী আরজেডি ৷ এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিহারের 10 বারের মুখ্য়মন্ত্রী ৷

Published : December 15, 2025 at 9:03 PM IST
পটনা, 15 ডিসেম্বর: আবারও বিতর্কে বিহারের 10 বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ মহিলা আয়ূষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সময় হিজাব টেনে খুলে দিলেন মুখ্যমন্ত্রী ৷ সোমবারের এই ঘটনার ভিডিয়ো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিরোধী আরজেডি ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
এদিন নিজের সচিবালয়ে আয়ূষ থেকে শুরু হোমিওপ্যাথিক চিকিৎসকদের হাতে নিয়োগ পত্র তুলে দেন নীতীশ ৷ 685 জন আয়ূষ চিকিৎসকের পাশাপাশি মোট 1 হাজার চিকিৎসক এদিন নিয়োগ পত্র পেলেন ৷ তার মধ্য়ে 10 জনকে এদিন অনুষ্ঠানে ডাকা হয়েছিল ৷ বাকিরা অনলাইনে নিয়োগপত্র পেয়েছেন ৷
यह क्या हो गया है नीतीश जी को?
— Rashtriya Janata Dal (@RJDforIndia) December 15, 2025
मानसिक स्थिति बिल्कुल ही अब दयनीय स्थिति में पहुंच चुकी है या नीतीश बाबू अब 100% संघी हो चुके हैं?@yadavtejashwi #RJD #bihar #TejashwiYadav pic.twitter.com/vRyqUaKhwm
এই দশ জনের মধ্যে ছিলেন কয়েকজন মহিলাও ৷ তাঁদেরই একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র নিতে যান ৷ আচমকাই তাঁর মুখে থাকা হিজাব খুলে দেন নীতীশ ৷ ঘটনায় অবাক হয়ে যান চিকিৎসক ৷ তাঁকে হতভম্ভ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ এরপর ঘটনাস্থলে হাজির প্রশাসনের কর্তারা মহিলা চিকিৎসককে অন্যত্র সরিয়ে নিয়ে যান ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় মুখ্যমন্ত্রীর পাশে থাকা উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও দেখা গিয়েছে ৷ তিনি নীতীশের পাঞ্জাবির হাতা ধরে টানছিলেন ৷ অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রীকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলছিলেন সম্রাট ৷

সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার নীতীশের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য় নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ প্রশান্ত কিশোর থেকে শুরু করে আরজেডি নেতারা এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ৷ যদিও ফলাফলে কোনও সমালোচনারই বিন্দুমাত্র প্রভাব পড়েনি ৷ বিরাট জয় পেয়েছে এনডিএ ৷ গতবারে চেয়ে অনেক বেশি আসন পেয়েছে নীতীশের জেডিইউ ৷
বিহারের অতিপিছিয়ে পড়া শ্রেণির 'মাসিহা' হিসেবে রাজনৈতিক মহলে জনপ্রিয় নীতীশের বিতর্কে জড়ানোর ইতিহাস সুদীর্ঘ ৷ চলতি বছরের মার্চ মাসে পটনার একটি অনুষ্ঠানে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননার করার মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ দায়ের হয় মামলাও ৷ পটনার ওই অনুষ্ঠানে আরও কয়েকজন নেতা-মন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিককে নিয়ে অংশ নেন নীতীশ ৷

অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দেখা যায় নীতীশ তাঁর এক পরিচিতকে কাছে ডেকে হেসে হেসে কথা বলছেন ৷এরপর এক আইনজীবী নীতীশের নামে মামলা করেন ৷ তাঁর দাবি মুখ্যমন্ত্রীর আচরণ শুধু অশোভন নয়, জাতীয় সঙ্গীতের অবমাননাও বটে ৷ এমতাবস্থায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ৷ এছাড়া গতবার সরকারে থাকার সময় আরজেডি-র এক মহিলা বিধায়ককে লক্ষ্য করে নীতীশ বলেছিলেন, "আপনি একজন মহিলা, কিছুই জানেন না আপনি ৷ চুপ করে বসুন ৷ আমার কথা শুনন ৷" এবার চিকিৎসকের হিজাব খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী ৷

